
উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০২: ১১
তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিলেন বাগেরহাটের মোংলা উপজেলার যুবক বাদল ফরাজী। কিন্তু নামের মিলের কারণে হত্যামামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে হারিয়ে ফেলেন জীবনের দীর্ঘ ১৮টি বছর। ভারতের কারাগারে বন্দিজীবন কাটিয়ে দেশে ফিরলেও মুক্তি মেলেনি তার। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চার সপ্তাহ অর্থাৎ ২৮ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ওই দিন রাত ১২টায় তিনি পরিবারের কাছে পৌঁছান।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ১৩ জুলাই মোংলার বাসিন্দা আব্দুল খালেক ফরাজীর ছেলে বাদল ফরাজী পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল তাজমহল দেখা। কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে হত্যামামলার আসামি বাদল সিং হিসেবে আটক করে।
পরিবারের দাবি, যে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছিল, সেই ঘটনার দুই মাস সাত দিন পর তিনি ভারতে প্রবেশ করেন। ফলে ওই হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি স্বজনদের।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজীকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও তার সাজা বহাল রাখেন। ভারতের তিহার কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।
২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। নিজ দেশে ফিরেও মুক্তি না পাওয়ায় দীর্ঘ হয় পরিবারের অপেক্ষা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখার মাধ্যমে তার প্যারোলে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। গত ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তার ভাইয়ের প্যারোলের জন্য আবেদন করেন। পরে ১৬ নভেম্বর চার সপ্তাহের প্যারোল কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানায় মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে ফেরানোর ব্যবস্থা করা হয়।
দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন বাদলের মা। বোন আকলিমা বেগমের প্রত্যাশা, তার ভাইকে যেন আর কখনো কারাগারে ফিরে যেতে না হয়। পরিবারের চাওয়া, সাময়িক এই মুক্তি যেন স্থায়ী মুক্তির পথ তৈরি করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, দীর্ঘ ১৮ বছর পর বাদল ফরাজীর পরিবারের কাছে ফেরার বিষয়টি অত্যন্ত আবেগঘন ও মানবিক। প্যারোলের শর্ত ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হবে। তার স্থায়ী মুক্তির বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার সমাধান হোক, সেটিও প্রত্যাশা করেন তিনি।
তবে বাদল ফরাজীর এই মুক্তি স্থায়ী নয়। ২৮ দিনের প্যারোল শেষে তার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘ ১৮ বছর পর স্বজনদের কাছে ফেরার আনন্দের পাশাপাশি পরিবারের একটাই প্রত্যাশা—বাদল যেন এবার স্থায়ীভাবে মুক্ত জীবনে ফিরতে পারেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন