• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কথিত ইসলামি জঙ্গি দলের উত্থান যেভাবে জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে মৎস্য প্রজনন কেন্দ্র ছোট পর্দায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টির সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ রিয়াদসহ সৌদির কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি নতুন যুদ্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান ‘চীন নিয়ে নেবে’, বিদেশে ডেটা সেন্টার নির্মাণ না করতে হুঁশিয়ারি ট্রাম্পের ইউরেনিয়াম নিয়ে আলোচনায় রাজি ইরান, তবে মজুত দেশের বাইরে নয়: আরাগচি কম জমিতে একাধিক ফসল, বাড়তি আয় কৃষকের বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ধস রোহিঙ্গা গণহ/ত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড

কথিত ইসলামি জঙ্গি দলের উত্থান যেভাবে

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আবু সুফিয়ান ও ওয়াসিম সিদ্দিকী

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮: ০১ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮: ০৫

নিষিদ্ধ ‘হরকাতুল জিহাদ’ কিংবা ‘জেএমবি’-এর গঠন, উত্থান এবং নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবার জানা থাকলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কথিত অন্য ইসলামি জঙ্গি সংগঠনগুলোর উত্থানের নেপথ্য রহস্য নিয়ে জনমনে গভীর প্রশ্ন রয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে ‘আনসারুল্লাহ বাংলা টিম’, ‘আনসার আল ইসলাম’ বা কথিত ‘নব্য জেএমবি’র মতো নামসর্বস্ব সংগঠনের আড়ালে ইসলামপন্থিদের দমন করার পেছনে খোদ গোয়েন্দা কর্মকর্তাদের সরাসরি জড়িত থাকার প্রমাণ সামনে এসেছে।

সাজানো জঙ্গি মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকা প্রখ্যাত আলেম জসিম উদ্দিন রাহমানীসহ বেশ কয়েকজন ইমলামী ব্যক্তিত্ব অতীতে বারবার এসব সংগঠন তৈরির নেপথ্যে ডিবির ‘নাটক’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের অভিযোগ, মূলত ইসলামপন্থিদের দমনের উদ্দেশ্যেই ডিবি কার্যালয়ের ভেতরে এসব নামসর্বস্ব সংগঠনের জন্ম দেওয়া হয়েছিল। আর এর মূল ক্রীড়নক ছিলেন ডিবির বরখাস্তকৃত প্রধান মনিরুল ইসলাম। তবে জসিম উদ্দিন রাহমানী বা অন্য আলেমদের এই গুরুতর অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব সময়ই নীরবতা পালন করতে দেখা গেছে।

কিন্তু তাদের এই দাবির পক্ষে জোরালো প্রমাণ এসেছে র‍্যাব-১১-এর (বর্তমানে এসআরবি) সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিনের একটি অডিও রেকর্ডে। গ্রেপ্তার হওয়ার আগে এক গুমের ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছিলেন আলেপ। তখন তিনি স্বীকার করেন, ব্লগার অভিজিৎসহ অন্য আরো হত্যাকাণ্ডের পর দীর্ঘ দুই বছর ধরে গোয়েন্দারা প্রকৃত খুনিদের কোনো সূত্র খুঁজে পাননি। নিজেদের ব্যর্থতা ঢাকতে তৎকালীন ডিবিপ্রধান মনিরুল আনসার আল ইসলাম, নব্য জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম নামে কাল্পনিক সংগঠনগুলোকে সামনে আনেন। আমার দেশ-এর কাছে রয়েছে আলেপের সেই চাঞ্চল্যকর অডিও রেকর্ড।

র‍্যাবে থাকাকালে আলেপের বিরুদ্ধে গুম, ভিন্নমত দমন, সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে ফাঁসানো এবং ভুক্তভোগীর স্বজনদের ভয় দেখিয়ে ধর্ষণের মতো গুরুতর ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

সবচেয়ে অবাক করার বিষয় হলো, অতীতে মনিরুলের তৈরি সেই কাল্পনিক নব্য জেএমবির (দাওলাতুল ইসলাম) জন্ম ও বিস্তারের আওয়ামী আমলের গোয়েন্দা কাহিনীই আবার নতুন করে সামনে এনেছে পুলিশ। গত ১৫ অক্টোবর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এই কাল্পনিক সংগঠনটিকে নিষিদ্ধ করার সুপারিশ করে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম আমার দেশকে বলেন, নতুন বাংলাদেশে এক দশক আগের আওয়ামী আমলের পুরোনো গোয়েন্দা বয়ানের ওপর ভিত্তি করে কোনো প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত। তার মতে, মনিরুলের বিরুদ্ধে উগ্রবাদী সংগঠন তৈরি ও পৃষ্ঠপোষকতার অভিযোগ পুরোনো। তাই পুরোনো তথ্যের পুনরাবৃত্তি না করে সাম্প্রতিক ঘটনাগুলোর স্বাধীন যাচাই, বিদেশি যোগাযোগের তথ্য এবং আওয়ামী আমলে কেন এই সংগঠনটি নিষিদ্ধ করা হয়নি, তা স্পষ্ট করা জরুরি। নতুবা এটি রাজনৈতিক বিতর্ক ও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে।

মনিরুলের বক্তব্যই পুরোনো বয়ানের ভিত্তি

নতুন প্রতিবেদনটি বিশ্লেষণে দেখা যায়, এটি মূলত আওয়ামী লীগ আমলের সিটিটিসির দেওয়া পুরোনো তথ্যের ওপর ভিত্তি করে তৈরিÑযেখানে তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমকে কেন্দ্র করে তৈরি আগের বয়ানটিকেই প্রধান ভিত্তি ধরা হয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বোমা বিস্ফোরণ, বিস্ফোরক উদ্ধার ও মন্দিরে হামলার মতো ১৩টি ঘটনার বিবরণ যুক্ত করে ২০১৬ সাল থেকে নব্য জেএমবির সক্রিয়তা ও দেশি-বিদেশি পৃষ্ঠপোষকতায় নাশকতার দাবি করা হয়েছে। তবে প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গিবাদ উসকে দিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ভূমিকা কিংবা প্রতিবেশী দেশের মদতে ভারতে পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুলের সংশ্লিষ্টতার যে জোরালো অভিযোগ রয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা বিশ্লেষণ রাখা হয়নি।

নব্য জেএমবির উৎপত্তি নিয়ে আওয়ামী সরকারের সময়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির (বর্তমানে এসআরইউ) তৎকালীন প্রধান মনিরুল ২০১৭ সালের ৩ মার্চ বলেছিলেন, তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমের যৌথ প্রচেষ্টায় ২০১৩ সালে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। আবুল কাশেমকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারেও একই বক্তব্য দেন মনিরুল। সংগঠনটির জন্ম ও নেতৃত্ব নিয়ে তৎকালীন সিটিটিসির ব্যাখ্যাই দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলোচনায় প্রাধান্য পেয়েছে।

এসআরইউর নতুন প্রতিবেদনেও প্রায় একই ধারাবাহিকতা দেখা যায়। এতে বলা হয়েছে, ২০১৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম আহমেদ চৌধুরী দেশে এসে পুরোনো জেএমবির সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) প্রচারণার তথ্যগুলো অনুবাদ করে নতুন সদস্য সংগ্রহের চেষ্টা চালান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের শেষদিকে চাঁপাইনবাবগঞ্জের জেএমবি নেতা আব্দুস সামাদ আরিফ ও আশিককে সঙ্গে নিয়ে ‘জুনুদ আত-তাওহীদ ওয়াল খিলাফাহ’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। পরে পুরোনো জেএমবির একটি অংশকে নিয়ে নব্য জেএমবি গঠিত হয় । তামিমের সঙ্গে আবুল কাশেমের যোগাযোগ, সাংগঠনিক ভূমিকা এবং পুরোনো জেএমবি সদস্যদের নতুন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিবরণও রয়েছে এতে। তবে এসব তথ্যের বড় অংশই অতীতের তদন্ত ও জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া বলে দাবি করা হয়। নতুন প্রতিবেদনে পুরোনো তথ্যের বাইরে স্বাধীন অনুসন্ধান বা নতুন কোনো প্রমাণের বিস্তারিত উল্লেখ নেই।

তৎকালীন ডিবিপ্রধান মনিরুলের দাবি অনুযায়ী, ২০২০ সালেই নব্য জেএমবির নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছিল। এসআরইউর বর্তমান প্রতিবেদনেও সেই একই সুর প্রতিধ্বনিত হয়েছে। এতে বলা হয়েছে, ২০২০ সালে মোহাম্মদ কামরুল হাসান ওরফে মাহাদি হাসান জন (আবু আব্বাস আল-বাঙ্গালী) সংগঠনটির প্রধান হন এবং তুরস্কে একবার গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হওয়ার পর বর্তমানে বিদেশ থেকে অনলাইনে এটি পরিচালনা করছেন। তবে তার বর্তমান অবস্থান, নেতৃত্ব কতটুকু কার্যকর কিংবা তার সাংগঠনিক নির্দেশনার সপক্ষে প্রতিবেদনে কোনো নতুন বা স্বাধীন প্রমাণ উল্লেখ করা হয়নি।

নব্য জেএমবির অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে ভারতের ভূখণ্ড (পশ্চিমবঙ্গ ও বিহার) ব্যবহারের অভিযোগটি বেশ পুরোনো। ২০১৬ সালের হলি আর্টিসান হামলার তদন্তেও পশ্চিমবঙ্গ বা সীমান্ত দিয়ে আমের ঝুড়ি ও বাজারের ব্যাগে করে অস্ত্র পাচারের তথ্য এসেছিল। তবে তৎকালীন সময়ে মনিরুল জানিয়েছিলেন, কোনো চোরাকারবারি গ্রুপের সহায়তার জোরালো প্রমাণ মেলেনি, বরং বিহারে তৈরি অস্ত্র নিয়ে তদন্ত চলছিল। বর্তমান এসআরইউ প্রতিবেদনেও ভারতের কোনো সরকারি বা গোয়েন্দা সংস্থার সরাসরি ইন্ধনের নতুন কোনো প্রমাণ নেই। ফলে এ বিষয়ে প্রতিবেদনটি মূলত মনিরুলের পুরোনো বক্তব্যেরই কাছাকাছি রয়েছে।

১৩ ঘটনায় নতুন করে উদ্বেগ

এসআরইউর প্রতিবেদনে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত সংঘটিত ১৩টি নাশকতামূলক ঘটনায় নব্য জেএমবির জড়িত থাকার কথা বলা হয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণ ও ১৭ জনকে গ্রেপ্তার, যশোরে অস্ত্র-বোমা উদ্ধার, যাত্রাবাড়ীতে পুলিশ চেকপোস্টে হামলা, কুমিল্লার ইসকন মন্দিরে ককটেল বিস্ফোরণ, ফেনী ও সাভার-আশুলিয়ায় বোমা ও বিস্ফোরক উদ্ধার, মেট্রো স্টেশনের নিচে আইইডি পাওয়া এবং নরসিংদী কারাগার থেকে পালিয়ে আসা আসামিকে গ্রেপ্তার করার মতো চাঞ্চল্যকর ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। তবে এসব ঘটনায় অভিযুক্তদের স্বীকারোক্তি ও আলামত মিললেও এর পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির প্রত্যক্ষ মদত বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো স্পষ্ট তথ্য বা সুনির্দিষ্ট বিশ্লেষণ নেই।

এসআরইউর প্রতিবেদনে নব্য জেএমবির সাংগঠনিক কাঠামোকে মূলত দাওয়াতি ও সামরিক—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এর পাশাপাশি তাদের মিডিয়া, অর্থ, তথ্যপ্রযুক্তি এবং পরিবহন বিভাগ কাজ করার কথা বলা হয়েছে। নারীদের উগ্রবাদে টানতে ‘সিস্টার ডিপার্টমেন্ট’ নামে আলাদা নারী শাখা রয়েছে বলেও উল্লেখ করা হয়। রাজধানী ঢাকা ও সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন জেলায় এই সংগঠনের নেটওয়ার্ক বিস্তৃত বলে জানানো হয়। তাদের অর্থায়নের উৎস হিসেবে ডাকাতি, নিয়মিত চাঁদা সংগ্রহ, অনুদান এবং বিভিন্ন পেশার আড়ালের আয়ের কথা উল্লেখ করা হয়েছে। বিদেশি তহবিলের সুনির্দিষ্ট প্রমাণ না মিললেও কিছু সদস্যের বেতন পাওয়ার তথ্য থেকে দেশি-বিদেশি অনুদানের বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

২০১৭ সালের সুপারিশের পর আবার কেন

তথাকথিত নব্য জেএমবিকে নিষিদ্ধ করার উদ্যোগ নতুন নয়। এর আগে ২০১৭ সালে হাসিনা সরকারের সময়ও সংগঠনটিকে নিষিদ্ধ করার প্রস্তাব পাঠানো হয়েছিল এবং ২০২১ সালে এ নিয়ে আলোচনা হলেও তা আর বাস্তবায়ন করা হয়নি। সে সময় সংগঠনটি গড়ার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুলের মদত ছিল বলে ব্যাপক আলোচনা ছিল।

বর্তমান এসআরইউ প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটি নিষিদ্ধের তালিকায় না থাকায় সন্ত্রাসবিরোধী আইনের যথাযথ প্রয়োগে আইনি জটিলতা হচ্ছে। তাই একে নিষিদ্ধ ঘোষণা করা জরুরি। তবে ২০১৭ সালের সেই প্রস্তাব কেন এত বছর ঝুলে ছিল, আগের তথ্যের সঙ্গে নতুন ১৩টি ঘটনার বিবরণ জুড়ে দিয়ে কেন আবার সুপারিশ করা হলো এবং বর্তমান সংগঠনটির সঙ্গে আগের নব্য জেএমবির আদৌ কোনো মিল আছে কি না, তা গভীরভাবে যাচাই করা প্রয়োজন বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!