• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ ৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৯: ৪৮

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথিদের একটি হামলা প্রতিহত করার দাবি করেছে সরকারের সমর্থক বাহিনী। একই সময়ে প্রতিবেশী তায়েজ প্রদেশে হুথিদের শক্তিবৃদ্ধির লক্ষে পাঠানো সেনাদের ওপর বিমান হামলার খবর পাওয়া গেছে। চলমান সংঘাত ও সামরিক উত্তেজনায় গত আগস্ট থেকে দেশটিতে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

শনিবার সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট জায়ান্টস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, লাহিজের আল-মুদারাবা জেলায় হুথিদের একটি আক্রমণ প্রতিহত করেছে তারা। হামলা ব্যর্থ হওয়ার পর হুথি যোদ্ধাদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে বাহিনীটি।

এর আগে শুক্রবার আইওএম জানায়, গত আগস্ট থেকে ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এতে দেশটির আগে থেকেই ভয়াবহ মানবিক সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তায়েজে হুথিদের ওপর বিমান হামলা

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, তায়েজ প্রদেশের আল-শামায়াতাইন জেলার ওয়াদি আল-সাহিয়ায় হুথিদের শক্তিবৃদ্ধির জন্য পাঠানো সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলায় হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হুথিদের পক্ষ থেকেও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনাদোলুর এক সংবাদদাতার তথ্য অনুযায়ী, তায়েজ শহরসহ প্রদেশটির কিছু এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল-মোখা, আল-শামায়াতাইন, আল-মাআফের, জাবাল হাবাশি ও আল-ওয়াজিয়াহর গ্রামীণ এবং উপকূলীয় এলাকায় অগ্রসর হয়েছে হুথিরা। এসব এলাকায় সরকারি বাহিনী কিছুটা পিছু হটেছে। ফলে কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে এখনো লড়াই চলছে।

ইয়েমেনের গুরুত্বপূর্ণ প্রদেশগুলোর একটি তায়েজ। এটি উত্তরাঞ্চলের ইব ও সানা প্রদেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের লাহিজ ও এডেনকে যুক্ত করেছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ আল-মোখা বন্দরও এ প্রদেশে অবস্থিত। দেশটির মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ তায়েজে বসবাস করে।

অন্যদিকে লাহিজ প্রদেশের বেশির ভাগ এলাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। প্রদেশটির উত্তরে ও পশ্চিমে ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন অবস্থিত। এডেনের সঙ্গে অন্যান্য প্রদেশের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কগুলো লাহিজের মধ্য দিয়ে গেছে। এ ছাড়া প্রদেশটির কয়েকটি জেলা বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড্রোনের যন্ত্রাংশের চালান জব্দের দাবি

এদিকে হুথিদের কাছে পাঠানো হচ্ছিল—এমন বিপুল পরিমাণ ড্রোনের যন্ত্রাংশের একটি চালান জব্দ করার দাবি করেছে ইয়েমেনের জরুরি নিরাপত্তা বাহিনী।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, হুথি বিদ্রোহীদের কাছে যাওয়ার পথে চালানটি আটক করা হয়েছে। এ অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তবে কোথায় এবং কখন অভিযানটি পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুদ্ধ আরো জোরদারের ঘোষণা সরকারের

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ‘ডন অব ইয়েমেন’ নামের সামরিক অভিযানের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।

প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির ঘোষণা অনুযায়ী, গত ৫ অক্টোবর শুরু হওয়া এ অভিযানের উদ্দেশ্য হুথিদের নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা এবং রাজধানী সানা পুনর্দখল করা।

গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালির দিকে মুখ করে থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তায়েজ প্রদেশে লড়াই বেড়েছে।

২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান ঘটিয়ে নতুন করে এই সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে দেশটির দীর্ঘদিনের মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয় হুথিরা। পরের বছর ২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। দীর্ঘদিনের এই সংঘাত দেশটির অর্থনীতি, অবকাঠামো ও জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!