
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২: ৫৫
চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এমএইচ গ্রুপ (ইলিয়াছ ব্রাদার্স)’-এর অফিসে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক জরুরি প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে কিছু দুষ্কৃতকারী আকস্মিকভাবে খাতুনগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান এমএইচ গ্রুপের (ইলিয়াছ ব্রাদার্স) অফিসে ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সংগঠনটি ভবিষ্যতে এ ধরনের মব, লুটপাট, বিশৃঙ্খলা ও অরাজকতামূলক তৎপরতা বরদাশত না করার ঘোষণা দিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, খাতুনগঞ্জ একটি ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। এ ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এর আগে মঙ্গলবার দুপুরে খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ইলিয়াছ ব্রাদার্সের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তানজিল ইসলাম ও অনিক দত্ত নামে দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা দুজনই মহানগর ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছাড়াও ভাঙচুরের ঘটনায় পৃথক মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন