
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২০: ১৫ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০: ১৬
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা মুসলমানদের ওপর সামরিক অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একাধিক সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৫ বিচারপতির প্যানেলে এসব সিদ্ধান্তে পক্ষে-বিপক্ষে ভোট পড়েছে বিভিন্ন অনুপাতে।
আইসিজের সিদ্ধান্তগুলো এবং ভোটের হিসাব নিচে তুলে ধরা হলো—
৯-৬ ভোটে: রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।
৯-৬ ভোটে: নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি অন্যান্য ব্যক্তির মাধ্যমে গণহত্যা সংঘটিত হওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
১৪-১ ভোটে: রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেয়নি মিয়ানমার।
১১-৪ ভোটে: গণহত্যা এবং গণহত্যা সনদের ৩ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত অন্যান্য অপরাধের বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে দেশটি।
১৪-১ ভোটে: গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
১৪-১ ভোটে: গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার সনদের ৫ নম্বর অনুচ্ছেদের অধীনে নিজেদের দায়িত্বের চলমান লঙ্ঘন বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে মিয়ানমারকে।
১৩-২ ভোটে: সনদের ৩ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন সব ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্তের পদক্ষেপ নিতে হবে।
৯-৬ ভোটে: গণহত্যা সনদের অধীনে দায়িত্ব লঙ্ঘনের পুনরাবৃত্তি হবে না—এমন নিশ্চয়তা দিতে হবে মিয়ানমারকে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ ঠেকাতেও ব্যবস্থা নিতে হবে।
১০-৫ ভোটে: রায়ে উল্লেখ করা পুনরুদ্ধারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে মিয়ানমারকে।
১০-৫ ভোটে: রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার।
১০-৫ ভোটে: রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকার দেওয়ার পরিমাণ এবং পদ্ধতি নির্ধারণ করবে আইসিজে।
১১-৪ ভোটে: গণহত্যার অভিযোগসংশ্লিষ্ট আলামত ধ্বংস ঠেকানো এবং সেগুলো সংরক্ষণ নিশ্চিত করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন