• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যুদ্ধবিজয়ে রণক্ষেত্রের বাইরেও যা লাগবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

ভবিষ্যতে যুদ্ধবিজয়ে রণক্ষেত্রের বাইরেও যা লাগবে

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৭: ০৭

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে বর্তমান বিশ্বের যুদ্ধগুলোর জন্য এখনো গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। যুদ্ধের ময়দানে জয়লাভের পাশাপাশি প্রযুক্তির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়া, দূরদর্শী নেতৃত্ব গড়ে তোলা, সামরিক উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং সংকটের সময়ে জাতীয় ঐক্য বজায় রাখাও বিজয়ের জন্য অপরিহার্য। ইরান ও ইউক্রেনের যুদ্ধ এবং সামরিক প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহার সেই শিক্ষাগুলোকে নতুন করে সামনে এনেছে।

লেখক ডেভিড ম্যাককালো একবার বলেছিলেন, ‘বিপজ্জনক সময়ে পথ চলার দিকনির্দেশনা দেয় ইতিহাস।’ যুদ্ধ ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে তার কথার গুরুত্ব আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রে ভেটেরান্স ডে উপলক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা পর্যালোচনা করাও বিশেষ তাৎপর্যপূর্ণ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে সামরিক কৌশল ও ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে অন্তত চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।

প্রথম শিক্ষা হলো, প্রযুক্তির পরিবর্তন কত দ্রুত যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংকেত ও গোপন বার্তা বিশ্লেষণ, কোড ভাঙার প্রযুক্তি, রাডার ও সোনারের মতো যুদ্ধক্ষেত্রের নজরদারি ব্যবস্থা সামরিক কৌশলে বড় পরিবর্তন এনেছিল। সে সময়ের এসব প্রযুক্তিগত অগ্রগতিকে বর্তমান যুগের সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত স্যাটেলাইট নজরদারির সঙ্গে তুলনা করা যায়।

একইভাবে যুদ্ধজাহাজের ক্ষেত্রে একসময় প্রাধান্য ছিল যুদ্ধজাহাজের বিশাল কামাননির্ভর শক্তির ওপর। পরে বিমানবাহী রণতরির গুরুত্ব বাড়তে থাকে। বর্তমানে ড্রোনের ব্যাপক ব্যবহার ট্যাংক ও কামানের মতো প্রচলিত সামরিক সরঞ্জামের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

ইউক্রেনের যুদ্ধের শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের মতো কামান, ট্যাংক, পরিখা, স্নাইপার ও সম্মুখযুদ্ধের প্রাধান্য দেখা গেলেও সময়ের সঙ্গে যুদ্ধের ধরন দ্রুত বদলে গেছে। এখন ড্রোন, নজরদারি প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং দূরপাল্লার নির্ভুল হামলা যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বর্তমান সময়েও সামরিক প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও উৎপাদনে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সামরিক নেতৃত্ব ও কমান্ড কাঠামোয় পরিবর্তন এনেছিল। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নৌযুদ্ধে নতুন প্রযুক্তির ব্যবহার পরিচালনার জন্য কমান্ডব্যবস্থায় পরিবর্তন আনা হয়। বর্তমান সময়েও পেন্টাগনের নেওয়া একটি উদ্যোগ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। সামরিক বাহিনীর রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এবং চালকবিহীন যুদ্ধব্যবস্থা পরিচালনার জন্য নতুন ‘অটোনোমাস ওয়ারফেয়ার কমান্ড’ গঠন করেছে যুক্তরাষ্ট্র। এটি চার তারকাবিশিষ্ট জেনারেলের নেতৃত্বাধীন একটি কমব্যাট্যান্ট কমান্ড হিসেবে কাজ করার কথা।

দ্বিতীয় শিক্ষা হলো, সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব যুদ্ধের ফলাফলে বড় ভূমিকা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রশান্ত মহাসাগরীয় রণাঙ্গনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কমান্ডারের নেতৃত্বের ধরন ছিল সম্পূর্ণ আলাদা।

যুক্তরাষ্ট্রের তৃতীয় নৌবহরের নেতৃত্বে ছিলেন অ্যাডমিরাল উইলিয়াম হ্যালসি। তিনি ছিলেন আক্রমণাত্মক, সাহসী, আবেগপ্রবণ ও লড়াইপ্রিয় সামরিক কর্মকর্তা। ‘বুল’ নামে পরিচিত হ্যালসি শত্রুর বিরুদ্ধে সরাসরি আক্রমণে বিশ্বাস করতেন। গুয়াডালকানাল ও রাবাউলের মতো দ্বীপাঞ্চলে কঠিন সামরিক অভিযানে তার এই মনোভাব কার্যকর ভূমিকা রেখেছিল। তবে ১৯৪৪ সালে লেইতে উপসাগরের নৌযুদ্ধে জাপানের কৌশল সম্পর্কে ভুল ধারণা করে তিনি বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছিলেন। ইতিহাসের অন্যতম বৃহৎ এই নৌযুদ্ধে তার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে ব্যাপক আলোচনা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল রে স্প্রুয়্যান্স ছিলেন শান্ত, চিন্তাশীল ও কৌশলনির্ভর। যুদ্ধের শেষ পর্যায়ের উভচর সামরিক অভিযানগুলো পরিচালনায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এই দুই কমান্ডারের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, যুদ্ধে কখনো সর্বশক্তি দিয়ে শত্রুর ওপর আঘাত হানতে হয়, আবার কখনো আবেগের পরিবর্তে দীর্ঘমেয়াদি ফলাফল বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। যুদ্ধের নেতৃত্বে আক্রমণাত্মক মনোভাবের পাশাপাশি বিচক্ষণতা ও ধৈর্যও প্রয়োজন।

তৃতীয় শিক্ষা হলো, যুদ্ধের বিজয় শুধু স্থল, নৌ ও আকাশপথের লড়াইয়ে নির্ধারিত হয় না; জাহাজ নির্মাণ কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানও এতে সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণশিল্পের উৎপাদন সক্ষমতা ছিল অসাধারণ। দেশটির জাহাজ নির্মাণ কারখানাগুলো সপ্তাহে একটির বেশি ডেস্ট্রয়ার তৈরি করতে সক্ষম হয়েছিল।

কিন্তু বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র বছরে মাত্র এক বা দুটি ডেস্ট্রয়ার তৈরি করছে, অন্যদিকে চীন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী গড়ে তুলতে ব্যাপকভাবে জাহাজ নির্মাণ করছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদি জাহাজ নির্মাণ ও মেরামত পরিকল্পনা গ্রহণ জরুরি। মার্কিন কংগ্রেস এ ধরনের বহুবছর মেয়াদি পরিকল্পনার মাধ্যমে সামরিক উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিয়েছে, শত্রুর চেয়ে কৌশলগতভাবে এগিয়ে থাকার পাশাপাশি সামরিক সরঞ্জাম উৎপাদনেও এগিয়ে থাকা প্রয়োজন। শুধু উন্নত প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না, তা দ্রুত ও বৃহৎ পরিসরে উৎপাদনের সক্ষমতাও থাকতে হবে।

চতুর্থ শিক্ষা হলো, যুদ্ধের ভয়াবহতা এবং জাতীয় ঐক্যের গুরুত্ব। যুদ্ধ কোনো সহজ বা রোমাঞ্চকর বিষয় নয়; এটি মানুষের জীবন, পরিবার ও সমাজের ওপর গভীর প্রভাব ফেলে। বর্তমানে পারস্য উপসাগর ও লোহিত সাগরে প্রায় এক বছরব্যাপী দায়িত্ব পালন করতে যাওয়া তরুণ মার্কিন নাবিকদের কথা ভাবলে বিষয়টি আরও স্পষ্ট হয়। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উন্নত ড্রোন, দ্রুতগতির আক্রমণকারী নৌযান এবং সমুদ্রের মাইন তাদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। যুদ্ধ শুরু হলে তারা কতটা প্রস্তুত থাকবেন এবং সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে নিরাপদে ফিরতে পারবেন কি না, তা নিয়ে তাদের মধ্যেও উদ্বেগ থাকা স্বাভাবিক।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুদ্ধজাহাজের নাবিকেরা একটি অভিন্ন লক্ষ্য নিয়ে লড়াই করেছিলেন। তাদের কেউ এসেছিলেন কৃষিপ্রধান এলাকা থেকে, কেউ ছোট শিল্পশহর থেকে, আবার কেউ বড় নগরী থেকে। কিন্তু যুদ্ধের সময় তাঁদের রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ কোনো বিষয় হয়ে দাঁড়ায়নি। যুদ্ধের ময়দানে একজন নাবিকের কাছে তাঁর সহযোদ্ধার রাজনৈতিক অবস্থানের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল পারস্পরিক আস্থা ও অভিন্ন দায়িত্ববোধ।

বর্তমান সময়েও সামরিক বাহিনীর সদস্যদের জন্য এমন জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের রাজনৈতিক বিভাজন ও মতপার্থক্য থাকলেও যুদ্ধের ঝুঁকি মোকাবিলায় দায়িত্ব পালন করা সেনা ও নৌসদস্যদের পাশে পুরো জাতির দাঁড়ানো জরুরি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা তাই বর্তমান বিশ্বের জন্য শুধু অতীতের ইতিহাস নয়, ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ নির্দেশনা। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, বিচক্ষণ নেতৃত্ব, শক্তিশালী সামরিক উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় ঐক্য—এই চারটি বিষয় ভবিষ্যতের যুদ্ধে সাফল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: ব্লুমবার্গ ও দ্য জাপান টাইমস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!