• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু রাজধানীতে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২ অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলসহ সারাদেশে চার দিন ঝরবে বৃষ্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, প্রক্টরকে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পরিবেশ তৈরির আহ্বান জাতিসংঘের

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৪: ৫৭

রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৬তম আসিয়ান-জাতিসংঘ শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন গুতেরেস। তিনি বলেন, প্রায় এক দশক আগে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার পরও রোহিঙ্গারা এখনো ন্যায়বিচার এবং নিরাপদে নিজ দেশে ফেরার উপযুক্ত পরিবেশের অপেক্ষায় রয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্ব।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাদের বড় একটি অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছেন। এ ছাড়া বাংলাদেশে আগে থেকেই আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে শরণার্থী জনগোষ্ঠীর সংখ্যা আরও বড় হয়েছে।

গুতেরেস মিয়ানমারের চলমান সংকট নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। দেশটিতে মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, মিয়ানমারের সংকটের মূল কারণগুলো সমাধান, দেশজুড়ে সহিংসতা বন্ধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠায় জাতিসংঘ আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি।

গুতেরেসের ভাষ্য, মিয়ানমারের জনগণ যেন স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার চর্চা করতে পারেন, সে পরিবেশও নিশ্চিত করতে হবে।

এদিকে সম্মেলনে বিশ্বজুড়ে চলমান সংঘাত, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট ও অর্থনৈতিক চাপ নিয়েও কথা বলেন জাতিসংঘ মহাসচিব। গাজা, ইয়েমেন, ইউক্রেন ও সুদানের সংঘাতের কথা উল্লেখ করে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি আরো বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় উদীয়মান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিগুলোর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন।

সূত্র: প্রেস টিভি ও আনাদোলু এজেন্সি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!