• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত বিজেপি নেতা নির্বাচনে হারের পর সড়কবাতি খুলে নিলেন সহকারী জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ আসামে ‘অবৈধ বিদেশি’ তকমায় বাঙালিদের পুশব্যাকের চেষ্টা, বিজিবির বাধা দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা প্রমাণিত: সেলিম উদ্দিন এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার আহ্বান গোলাম পরওয়ারের হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান

জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২১: ৫৯

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। রোববার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ সময় তিনি জানান, গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কাজ সফলভাবে শেষ করা গেলে আরো প্রায় ২৭৩ কোটি টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে; সে ক্ষেত্রে মোট অনুদানের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে ড. সাইমুম পারভেজ বলেন, কপ-৩১ চলাকালে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে এ অনুদান নিশ্চিত হয়েছে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো বা প্রায় ৪১০ কোটি টাকা পাওয়া যাবে। তার ভাষ্য অনুযায়ী, নিশ্চিত হওয়া পুরো অর্থই অনুদান, যা বাংলাদেশকে ফেরত দিতে হবে না।

গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কার্যক্রম বাস্তবায়িত হলে অতিরিক্ত ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এই অর্থের ব্যবহার প্রসঙ্গে বিশেষ সহকারী বলেন, সিআইএফের অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে এবং গ্লোবাল শিল্ডের অর্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ব্যয় করা হবে। জলবায়ু বীমা নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোও এ সহায়তার আওতায় আসতে পারবে এবং পুরো কার্যক্রম তদারক করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

জলবায়ু অর্থায়নে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি জানানো হয়েছে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে অর্থায়ন বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে। ড. সাইমুম পারভেজের মতে, বিশ্বজুড়ে জলবায়ু অর্থায়নে অনুদানের অংশ কমে ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ছে; তাই গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অনুদানভিত্তিক অর্থায়নের দাবি তুলেছে এবং প্রয়োজনে সহজ শর্তে ঋণের কথা বলেছে।

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে বিশেষ সহকারী জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরেন, জাতীয় বক্তব্য দেন এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তার মতে, ব্যস্ত কর্মসূচির মধ্যেও প্রধানমন্ত্রীর এই গুরুত্ব দেওয়া প্রাণ ও প্রকৃতি রক্ষায় তার ব্যক্তিগত অঙ্গীকারের প্রতিফলন। সম্মেলনের সময় বাড়ানো হয়েছিল উল্লেখ করে তিনি জানান, দেশে ফেরার সময়ও গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের দরকষাকষি চলছিল।

সবুজ জলবায়ু তহবিল, বৈশ্বিক পরিবেশ তহবিল এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকেও আরও অর্থায়ন নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান ড. সাইমুম পারভেজ। এ ছাড়া ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করা এবং বননির্ভর মানুষের জীবনমান উন্নয়নে জোটের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

প্রতিনিধিদল ও বাংলাদেশ প্যাভিলিয়ন প্রসঙ্গে তিনি বলেন, এবার সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক অংশীদার, তরুণ জলবায়ুকর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এবং অনেকের ব্যয় আন্তর্জাতিক অংশীদার সংস্থা বহন করেছে। তার কাছে বাংলাদেশ প্যাভিলিয়নের ৪০টির বেশি পার্শ্ব-অনুষ্ঠান বেশ প্রাণবন্ত মনে হলেও আগামী সম্মেলনে প্রতিনিধিদল নির্বাচনে কার্যকর অবদান রাখার সক্ষমতাকে আরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

কার্বন ক্রেডিট বিক্রি নিয়ে ড. সাইমুম পারভেজ বলেন, গত সাত-আট মাস ধরে প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ চলছে এবং সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা হয়েছে। লেনদেন চূড়ান্ত হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!