
পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং শিশু-কিশোরদের কুরআন মুখস্থ করার প্রতি উৎসাহিত করতে উত্তরায় একটি বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তুরাগ, উত্তরা, দক্ষিণখান, উত্তরখান ও বিমানবন্দর থানা এলাকা থেকে প্রায় এক হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রকল্প পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসীর সভাপতিত্বে এবং প্রতিযোগিতার পরিচালক মাওলানা এ এম এম কামালুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। এ ছাড়া অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, আল-কুরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে সবচেয়ে বেশি সম্মান পাবেন আমাদের হাফেজে কুরআন ও ওলামায়ে কেরাম। আমরা শিশুদের মধ্যে কুরআন মুখস্থ করার উৎসাহ এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে চাই। এ আয়োজনের পৃষ্ঠপোষকতার জন্য তিনি মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন নেতৃত্ব প্রত্যাশা করেন যারা মাদক, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কথা বলবেন এবং এগুলো নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জামাল উদ্দিন, মাহবুবুল আলম, ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু বকর সিদ্দিক। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের মাহফুজুর রহমান, ৫৪ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম এবং ৪৮ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম। প্রতিযোগিতার বিচারকার্যের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ও হাফেজ মাওলানা আবু তাহের গুলজারসহ মোট ২৮ জন বিচারক।
কুরআনের প্রতি শিশু-কিশোরদের ভালোবাসা তৈরি, হিফজে উৎসাহ দেওয়া এবং একটি কুরআনভিত্তিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়েই এই আয়োজন সম্পন্ন হয়। এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে উত্তরার এই হিফজুল কোরআন প্রতিযোগিতা যেন কুরআনের আলোয় আলোকিত আগামী বাংলাদেশেরই এক প্রত্যাশার বার্তা।