
দেশের বস্ত্র খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলের মুনাফা এক বছরের ব্যবধানে ৩৮ শতাংশ কমে গেছে। তবে মুনাফা কমলেও শেয়ারধারীদের আগের বছরের মতোই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। গতকাল রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত জুনে শেষ হওয়া ২০২৫–২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তাতে কোম্পানিটির মুনাফা কমে যাওয়ার এই তথ্য উঠে এসেছে।
একই সভা থেকে গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ সোমবার স্কয়ার টেক্সটাইল দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছর শেষে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর স্কয়ার টেক্সটাইল মুনাফা করেছে প্রায় ৮৯ কোটি টাকা। তার আগের অর্থবছরে যার পরিমাণ ছিল প্রায় ১৪৩ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ৫৬ কোটি টাকা বা ৩৮ শতাংশ কমে গেছে।
.
কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছু কারণে গত অর্থবছর শেষে কোম্পানিটির মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। এসব কারণের মধ্যে অন্যতম –গ্যাস–বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হওয়া, আমদানি করা সুতার সঙ্গে দেশে উৎপাদিত সুতার দামের তারতম্য এবং বিশ্ববাজারে বস্ত্রকলের প্রধান কাঁচামাল তুলার দামের উত্থান–পতন। এ কারণে অন্যান্য বস্ত্রকলের মতো স্কয়ার টেক্সটাইলের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, মুনাফা কমলেও আগের বছরের একই হারে লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। তাতে ঘোষিত লভ্যাংশ বাবদ এ বছর কোম্পানিটি বিতরণ করবে প্রায় ৬৩ কোটি টাকা। যার বড় অংশই পাবেন কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকেরা। কারণ, কোম্পানিটির শেয়ারের ৬২ শতাংশই রয়েছে তাঁদের হাতে। ঘোষিত এই লভ্যাংশ বাবদ কোম্পানিটির শেয়ারের ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা পাবেন সাত কোটি টাকার কিছু বেশি।
.
মুনাফা কমে গেলেও কারখানা আধুনিকায়নে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্কয়ার টেক্সটাইল। এ জন্য কোম্পানিটি ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে। গতকালের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারখানা আধুনিকায়ন করা হলে তাতে উৎপাদনক্ষমতা বাড়বে। যার সুফল কোম্পানির আয়ের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।
.
উল্লেখযোগ্য মুনাফা কমে যাওয়ার পরও শেয়ারবাজারে আজ সোমবার কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৪ শতাংশ বা ২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকায়।