
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২১: ৩৩
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম শাহীন। দীর্ঘ প্রায় ২৫ বছর তিনি এই কলেজেই শিক্ষকতা করছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের তথ্য জানানো হয়। একই দিন বিকেলে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
ড. মো. মাহমুদুল ইসলাম শাহীন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি সরকারি বিএম কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের বড় একটি সময় কেটেছে এই প্রতিষ্ঠানেই।
তিনি বলেন, প্রায় ২৫ বছর এই প্রতিষ্ঠানে চাকরি করার পর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য অত্যন্ত আবেগের ও সম্মানের। এ সুযোগের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বিএম কলেজকে আরো উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব বলে জানান নতুন এই অধ্যক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন