• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
  • [gtranslate]

নিরীক্ষায় যুক্ত হচ্ছে দুই আন্তর্জাতিক মান

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২: ২২

দেশের নিরীক্ষা ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থায় নতুন দুটি আন্তর্জাতিক মান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। এর একটি হলো ছোট ও তুলনামূলক কম জটিল প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী নিরীক্ষার জন্য আইএসএ ফর লেস কমপ্লেক্স এনটিটি (আইএসএ ফর এলসিই)। অন্যটি হলো প্রতিষ্ঠানের পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতাসংক্রান্ত প্রতিবেদন যাচাইয়ের জন্য আইএসএসএ ৫০০০। ২০২৭ সালের ১ জানুয়ারি বা পরবর্তী সময়ে শুরু হওয়া হিসাব বছর থেকে বাংলাদেশে মান দুটি প্রয়োগ করা যাবে। ফলে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন ছোট প্রতিষ্ঠানের নিরীক্ষা সহজ হওয়ার পাশাপাশি টেকসই উন্নয়ন প্রতিবেদন যাচাইয়ে আন্তর্জাতিক মান অনুসরণের সুযোগ তৈরি হবে।

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত এফআরসি কাউন্সিলের সভায় অনুষ্ঠিত বৈঠকে এ দুটি মান গ্রহণের অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইএসএ ফর এলসিই ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন ছোট ও কম জটিল প্রতিষ্ঠানের নিরীক্ষায়। অন্যদিকে, কোনো প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন প্রতিবেদন তৈরি করলে সেটির নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে আইএসএসএ ৫০০০ অনুসরণ বাধ্যতামূলক হবে। য

জানতে চাইলে এফআরসির নির্বাহী পরিচালক তারেক কামাল আমার দেশকে বলেন, টেকসই উন্নয়ন প্রতিবেদন তৈরির বিষয়গুলো এখনো বাধ্যতামূলক করা হয়নি। বর্তমানে ব্যাংক, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের কিছু কোম্পানি এটা করছে। আর্থিক প্রতিবেদনের অতিরিক্ত হিসাবে এ ধরনের প্রতিবেদন তৈরি করা হয়। এখন প্রতিবেদনগুলো তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাব মানদণ্ডের এস-১ এবং এস-২ অনুসরণ করে করতে হয়। এখন এসব প্রতিবেদন যদি নিরীক্ষা করতে হয় তাহলে কোন ধরনের ও নিরীক্ষার ক্ষেত্রে আইএসএসএ ৫০০০ অনুসরণ করা বাধ্যতামূলক করা হচ্ছে। অন্যদিকে ছোট প্রতিষ্ঠানের আর্থিক নিরীক্ষার ক্ষেত্রে আইএস ফর এলসিই অনুসরণ করতে হবে। এতে ছোট কোম্পানির নিরীক্ষায় জটিলতা কমবে বলে মন্তব্য করেন তিনি।

কারা তৈরি করছে টেকসই উন্নয়ন প্রতিবেদন

টেকসই উন্নয়ন প্রতিবেদন হলো কোনো প্রতিষ্ঠানের পরিবেশের ওপর প্রভাব, জ্বালানি ও পানির ব্যবহার, কার্বন নিঃসরণ, শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার তথ্য নিয়ে তৈরি প্রতিবেদন।

২০১১ সালে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে টেকসই উন্নয়নসংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশনা দেয়। পরে আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এর আওতায় আনা হয়। ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করে। এর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জলবায়ু ও টেকসই উন্নয়নসংক্রান্ত ঝুঁকি এবং সুযোগের তথ্য প্রকাশ করতে হচ্ছে। ২০২৭ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এ নির্দেশনা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তৈরি পোশাক খাতেও এ কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, সংগঠনটির প্রায় ২,৫০০ সক্রিয় সদস্য কারখানার মধ্যে ৩২৬টি কারখানা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনসংক্রান্ত তথ্য দিয়েছে। এসব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য বিজিএমইএ একটি তথ্যভান্ডারও চালু করেছে।

অর্থাৎ, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রমের তথ্য সংগ্রহ করে বার্ষিক প্রতিবেদন, আলাদা টেকসই উন্নয়ন প্রতিবেদন কিংবা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ছকে প্রকাশ করছে। তবে সব খাত ও প্রতিষ্ঠানের জন্য একই ধরনের প্রতিবেদন তৈরির বাধ্যবাধকতা নেই।

প্রতিবেদনের তথ্য যাচাই করবে নতুন মান

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ডের এস১ ও এস২ অনুযায়ী টেকসই উন্নয়ন প্রতিবেদন তৈরি করে থাকে কোম্পানিগুলো। এ ধরনের প্রতিবেদন তৈরি স্বেচ্ছামূলক। এখন কোনো পোশাক কারখানা যদি প্রতিবেদনে দাবি করে, এক বছরে তাদের কার্বন নিঃসরণ ২০ শতাংশ কমেছে, তাহলে শুধু এ দাবি প্রতিবেদনে প্রকাশ করলেই হবে না। কীভাবে নিঃসরণ কমেছে, তার পক্ষে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের হিসাবসহ প্রয়োজনীয় প্রমাণ যাচাই করতে হবে। একইভাবে পানি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও শ্রমিকদের নিরাপত্তাসংক্রান্ত তথ্যও যাচাইয়ের আওতায় আসতে পারে। আর সেটির নিশ্চয়তা প্রদানে নিরীক্ষা করতে আইএসএসএ ৫০০০ অনুসরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ মান অনুসরণ করে নিরীক্ষক বা নিশ্চয়তা প্রদানকারী এসব তথ্য যাচাই করে মতামত দেবেন। এতে পরিবেশবান্ধব কার্যক্রমের নামে অতিরঞ্জিত বা ভিত্তিহীন দাবি করার সুযোগ কমবে। বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানের তথ্যের গ্রহণযোগ্যতাও বাড়তে পারে।

ছোট প্রতিষ্ঠানের নিরীক্ষায় কমবে সময় ও ব্যয়

ছোট ও কম জটিল প্রতিষ্ঠানের জন্য প্রচলিত নিরীক্ষা মানের সব জটিল প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন হয় না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আইএসএ ফর এলসিইতে নিরীক্ষার জন্য তুলনামূলক সহজ কাঠামো রাখা হয়েছে। ফলে প্রতিষ্ঠানের আকার ও কার্যক্রম অনুযায়ী প্রয়োজনীয় বিষয় যাচাইয়ে গুরুত্ব দিতে পারবেন নিরীক্ষকরা। এতে নিরীক্ষার সময় ও ব্যয় কমবে, তবে নিরীক্ষার গুণগত মান ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকবে। এ সুবিধা কেবল নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রতিষ্ঠানগুলো পাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!