• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যুদ্ধবিজয়ে রণক্ষেত্রের বাইরেও যা লাগবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

স্বয়ংক্রিয় যুদ্ধের জন্য কোন দেশ কতটা প্রস্তুত

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২: ১২ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২: ১৮

একসময় যুদ্ধের ময়দানে জয়-পরাজয় নির্ধারিত হতো সেনাসংখ্যা, অস্ত্রের শক্তি, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দিয়ে। এখন সেই হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ড্রোন, রোবটিক যুদ্ধব্যবস্থা এবং মেশিনের মাধ্যমে লক্ষ্য শনাক্ত ও আঘাত হানার প্রযুক্তি। ফলে যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে।

প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত এই পরিবর্তনকে বলা হচ্ছে যুদ্ধের নতুন রূপান্তর। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লিথাল অটোনোমাস উইপন সিস্টেম (লজ)—অর্থাৎ প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা। এ ধরনের অস্ত্র মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই নির্দিষ্ট পরিস্থিতিতে লক্ষ্য শনাক্ত, নির্বাচন এবং আক্রমণের সিদ্ধান্ত নিতে পারে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সব চালকবিহীন বিমান বা স্বয়ংক্রিয় ড্রোন ঘাতক রোবট নয়। কোনো ড্রোন নিজে নিজে উড়তে পারে, পথ নির্ধারণ করতে পারে কিংবা লক্ষ্য শনাক্ত করতে পারে; কিন্তু চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত যদি মানুষ নেয়, তাহলে সেটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র নয়। এই পার্থক্য সামনে রেখেই দেখতে হবে, বিশ্বের কোন দেশ কতটা প্রস্তুত এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার কত দূর এগিয়েছে।

যুক্তরাষ্ট্র: এআইনির্ভর যুদ্ধব্যবস্থায় বড় বিনিয়োগ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে গবেষণা করছে। দেশটির যুদ্ধজাহাজে ফ্যালানক্স ক্লোজ-ইন ওয়েপন সিস্টেমের মতো প্রযুক্তি রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে আসন্ন ক্ষেপণাস্ত্র ও অন্যান্য হুমকি শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে।

২০২৩ সালের ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা নিয়ে ডিরেকটিভ ৩০০০.০৯ হালনাগাদ করে। এতে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মানুষের যথাযথ বিচার-বিবেচনা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধের আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই নীতিমালা স্বয়ংক্রিয় অস্ত্রের গবেষণা ও উন্নয়ন নিষিদ্ধ করে না।

২০২৬ সালের মার্চে প্রকাশিত মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীতিমালা প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের উন্নয়ন বা ব্যবহার নিষিদ্ধ করে না। তবে দেশটি এ ধরনের অস্ত্র তৈরি বা মোতায়েন করেছে কি না, সে বিষয়ে প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি।

চীন: চালকবিহীন যুদ্ধবিমান ও ড্রোন প্রযুক্তিতে অগ্রগতি

চীন সামরিক ড্রোন, চালকবিহীন যুদ্ধবিমান এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যুদ্ধপ্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। দেশটির জিজে-১১ স্টিলথ চালকবিহীন যুদ্ধবিমান এ ক্ষেত্রে আলোচিত উদাহরণ। এটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে নজরদারি ও আক্রমণ পরিচালনার জন্য তৈরি করা হয়েছে।

চীনের সামরিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ড্রোনের মাধ্যমে নজরদারি, তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং সমন্বিত অভিযান পরিচালনা। তবে এসব প্রযুক্তির কতটুকু সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম, সে বিষয়ে প্রকাশ্য তথ্য সীমিত। ফলে প্রযুক্তিগত সক্ষমতা এবং বাস্তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র মোতায়েনের বিষয়টি আলাদা করে দেখতে হবে।

ইসরাইল: লক্ষ্য শনাক্তকরণ ও সামরিক সিদ্ধান্তে এআই

ইসরাইলের সামরিক বাহিনী নজরদারি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং লক্ষ্য শনাক্তকরণে উন্নত প্রযুক্তি ব্যবহার করে। দেশটির হারোপ লয়টারিং মিউনিশন এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।

গাজা যুদ্ধে ইসরাইলের হাবসোরা (দ্য গসপেল) ও ল্যাভেন্ডার নামের এআইনির্ভর তথ্য বিশ্লেষণব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য সামরিক লক্ষ্য শনাক্ত ও তালিকাভুক্ত করার বিষয়টি উঠে আসে। তবে এগুলোকে সরাসরি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ঘাতক অস্ত্র বলা ঠিক হবে না।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ২০২৪ সালের জুনে প্রকাশিত এক ব্যাখ্যায় জানিয়েছে, এসব প্রযুক্তি গোয়েন্দা তথ্য বিশ্লেষণে সহায়তা করে। তাদের বক্তব্য অনুযায়ী, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মানুষের ভূমিকা বজায় থাকে।

রাশিয়া ও ইউক্রেন: যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির বাস্তব পরীক্ষা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আধুনিক ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সামরিক ব্যবহারের বড় পরীক্ষাক্ষেত্র হয়ে উঠেছে। দুই পক্ষই নজরদারি ড্রোন, এফপিভি ড্রোন, লয়টারিং মিউনিশন এবং ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করছে।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এআইনির্ভর লক্ষ্য শনাক্তকরণ, ড্রোনের স্বয়ংক্রিয় নেভিগেশন এবং জিপিএস সংকেত বাধাগ্রস্ত হলেও লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়াও ল্যানসেটের মতো লয়টারিং মিউনিশন এবং বিভিন্ন চালকবিহীন আকাশযান ব্যবহার করছে।

তবে ড্রোনের স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারা এবং মানুষের নির্দেশনা ছাড়া প্রাণঘাতী লক্ষ্য নির্বাচন করে হামলা চালানো এক বিষয় নয়। যুদ্ধক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়লেও প্রতিটি হামলায় মানুষের নিয়ন্ত্রণ কতটুকু থাকে, তা নির্দিষ্ট অস্ত্র ও অভিযানের ওপর নির্ভর করে।

রাশিয়া: স্বয়ংক্রিয় ড্রোনের দিকে অগ্রসর

রাশিয়ার ক্ষেত্রে ২০২৬ সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণা নতুন তথ্য সামনে এনেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) ১৩ এপ্রিল ২০২৬ প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া সামরিক ড্রোনে এআই যুক্ত করে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াচ্ছে।

প্রতিবেদনটিতে ভি২ইউ নামের ড্রোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে। ইউক্রেনীয় প্রযুক্তিগত বিশ্লেষণের বরাতে সিএসআইএস বলেছে, ড্রোনটিতে এমন কম্পিউটিং ও এআই সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে, যা যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় উড়তে এবং নিজে লক্ষ্য নির্বাচন করতে সহায়তা করতে পারে। গবেষকদের মূল্যায়ন, রাশিয়া সম্ভবত যুদ্ধক্ষেত্রে পূর্ণ স্বয়ংক্রিয় একটি ড্রোন ব্যবহার করেছে।

ইউক্রেন: মানুষের নিয়ন্ত্রণ রেখে এআইয়ের ব্যবহার

ইউক্রেনও যুদ্ধক্ষেত্রে ড্রোনের কার্যকারিতা বাড়াতে এআই প্রযুক্তি ব্যবহার করছে। ২০২৫ সালের ২৯ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ড্রোনচালকেরা ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করতে এআই প্রযুক্তির সহায়তা নিচ্ছেন। কিছু ড্রোন অপারেটরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও ক্যামেরার মাধ্যমে লক্ষ্য শনাক্ত করে উড়তে পারে।

প্রতিবেদনে ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বক্তব্যের বরাতে বলা হয়, এসব ব্যবস্থায় চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত মানুষের হাতেই রাখা হচ্ছে। তবে এআইয়ের লক্ষ্য শনাক্তকরণ এখনো ভুল করতে পারে এবং এর কার্যকারিতা পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভরশীল। অর্থাৎ রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখন শুধু চালকবিহীন ড্রোনের লড়াই নয়; বরং ড্রোনের সঙ্গে এআই, স্বয়ংক্রিয় নেভিগেশন ও লক্ষ্য অনুসরণের প্রযুক্তি যুক্ত করার প্রতিযোগিতাও।

তুরস্ক: স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বিতর্কের কেন্দ্রে

তুরস্কের তৈরি কারগু-২ ড্রোন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিতর্কের অন্যতম উদাহরণ। ২০২১ সালে লিবিয়ার গৃহযুদ্ধ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাসম্পন্ন অস্ত্রের প্রসঙ্গ আসে। সেখানে কারগু-২-এর বিষয়টিও আলোচিত হয়।

তবে কারগু-২ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মানুষ হত্যার সিদ্ধান্ত নিতে পারে কি না, তা নিয়ে মতভেদ রয়েছে। আন্তর্জাতিক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) বিশ্লেষণে বলা হয়েছে, নির্মাতা প্রতিষ্ঠান এসটিএমের বর্ণনা অনুযায়ী, ড্রোনটির নেভিগেশন ও লক্ষ্য শনাক্তকরণে স্বয়ংক্রিয়তা থাকলেও হামলার সিদ্ধান্তে মানুষের ভূমিকা থাকার কথা। জাতিসংঘের প্রতিবেদনের বর্ণনা এবং নির্মাতার বক্তব্যের মধ্যে এ নিয়ে পার্থক্য রয়েছে।

চীন ও দক্ষিণ কোরিয়া: দুই ধরনের প্রস্তুতি

চীন সামরিক ড্রোনের স্বয়ংক্রিয় নেভিগেশন, সমন্বিত ড্রোন অভিযান এবং চালকবিহীন যুদ্ধবিমানের প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ২০২৫ সালের চীনবিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিভিন্ন উন্নয়নাধীন সামরিক ড্রোনে এআইভিত্তিক নেভিগেশন ও অন্য ড্রোনের সঙ্গে সমন্বয়ের সক্ষমতার দাবি করা হয়েছে। তবে অনেক ব্যবস্থায় এখনো মানুষের পূর্বনির্ধারিত লক্ষ্য, দূরনিয়ন্ত্রণ অথবা উল্লেখযোগ্য মানবীয় ইনপুট প্রয়োজন।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এসজিআর-এ১ রোবটিক প্রহরী ব্যবস্থা বহু বছর ধরে আলোচনায় রয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারির জন্য তৈরি এ ব্যবস্থায় ক্যামেরা, সেন্সর ও অস্ত্র সংযুক্ত করা হয়েছে। তবে অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের হাতে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ কারণে এটিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ঘাতক রোবটের উদাহরণ হিসেবে উপস্থাপন করা যথাযথ হবে না।

যুদ্ধের ময়দানে কতটা বাস্তবায়িত হয়েছে?

এখন পর্যন্ত স্বয়ংক্রিয় যুদ্ধের সবচেয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে কয়েকটি ক্ষেত্রে—

স্বয়ংক্রিয় নেভিগেশন: ড্রোন মানুষের সার্বক্ষণিক নিয়ন্ত্রণ ছাড়াই নির্দিষ্ট পথ ধরে উড়তে পারছে।

লক্ষ্য শনাক্তকরণ: ক্যামেরা ও এআইয়ের মাধ্যমে যানবাহন, সামরিক স্থাপনা এবং অন্যান্য লক্ষ্যবস্তু শনাক্ত করা হচ্ছে।

ইলেকট্রনিক জ্যামিং মোকাবিলা: যোগাযোগ বা জিপিএস সংকেত বাধাগ্রস্ত হলেও কিছু ড্রোন নিজস্ব সেন্সর ও সফটওয়্যারের সাহায্যে কাজ চালিয়ে যেতে পারছে।

ড্রোনের সমন্বিত অভিযান: একাধিক ড্রোনকে একই অভিযানে সমন্বিতভাবে পরিচালনার প্রযুক্তি উন্নত হচ্ছে।

স্বয়ংক্রিয় প্রতিরক্ষা: ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন শনাক্ত করে দ্রুত প্রতিরোধের জন্য স্বয়ংক্রিয় প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহৃত হচ্ছে।

তবে এসব সক্ষমতার সব কটি একসঙ্গে একটি অস্ত্রে যুক্ত হয়েছে, এমন প্রমাণ নেই। বিশেষ করে জটিল যুদ্ধক্ষেত্রে সামরিক ও বেসামরিক মানুষের মধ্যে পার্থক্য করা এবং পরিস্থিতি বুঝে আক্রমণ বন্ধ রাখার ক্ষেত্রে প্রযুক্তির সীমাবদ্ধতা রয়েছে।

স্বয়ংক্রিয় অস্ত্রের বিস্তারের সঙ্গে সঙ্গে এর নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরালো হয়েছে। জাতিসংঘের কনভেনশন অন সার্টেন কনভেনশনাল উইপনস (সিসিডব্লিউ) কাঠামোর অধীনে ২০১৪ সাল থেকে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আলোচনা চলছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রবিষয়ক সরকারি বিশেষজ্ঞ দল (জিজিই অন লজ) এ ধরনের অস্ত্র নিয়ে আলোচনার একটি কার্যকর বর্ণনা বা কাঠামোগত ধারণায় সম্মত হয়েছে। এতে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়া লক্ষ্য শনাক্ত, নির্বাচন ও আক্রমণ করতে সক্ষম অস্ত্রব্যবস্থার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তবে এখনো স্বয়ংক্রিয় অস্ত্রের জন্য আলাদা কোনো আন্তর্জাতিক আইনগত প্রটোকল কার্যকর হয়নি। অর্থাৎ এসব অস্ত্রের ওপর সর্বজনীন নিষেধাজ্ঞা নেই। এ বিষয়ে আগামী ১৬ থেকে ২০ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে সিসিডব্লিউর সপ্তম পর্যালোচনা সম্মেলন। সেখানে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে নতুন আন্তর্জাতিক চুক্তি বা আইনগত কাঠামো নিয়ে আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের সুযোগ রয়েছে।

তবে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে। অন্যদিকে ব্রাজিল, আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ বাধ্যতামূলক আন্তর্জাতিক নিয়মের পক্ষে অবস্থান নিয়েছে। ভারত ও তুরস্কও স্বেচ্ছামূলক নির্দেশনা ও বিদ্যমান আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুত্ব দেওয়ার পক্ষে রয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটিসহ মানবাধিকার সংগঠনগুলো বলছে, মানুষের কার্যকর নিয়ন্ত্রণ ছাড়া প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইন, বেসামরিক মানুষের সুরক্ষা এবং দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

স্বয়ংক্রিয় যুদ্ধের প্রধান ঝুঁকি

বিশেষজ্ঞদের উদ্বেগের বড় জায়গা হলো, যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সিদ্ধান্ত সব সময় নির্ভুল হবে, এমন নিশ্চয়তা নেই। একটি এআইনির্ভর অস্ত্র ভুল করে বেসামরিক ব্যক্তিকে সামরিক লক্ষ্য হিসেবে শনাক্ত করতে পারে। আবার যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা সাইবার হামলার শিকার হলে অস্ত্রের আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া কয়েকটি বড় ঝুঁকি রয়েছে—ভুল লক্ষ্য শনাক্তের কারণে নিরীহ মানুষ হামলার শিকার হতে পারেন, বেসামরিক মানুষের প্রাণহানি হতে পারে। দায় নির্ধারণের জটিলতা দেখা দিবে। কোনো স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধাপরাধ করলে দায় নেবে কে—নির্মাতা, প্রোগ্রামার, সামরিক কমান্ডার নাকি অস্ত্র পরিচালনাকারী? অস্ত্র প্রতিযোগিতা বাড়তে পারে। একটি দেশ স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করলে অন্য দেশও একই প্রযুক্তি অর্জনে প্রতিযোগিতায় নামতে পারে।

এছাড়া সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়ার আশঙ্কা বাড়বে। বাণিজ্যিক ড্রোন ও সহজলভ্য প্রযুক্তির অপব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে। অস্ত্রের সফটওয়্যার হ্যাক করা গেলে কিংবা তথ্য বিকৃত করা হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে। যুদ্ধের গতি বৃদ্ধি পাবে। মানুষের তুলনায় যন্ত্র অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ফলে সংঘাত ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণের সুযোগ কমে যেতে পারে। এ কারণে শুধু অস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা নয়, এর ব্যবহার, নিয়ন্ত্রণ, জবাবদিহি এবং আন্তর্জাতিক আইনও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তাহলে বিশ্ব কি সম্পূর্ণ স্বয়ংক্রিয় যুদ্ধের দিকে যাচ্ছে?

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্ব এখনো সম্পূর্ণ স্বয়ংক্রিয় যুদ্ধের যুগে প্রবেশ করেনি। তবে যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশগুলোতে মানুষের ওপর নির্ভরতা কমানোর প্রবণতা স্পষ্ট।

যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইসরাইল, ইউক্রেন ও তুরস্কের মতো দেশগুলো বিভিন্ন মাত্রায় এআইনির্ভর সামরিক প্রযুক্তি তৈরি ও ব্যবহার করছে। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্র নিজেই উড়তে, লক্ষ্য খুঁজতে এবং অনুসরণ করতে পারছে। আবার কিছু ক্ষেত্রে মানুষের অনুমোদন ছাড়া হামলা চালানোর সক্ষমতা নিয়েও গবেষণা চলছে।

বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হবে না; দ্রুত তথ্য বিশ্লেষণ, স্বয়ংক্রিয় নজরদারি এবং ড্রোনের সমন্বিত ব্যবহারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রের ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক আইনগত বাধ্যবাধকতা এখনো বড় প্রশ্ন।

সব মিলিয়ে, স্বয়ংক্রিয় যুদ্ধ আর কেবল ভবিষ্যতের কল্পনা নয়। এর প্রযুক্তিগত ভিত্তি তৈরি হয়েছে এবং যুদ্ধক্ষেত্রেও এর বিভিন্ন প্রয়োগ দেখা যাচ্ছে। কিন্তু মানুষকে পুরোপুরি সরিয়ে দিয়ে যন্ত্রের হাতে যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত তুলে দেওয়ার পর্যায়ে বিশ্ব এখনো পৌঁছেছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!