• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ রাণীশংকৈলে একই জমিতে শিম-আদা চাষে ঝুঁকছেন কৃষকরা ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে শত শত মানুষ হ/ত্যার নির্দেশ হাসিনার সুন্দরবন রক্ষায় আন্তর্জাতিক কার্বন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার ২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র হাদি হ/ত্যার বিচার চেয়ে সংসদে কাঁদলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

সুন্দরবন রক্ষায় আন্তর্জাতিক কার্বন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গাজী শাহনেওয়াজ, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৩: ৫৫

সুন্দরবনসহ দেশের উপকূলীয় ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ব্লু কার্বন পর্যবেক্ষণ, নির্ভরযোগ্য কার্বন ক্রেডিট তৈরি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন আকর্ষণে যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচির সঙ্গে ম্যানগ্রোভ সংরক্ষণ ও উপকূলীয় সুরক্ষাকে সমন্বিত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে।

গতকাল মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের পৃথক দুটি অনুষ্ঠানে বাংলাদেশের এসব সম্ভাবনা ও অগ্রাধিকার তুলে ধরেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

ম্যাংগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি ম্যানগ্রোভ পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প তৈরিতে সদস্যদেশগুলোর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় সুরক্ষা, জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন জলোচ্ছ্বাসের প্রভাব কমানোর পাশাপাশি গাছ ও মাটিতে বিপুল পরিমাণ কার্বন সঞ্চয় করে। ফলে ম্যানগ্রোভ সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি জলবায়ু অর্থায়ন ও স্থানীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে।

ড. সাইমুম পারভেজ বলেন, ম্যানগ্রোভ পুনরুদ্ধারের কাজে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি দেশীয় প্রজাতির গাছের নার্সারি গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি পরিচর্যার ব্যবস্থা করতে হবে। এসব কার্যক্রমে নারী ও তরুণদের প্রশিক্ষণ এবং অর্থায়নের সুযোগ নিশ্চিত করা গেলে উপকূলীয় অঞ্চলে সবুজ কর্মসংস্থানও সৃষ্টি হবে।

অ্যালায়েন্সের সদস্যদেশগুলোর মধ্যে তিনটি ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দেন তিনি। এগুলো হলো—ম্যানগ্রোভ পুনরুদ্ধারে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বন পুনরুদ্ধার ও ব্লু কার্বন পরিমাপে অভিন্ন পদ্ধতি তৈরি এবং দুই বা ততোধিক দেশের অংশগ্রহণে অর্থায়নযোগ্য যৌথ প্রকল্প প্রস্তুত করা।

একই দিন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) আয়োজিত ‘রুটেড ইন দ্য ডেল্টা, রাইজিং ফর দ্য ক্লাইমেট’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের কার্বন ক্রেডিট খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন তিনি। এ সময় তিনি জানান, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে ম্যানগ্রোভকে গুরুত্ব দেওয়া হবে। উপকূলীয় ম্যানগ্রোভের গাছ ও মাটিতে সঞ্চিত কার্বন ব্লু কার্বন হিসেবে পরিচিত। যথাযথ বৈজ্ঞানিক পরিমাপ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং স্বাধীন যাচাই নিশ্চিত করা গেলে ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে উচ্চমূল্যের কার্বন ক্রেডিট তৈরির সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, দেশের খাল ও নদী পুনরুদ্ধারের উদ্যোগও জলবায়ু সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন কর্মসূচির মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখা, জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের সুযোগ বাড়ানো সম্ভব। এর সুফল কৃষি, মৎস্যসম্পদ এবং নদীনির্ভর জনগোষ্ঠীর জীবিকায় পড়বে।

কার্বন ক্রেডিটের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বাংলাদেশের প্রণয়নাধীন জাতীয় কার্বন বাজার কাঠামো এবং পরিকল্পিত জাতীয় রেজিস্ট্রির বিষয়টিও তুলে ধরেন তিনি। তার মতে, কার্বন নিঃসরণ হ্রাস বা কার্বন সংরক্ষণের সুফল হতে হবে অতিরিক্ত, দীর্ঘস্থায়ী এবং স্বাধীনভাবে যাচাইযোগ্য। একই সঙ্গে দ্বৈত গণনা প্রতিরোধ এবং কার্বন ক্রেডিট থেকে অর্জিত অর্থের সুফল স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ন্যায্যভাবে বণ্টন নিশ্চিত করা জরুরি।

জলবায়ু অর্থায়নের বিষয়ে ড. সাইমুম পারভেজ জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) আরাইজ কর্মসূচির আওতায় সর্বোচ্চ তিন কোটি মার্কিন ডলার অর্থায়নের লক্ষ্যে বিনিয়োগ পরিকল্পনা তৈরির জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এ পরিকল্পনায় উপকূলীয় সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং জলবায়ু সহনশীল জীবিকাকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। এতে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডব্লিউএমের জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ এম. সামিউন নবী।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের আলোচনায় উঠে আসে, আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে হলে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না; বন ও জলাভূমির দীর্ঘমেয়াদি সংরক্ষণ, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, স্বচ্ছতা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!