
জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ আদালতে যাবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গতকাল তাঁর বিরুদ্ধে এ আদেশ দেন আদালত। এরপর প্রথম আলোর সঙ্গে আলাপে পরীমনি বলেন, ‘কালকে যাব কোর্টে, যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে।’
দীর্ঘ আইনি প্রক্রিয়া তাঁর কাজ ও পারিবারিক জীবনে চাপ তৈরি করছে বলে জানান এ অভিনেত্রী। পাঁচ বছর ধরে বিভিন্ন মামলায় আদালতে যাতায়াতের অভিজ্ঞতা নিয়ে কথার একপর্যায়ে প্রশ্ন রাখেন, ‘এটা কি সারা জীবন চলবে?’
গতকাল নাসির উদ্দিন মাহমুদের করা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত হননি। তাঁর পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সময় চেয়ে আবেদন করেন। আবেদনে জানানো হয়, অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি পরীমনি।
.গ্রেপ্তারি পরোয়ানা জারি: পরীমনি এখন কী করবেন.
আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাঁর জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরীমনির আইনজীবী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশের পর আদালতে যাওয়ার প্রস্তুতির কথা জানান পরীমনি। মামলা ও আদালতে নিয়মিত যাতায়াতের প্রভাব নিয়ে তিনি বলেন, ‘কাজের জায়গায় হচ্ছে, সংসারের জীবনে—সবকিছুর ওপরেই তো একটা চাপ।’ প্রচণ্ড হেনস্তার শিকার হচ্ছেন বলে জানালেন তিনি।
তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পরীমনি। তাঁর অভিযোগ, ঠিকঠাকভাবে তদন্ত হচ্ছে না।
.
এ মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। প্রায় পৌনে দুই বছর পর একই মামলায় আবারও পরোয়ানার মুখোমুখি হলেন এ অভিনেত্রী।
.
মামলাটির সূত্রপাত ২০২১ সালের জুনে ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে। ওই ঘটনায় পরীমনি প্রথমে নাসির উদ্দিন মাহমুদসহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। পরের বছর পরীমনির বিরুদ্ধে আদালতে মামলা করেন নাসির।
.
নাসিরের অভিযোগ, বিনা মূল্যে মদের বোতল দিতে রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালমন্দ করেন এবং গ্লাস ও মুঠোফোন ছুড়ে মারেন। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলেন তিনি। অন্যদিকে একই ঘটনাকে কেন্দ্র করে পরীমনির করা মামলাটিরও বিচার চলছে। ফলে একটি মামলায় তিনি বিচারপ্রার্থী, অন্যটিতে আসামি।
নাসিরের মামলায় ২০২৪ সালের মার্চে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়। পরে আদালতের সমন পেয়ে আত্মসমর্পণ করে জামিন নেন পরীমনি।
.
এর বাইরে ২০২১ সালের আগস্টে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এ অভিনেত্রী। তিন দফায় রিমান্ডের পর জামিন পান তিনি। প্রায় এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেও আইনি প্রক্রিয়া শেষ হয়নি। নিজের করা বোট ক্লাব মামলায় সাক্ষ্য ও জেরা এবং অন্য মামলাগুলোর শুনানি মিলিয়ে আদালতে যাতায়াত অব্যাহত রয়েছে তাঁর।
.কোটি ছাড়িয়ে পূর্ণিমা–পরীমনি, অপু–ফারিয়া ও মিমদের কার কত.‘আমাকে বিয়ে দিতে চান, না চান না’, মজা করে জানতে চাইলেন পরীমনি.
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর ‘মহুয়া সুন্দরী’, ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’; এতে তাঁর সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। গত অক্টোবরে জন্মদিন উপলক্ষে নতুন ছবি ‘ফারজানা’র ঘোষণাও দিয়েছেন পরীমনি। অভিনয়জীবনের নতুন কাজের খবরের পাশাপাশি আবারও আদালতে হাজির হওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে তাঁকে।