• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

মার্কিন সাইবার নিরাপত্তার নতুন পরিচালক কার্স্টেন ডেভিস

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৯: ১৩

যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের নতুন পরিচালক হিসেবে কার্স্টেন ডেভিসকে নিয়োগ দিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার এ নিয়োগের ঘোষণা আসে। তিনি বিদায়ী পরিচালক শন কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও সরকারি ব্যবস্থায় একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে নতুন পরিচালক নিয়োগের এ ঘোষণা এল।

কার্স্টেন ডেভিস এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার কয়েকজন সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেভিস বলেন, ‘আমাদের দেশ এখন এনালগ, ডিজিটাল ও কোয়ান্টাম প্রযুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমেরিকানদের জীবনযাপন ক্রমেই এসব প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হয়ে পড়ছে।’

তিনি আরো বলেন, ‘আগামী প্রজন্মের জন্য সাইবার জগতে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ আমাদের সামনে রয়েছে। তবে এর জন্য দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভিত্তিকে আধুনিক করতে হবে এবং সেগুলোর স্থিতিশীলতা ও সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি ভবিষ্যতের জন্য দক্ষ সাইবার জনবলও গড়ে তুলতে হবে।’

এদিকে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এসব সমস্যায় যাতায়াতব্যবস্থা ব্যাহত হয়েছে, কর্মক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ব্যাংকিং সেবা সীমিত হয়ে পড়েছে এবং গোপনীয় সরকারি যোগাযোগব্যবস্থাও বিঘ্নিত হয়েছে।

এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের কেউ কেউ প্রশাসনের বিরুদ্ধে জনগণের কাছে মিথ্যা তথ্য দেওয়া কিংবা বিপর্যয়ের প্রকৃত কারণ গোপন করার অভিযোগ তুলেছেন।

গত এক সপ্তাহে মাইক্রোসফট, চেজ ব্যাংক, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিংবা এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য কাজ করেছে—এমন তথ্য নেই বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার তিনি বলেন, এসব প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিংবা কোনো অসৎ পক্ষের সংশ্লিষ্টতার বিষয়ে ‘শূন্য’ তথ্যপ্রমাণ রয়েছে।

এশিয়া সফর শেষে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেরার সময় হোয়াইট হাউস নতুন পরিচালক নিয়োগের ঘোষণা দেয়। তিন দিনের ওই সফরে প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনাগুলোকে তেমন গুরুত্ব দেননি ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘এ ধরনের ঘটনা ঘটতেই পারে।’

নতুন পরিচালক কার্স্টেন ডেভিসকে অভিনন্দন জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তিনি নিজেকে একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক ও পেশাদার হিসেবে প্রমাণ করেছেন। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এগিয়ে নিতে তিনি ভূমিকা রাখবেন বলে আমরা আত্মবিশ্বাসী।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!