
ফরিদপুরের বোয়ালমারীতে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ মো. নান্নু বিশ্বাস ও তার মেয়ে সুরাইয়া বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পৌর সদরের চৌরাস্তার স্বাধীনতা স্তম্ভ চত্বরসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, নান্নু বিশ্বাসের চায়ের দোকানটিকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলত। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রধান অভিযুক্ত নান্নু বিশ্বাসের বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত একটি মামলা রয়েছে এবং তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের ফরিদপুরের বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এই মাদক কারবারের সাথে আর কেউ জড়িত আছে কি না এবং ইয়াবাগুলোর উৎস কোথায়, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।