• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

কোন পজিশনে খেলবেন হামজা?

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন হামজা চৌধুরী। তার পরিচয় ডিফেন্সিভ মিডফিল্ডার। মিড ফিল্ড পজিশনে অভিজ্ঞ হলেও জাতীয় দলের জার্সি গায়ে হামজা যেন একজন পুরোদস্তুর ‘স্ট্রাইকার’ হয়ে উঠছেন! বিষয়টি তার পরিসংখ্যানেই পরিষ্কার। ২০২৫ সালের মার্চ থেকে বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন হামজা। এর মধ্যে তার নামের পাশে যোগ হয়েছে চারটি গোল ও একটি অ্যাসিস্ট। ঘরের মাঠে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই গোল করেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। ফ্রিকিকসহ নানা পজিশন থেকে গোল করার নৈপুণ্য দেখিয়েছেন তিনি। তাই বাংলাদেশের সমর্থকদের কাছে মিডফিল্ডার পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছেন একজন ‘স্ট্রাইকার’।দীর্ঘদিন ধরে ‘জেনুইন’ একজন স্ট্রাইকারের অভাব বোধ করছে বাংলাদেশ। ‘নাম্বার নাইন’-এর অভাবে বাংলাদেশ কোচ থমাস ডুলি আক্রমণভাগে ডিফেন্ডারকে খেলাচ্ছেন। সাফে গত ম্যাচে ভুটানের বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই কোচ। সেই আলোচিত পজিশনে কি এবার হামজাকে দেখা যেতে পারে? হামজা পেশাদার খেলোয়াড়। মিডফিল্ড পজিশনে খেলতেই অভ্যস্ত তিনি। কোচ চাইলেও ওই পজিশনে খেলতে হামজার রাজি হওয়ার ব্যাপার আছে। কেননা, স্ট্রাইকার পজিশনে খেলতে অভ্যস্ত নন হামজা। মিডফিল্ড পজিশনে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সেখানেই দক্ষতা ও অভিজ্ঞতা তার। এ পজিশন ছেড়ে তার অন্য ভূমিকায় যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ২০০৩ সালের সাফজয়ী স্ট্রাইকার আলফাজ আহমেদ মনে করেন, হামজাকে স্ট্রাইকার হিসেবে খেলানো ঠিক হবে না। তিনি বলেন, ‘হামজা মিডফিল্ডে সেরা। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ব্যর্থ করে মাঠের নিয়ন্ত্রণ যেখান থেকে নেওয়া যায়, হামজাকে সেখানেই খেলানো উচিত। হামজা ফ্রিকিক, কর্নার থেকে গোল করতে পারেন। সুযোগ হাতছাড়া করেন না সত্যি; তবে স্ট্রাইকার হিসেবে খেলতে হলে অভ্যস্ততারও একটা ব্যাপার আছে।’বাংলাদেশ দলের ‘নাম্বার নাইন’ সংকটের সমস্যার সমাধান দিলেন আলফাজ। তিনি বলেন, ‘আমি যদি কোচ হিসেবে দল সাজাতাম, তাহলে রাকিবকে আমি ‘স্ট্রাইকার’ হিসেবে বেছে নিতাম। তাছাড়া গত ম্যাচে ইব্রাহিমও গোল করেছেন। সেও ওই জায়গায় অভিজ্ঞ। তাছাড়া সুকিও আছেন। অনেক অপশন রয়েছে। এখন দেখার বিষয় কোচ কাকে ওই পজিশনে খেলান।’ আলফাজের মতে, হামজা আসায় দলের স্পিড বহুগুণে বেড়ে যাবে। তার কারণেই বাংলাদেশ দলকে নিয়ে প্রতিপক্ষ দলের চিন্তা বেড়ে গেছে। কেননা, হামজাই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। আজ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার বড় দুশ্চিন্তার নাম হবেন হামজা। সেটি আর বলার অপেক্ষা রাখে না। আজ যে পজিশনেই খেলুক না কেন হামজা, শেষ হাসিটা বাংলাদেশই হাসতে চাইবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!