
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২: ০২
দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও মেধার দ্যুতি ছড়িয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক ভ্যানচালকের মেধাবী কন্যা তিথি বিশ্বাস। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ অর্জন করার পর পরিবারের আর্থিক অসচ্ছলতা তার উচ্চশিক্ষার পথে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে তিথির সেই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। তিথির পড়াশোনা অব্যাহত রাখতে উচ্চশিক্ষার সহায়ক হিসেবে তাঁকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
তিথি বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তিনি আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। তার বাবা সুখরঞ্জন বিশ্বাস পেশায় একজন সাধারণ ভ্যানচালক। সীমিত আয়ে সংসারের নিত্যদিনের খরচ মেটানোর পাশাপাশি চার মেয়ের পড়াশোনার ব্যয় বহন করা তাঁর পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। ফলে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করলেও উচ্চশিক্ষায় ভর্তি, বইপত্র কেনা ও যাতায়াতের খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছিল পরিবারটি।
তিথির মেধা ও পরিবারের চরম আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসনের এই উদ্যোগ তাঁর উচ্চশিক্ষার স্বপ্নকে এগিয়ে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিথির স্বজনরা।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সহায়তার আবেদনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন মাঝপথে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে জেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক।
তিনি আরও বলেন, একজন ভ্যানচালকের মেয়ের জিপিএ-৫ অর্জন এবং তার উচ্চশিক্ষায় জেলা প্রশাসনের এই সহযোগিতা সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। মেধা যেন কখনোই দারিদ্র্যের কাছে হার না মানে—এই প্রত্যাশা নিয়েই তিথির মতো অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন