• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, প্রতিবাদ খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু রাজধানীতে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২ অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলসহ সারাদেশে চার দিন ঝরবে বৃষ্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, প্রক্টরকে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে

ব্রেক্সিটের ব্যর্থতা স্বীকার, ইইউর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাজ্য

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০: ১৯

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত যুক্তরাজ্যের জন্য প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। বৈশ্বিক বিচ্ছিন্নতাবাদ মোকাবিলায় ইইউর সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

তার মতে, গত ১০ বছরে যুক্তরাজ্য যা অর্জন করেছে, তার চেয়ে হারিয়েছে বেশি।

সোমবার লন্ডনে লর্ড মেয়রস ভোজসভায় দেওয়া ভাষণে বার্নহ্যাম ব্রেক্সিটের ফলাফলকে ডেনিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘সম্রাটের নতুন পোশাক’-এর সঙ্গে তুলনা করেন। ওই গল্পে সবাই বুঝতে পারে সম্রাটের গায়ে কোনো পোশাক নেই, কিন্তু কেউ তাকে সত্য কথাটি বলতে সাহস পায় না।

বার্নহ্যাম বলেন, ‘আমি যা দেখি, তা-ই বলার চেষ্টা করি। সত্যি বলতে, গত ১০ বছরে আমরা যা পেয়েছি, তার চেয়ে হারিয়েছি বেশি। আমাদের ওপর চাপিয়ে দেওয়া কঠোর ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য যথেষ্ট ভালো নয়।’

শুক্রবার ব্রাসেলসে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে তার এই মন্তব্য এল। বার্নহ্যাম বলেছেন, এই সম্মেলনের মাধ্যমে এমন কিছু বাস্তব অগ্রগতি সম্ভব, যা দীর্ঘদিন অবহেলিত যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি বলেন, ইইউর সঙ্গে যেকোনো চুক্তিকে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, তা লেবার পার্টির নির্বাচনী ইশতেহার ও নির্ধারিত সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দ্বিতীয়ত, ২০১৬ সালে জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল, তার সঙ্গে মিল রেখে ব্রেক্সিট চুক্তির উন্নতি ঘটাতে হবে। তৃতীয়ত, তাঁর নির্ধারিত ‘মেকারফিল্ড টেস্ট’ উত্তীর্ণ হতে হবে। দীর্ঘদিন অবহেলিত যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনে বাস্তব উন্নতি হচ্ছে কি না, তা যাচাই করাই এই পরীক্ষার উদ্দেশ্য।

২৭ সদস্যের ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইইউ ছাড়ার পক্ষে ২০১৬ সালে গণভোট দেয় যুক্তরাজ্য। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে জোটটি ছাড়ে দেশটি।

আসন্ন সম্মেলনে খাদ্য ও পানীয় পণ্য বাণিজ্য নিয়ে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জ্বালানি ও কার্বন নিঃসরণ বিষয়ে সমঝোতা এবং যুক্তরাজ্য ও ইইউর মধ্যে তরুণদের নির্দিষ্ট সময়ের জন্য কাজের সুযোগ দেওয়ার একটি পরিকল্পনা নিয়েও আলোচনা হবে।

বার্নহ্যাম বলেন, ব্রেক্সিটপন্থি প্রচারের সময় যুক্তরাজ্যের সীমান্ত, আইন ও অর্থনীতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়নি। ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্রেক্সিটের কারণে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে বিভিন্ন হিসাবের কথা উল্লেখ করেন তিনি।

২০১৬ সালের পর থেকে যুক্তরাজ্যে রাজনৈতিক অস্থিরতা চলছে। এই সময়ে বার্নহ্যাম দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত এক দশকের অস্থিরতার অবসান ঘটিয়ে যুক্তরাজ্য আবারও আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করতে চায় বলে জানান তিনি।

বার্নহ্যামের মতে, আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে নেতৃত্ব দেওয়ার ভালো অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। ২০১৬ সালের পর দেশটির অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে লাগতে পারে।

তিনি বলেন, ‘ব্রেক্সিট ছিল বিশ্বজুড়ে বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদের দিকে অগ্রযাত্রার প্রথম ধাপ। আমাদের শত্রুরা ঠিক এটাই চেয়েছিল। রাশিয়া চেয়েছিল ন্যাটোর মধ্যে বিভক্তি তৈরি হোক এবং ইউরোপ দুর্বল হয়ে পড়ুক।’

বার্নহ্যাম জানান, ব্রাসেলস সম্মেলনের পরপরই ইইউর অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করবেন তিনি। তবে তাঁর মুখপাত্র টম ওয়েলস সোমবার বলেছেন, এ বিষয়ে এখনই কোনো কিছু ধরে নেওয়া হচ্ছে না। যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃত্ব থাকবে ব্রিটিশ জনগণের হাতে।

তবে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত ইইউর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা থাকছে। বার্নহ্যামের পূর্বসূরি এবং লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, যুক্তরাজ্য ইইউর শুল্কমুক্ত কাস্টমস ইউনিয়নে পুনরায় যোগ দেবে না। পণ্য, সেবা ও শ্রমিকদের অবাধ চলাচল নিশ্চিত করা একক বাজারেও ফিরবে না দেশটি।

এই প্রতিশ্রুতি থেকে সরে এলে যুক্তরাজ্যে আবারও ব্রেক্সিট নিয়ে রাজনৈতিক বিতর্ক জোরালো হতে পারে। ২০১৬ সালের গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে এবং ৪৮ শতাংশ ভোটার জোটে থাকার পক্ষে মত দিয়েছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!