• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [gtranslate]

অক্টোবর-নভেম্বরেই কেন বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৩: ২৭

২০০৭ সালের ১৫ নভেম্বর। প্রায় দুই দশক আগে বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলীয় অঞ্চলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। ঘণ্টায় ২২৩ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসে বহু মানুষের প্রাণহানি ঘটে। অসংখ্য মানুষ ও গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়। রেডক্রসের হিসাবে, এই ঝড়ে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তবে সরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা ছিল ৬ হাজার।

এর আগে ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হানে ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড়। ঘণ্টায় ২২৪ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঝড়ে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়। আর ২০১৯ সালের ১০ নভেম্বর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। এতে প্রাণহানি তুলনামূলক কম হলেও উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এই তিনটি ঘূর্ণিঝড় ছাড়াও বাংলাদেশ ও ভারতের উপকূলে নিয়মিত আঘাত হানছে বিভিন্ন ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিশ্লেষণ করে আবহাওয়াবিদেরা বলছেন, বাংলাদেশে সাধারণত এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর—এই দুই সময়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে। তবে পরিসংখ্যান অনুযায়ী, বছরের অন্যান্য মাসের তুলনায় অক্টোবর ও নভেম্বর মাসে এই উপকূলে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি।

আবহাওয়াবিদদের মতে, অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকে। এ সময় সাগরে পর্যাপ্ত জলীয়বাষ্প ও গভীর উষ্ণ পানি থাকায় ঘূর্ণিঝড় শক্তি পায়। এ কারণে এই দুই মাসে বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা বেশি থাকে। এপ্রিল-মে মাসেও প্রায় একই কারণে বছরের অন্য সময়ের তুলনায় বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।

চলতি নভেম্বরের শুরুতেও বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মুরাসু ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছিল। বর্তমানে বঙ্গোপসাগরে আরেকটি প্রবল ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

অক্টোবর-নভেম্বরে আঘাত হানা কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড়

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয় ১৯৭০ সালের ঘূর্ণিঝড়কে। ওই বছরের ১২ নভেম্বর আঘাত হানা ঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে ভোলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। একের পর এক জনপদ মাটির সঙ্গে মিশে যায়। তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যান হাজার হাজার মানুষ। তাদের অনেকেরই পরে আর খোঁজ পাওয়া যায়নি।

গত দুই দশকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করা হলেও এর আগে এমন প্রচলন ছিল না। ভোলায় আঘাত হানা ওই সামুদ্রিক ঝড় ‘দ্য গ্রেট ভোলা সাইক্লোন’ নামে পরিচিতি পায়। বিশ্ব আবহাওয়া সংস্থা এটিকে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করেছিল।

ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৪ কিলোমিটার। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ১০ থেকে ৩৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছিল। ভোলা ঘূর্ণিঝড়ে কত মানুষের মৃত্যু হয়েছিল, তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। ধারণা করা হয়, ওই ঝড়ে তিন থেকে পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

এরপর ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় জেলা বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠিতে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। ঘণ্টায় ২২৩ কিলোমিটার গতিতে আঘাত হানা এই ঝড়ের প্রভাবে ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। এতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হন। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারান। বনভূমি ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক মানুষ পরিবার-পরিজন ও ঘরবাড়ি হারিয়ে দিনের পর দিন ঝুপড়িতে বসবাস করতে বাধ্য হন।

২০১৯ সালের ১০ নভেম্বর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে প্রথমে ভারতে এবং পরে বাংলাদেশের সুন্দরবন এলাকায় আঘাত করে ঝড়টি। সাতক্ষীরা ও খুলনা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ঝড়ে সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও লোকালয়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ তুলনামূলক কম ছিল।

২০২২ সালের ২৪ অক্টোবর রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। পটুয়াখালীর রাঙ্গাবালী-সংলগ্ন এলাকা দিয়ে ঝড়টি উপকূল অতিক্রম করে। এতে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন লাখ লাখ মানুষ। সিত্রাংয়ে বাংলাদেশের ১৪টি জেলায় অন্তত ৩৫ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল।

এরপর ২০২৩ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালীতে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। এই ঝড়েও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে।

এ ছাড়া গত অর্ধশতাব্দীতে বাংলাদেশের উপকূলে আঘাত হানা অধিকাংশ ঘূর্ণিঝড়ই অক্টোবর ও নভেম্বর মাসে সৃষ্টি হয়েছে।

এই দুই মাসে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কী?

বঙ্গোপসাগর উপকূলে মূলত দুটি মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি থাকে। একটি এপ্রিল-মে মাসে, অন্যটি অক্টোবর-নভেম্বরে। তবে অক্টোবর ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়।

আবহাওয়াবিদদের মতে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর-নভেম্বরের দিকে সমুদ্রের উষ্ণতা ও বাতাসের আর্দ্রতা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকে। এ ছাড়া আরও কয়েকটি প্রাকৃতিক কারণে এ সময় ঘূর্ণিঝড় তৈরির পরিবেশ সৃষ্টি হয়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় তৈরি হয়, সেগুলোর তীব্রতা অনেক বেশি হতে পারে। কখনো কখনো এসব ঝড় ‘সিভিয়ার সাইক্লোন’, আবার কখনো ‘সুপার সাইক্লোনে’ রূপ নেয়।

আবহাওয়াবিদদের মতে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরের পানিতে জমে থাকা তাপের কারণে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকে। এ সময় বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণও বেশি থাকে। এর পাশাপাশি বায়ুপ্রবাহের উল্লম্ব তারতম্য কম থাকায় সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিবেশ পায়।

আবুল কালাম মল্লিক বলেন, ‘বঙ্গোপসাগরে সূর্যের তাপ সরাসরি পড়ে এবং সমুদ্রের পানি পর্যাপ্ত উষ্ণ থাকে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যখন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। কারণ, উষ্ণ সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প তৈরি হয়, যা ঘূর্ণিঝড়ের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে।’

তবে এমন পরিস্থিতি তৈরি হলেই যে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, বিষয়টি এমন নয় বলেও উল্লেখ করেন তিনি।

আবহাওয়াবিদেরা অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড় সৃষ্টির পেছনে দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রথমত, এ সময় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য উপযোগী থাকে। সাধারণত সমুদ্রের পানির তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়। ঘূর্ণিঝড় তৈরির জন্য এটি অনুকূল পরিবেশ তৈরি করে।

দ্বিতীয়ত, এ সময় সমুদ্রের পানির গভীরেও প্রচুর তাপ জমা থাকে। এই সঞ্চিত তাপ ঘূর্ণিঝড়কে শক্তি জোগাতে সাহায্য করে।

আবুল কালাম মল্লিক বলেন, ‘এ সময় বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়। এই জলীয়বাষ্প ঘূর্ণিঝড় তৈরির অন্যতম প্রধান জ্বালানি বা শক্তির উৎস।’

এ ছাড়া বায়ুপ্রবাহের উল্লম্ব তারতম্যও ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবহাওয়াবিদদের মতে, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বাতাস এবং ওপরের বায়ুমণ্ডলে বাতাসের গতিবেগ ও দিকের মধ্যে যে পার্থক্য থাকে, তাকে উল্লম্ব বায়ুপ্রবাহের পরিবর্তন বলা হয়।

নভেম্বর মাসে এই পার্থক্য তুলনামূলকভাবে কমে আসে। ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে ওঠা বাতাসের ঘূর্ণন ও মেঘের কাঠামো সহজে ছড়িয়ে পড়ে না। এতে ঘূর্ণিঝড় তৈরি ও শক্তিশালী হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়।

আবুল কালাম মল্লিক বলেন, ‘এই সবগুলো পরিস্থিতি একসঙ্গে অনুকূল হওয়ায় অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সুযোগ পায়।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!