
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম (১৫৫ দশমিক ৩৫ ভরি), যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর উদ্যোগ নেওয়া হয়। এ সময় গাড়ির চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গাড়িটিতে তল্লাশি চালান।
তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত পাওয়া যায়। কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গাড়িটি আরও ব্যাপকভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স, একটি জাতীয় পরিচয়পত্র এবং নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উদ্ধার করা সব পণ্য ও সামগ্রীর তালিকা তৈরি করেন। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পলাতক গাড়িচালককে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা স্বর্ণের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য চক্রের সদস্যদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।