
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৮: ৪৯
মাদক নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য পেতে হলে সবার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালাতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। তার মতে, বাহিনীর কিছু অসাধু সদস্য নিজেরাই মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়ায় তাদের দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়।
সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ আয়োজিত পরিচিতি ও ‘মাদকমুক্ত দেশ গড়ো, যুবসমাজকে রক্ষা করো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের সমস্যাগুলো আগে চিহ্নিত করে মাদকব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা জরুরি। এজন্য কক্সবাজারের সমুদ্রপথ, মিয়ানমার সীমান্ত, রাজশাহীর গোদাগাড়ী, লালমনিরহাটের বুড়িমারী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তসহ মাদক প্রবেশের রুটগুলো চিহ্নিত করে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণে সরকারের সাম্প্রতিক উদ্যোগের কথা তুলে ধরে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের সভায় মাদকের উৎস ও বিস্তার রোধের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সীমান্ত পথগুলো বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি নিবিড়ভাবে কাজ করছে।
মাদকের ভয়াবহতা রোধে পরিবার ও সমাজের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে জয়নুল আবেদীন বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সে বিষয়ে মা-বাবাকে সার্বক্ষণিক নজর রাখতে হবে। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তরুণদের একটি অংশ ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে এবং এতে অনেক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক পরিবেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশ পরিচালনার পরিকল্পনায় মাদক নিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক অঙ্গন পুনর্গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সরকার, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের নেতাসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন