
উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০১: ৪৪
জাতীয় সংসদে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এলাকার তরুণ ও কিশোরদের মা-বাবার কাছ থেকে চাঁদা তুলে জমানো টাকায় কিনে দেওয়া পাঞ্জাবি পরে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেন তিনি। এ সময় স্পিকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সংসদে বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত কণ্ঠে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি যে পাঞ্জাবি পরে আজ সংসদে এসেছি, এলাকার কিছু তরুণ-কিশোর তাদের মা-বাবার কাছ থেকে চাঁদা তুলে আমাকে এটি কিনে দিয়েছে। তারা বলেছিল, এই সংসদে আপনি শরিফ ওসমান হাদির বিচারের দাবিতে আরেকবার কথা বলবেন।’
তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া সম্মিলিত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে শহীদ শরিফ ওসমান হাদি যেসব কথা বলে গেছেন, সেগুলোর প্রতিটি লাইন বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। পাঞ্জাবিটি পরে সংসদে আসার সময় তরুণদের চোখের পানি এখনো তার চোখের সামনে ভাসছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার আপনারা নিশ্চিত করবেন। আজ আমার গায়ে থাকা এই পাঞ্জাবি শুধু নয়, লাখো তরুণের আবেগের কথাটিও যেন আমরা বিবেচনায় রাখি।
নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
বক্তব্যের দ্বিতীয় অংশে নিজের নির্বাচনি এলাকা বাউফলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ নদীভাঙনের চিত্র তুলে ধরেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, নদীভাঙনের কারণে বাউফলের ভৌগোলিক আয়তন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নদীভাঙনে শুধু জমিই বিলীন হচ্ছে না, এর সঙ্গে হারিয়ে যাচ্ছে মসজিদ, মন্দির, মক্তব, স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানাসহ মানুষের বসতভিটা এবং জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন।
নদীভাঙনকবলিত বাউফলবাসীকে রক্ষায় জিও ব্লক ও ডাম্পিংয়ের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি। এ বিষয়ে ইতোমধ্যে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং মন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন বলেও সংসদে জানান তিনি।
বাউফলের ধুলিয়া, কালাইয়া, কাছিপাড়া এবং বিচ্ছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপসহ নদীভাঙনকবলিত সব এলাকাকে দ্রুত স্থায়ী বাঁধের আওতায় আনার জন্য পানিসম্পদমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর আহ্বান জানান সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন