
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ৪৩
জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের পেশাজীবী নেতারা। বৃহস্পতিবার রাতে সিলেট নগরের দরগাহ গেট এলাকার একটি হোটেলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আসেন এবং পরবর্তী সময়ে দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন, গণতান্ত্রিক চর্চা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করে দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে এবং অ্যাবের (AAB) কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. জামিল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সংগঠনের সিলেট শাখার সদস্যসচিব অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোজাম্মেল হক।
সভায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. আতাউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন, সাংবাদিক বদরুদ্দোজা বদর, অধ্যাপক ডা. কাজী আক্তার উদ্দিন, অধ্যাপক ফরিদ আহমদ, লেফটেন্যান্ট (অব.) মনিরুল ইসলাম, সিকৃবির শিক্ষক অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত, অধ্যাপক ড. মাসুদুর রহমান, অধ্যাপক ড. জসিমউদদীন আহমেদ, অধ্যাপক ড. কাওছার হোসেন, অধ্যাপক ড. মুক্তার হোসেন, অধ্যাপক ড. আসাদ উদ দৌলা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) আল আসলাম মুমিন, অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ, সহকারী অধ্যাপক সাদেক আহমেদ, কৃষিবিদ গোলাম রাব্বানী ও কৃষিবিদ মেহেদী হাসান রতন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কৃষিবিদ আনোয়ার হোসেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সিকৃবির অধ্যাপক ড. আব্দুল আজিজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন