• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যুদ্ধবিজয়ে রণক্ষেত্রের বাইরেও যা লাগবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

গাজায় শীত-বন্যার দুর্ভোগ ইসরাইলের পরিকল্পিত, তাঁবু-ত্রাণ পৌঁছাতে বাধা

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৪: ৫৯

গাজায় শীত ও বৃষ্টির কারণে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র ঠান্ডা, জলাবদ্ধতা ও বন্যায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ডুবে যাচ্ছে, ভেঙে পড়ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গাজার বাইরে বিভিন্ন গুদামে হাজার হাজার তাঁবু, কম্বল, শীতের পোশাক ও আশ্রয় নির্মাণের সামগ্রী পড়ে রয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় এসব জরুরি সহায়তা গাজায় প্রবেশ করতে পারছে না।

মানবাধিকার ও ত্রাণকর্মীদের অভিযোগ, শীতকালীন এই সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগের অনিবার্য পরিণতি নয়; বরং ত্রাণ প্রবেশে ইসরাইলের বিধিনিষেধ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। তাদের মতে, গাজার মানুষের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই জরুরি সহায়তা আটকে রাখা হচ্ছে।

কয়েক দিন আগে ছয় মাস বয়সী শিশু ইহাব মোহাম্মদ হামাদকে তার মা নিথর অবস্থায় খুঁজে পান। শিশুটির ঠোঁট, হাতের আঙুল ও পায়ের আঙুল নীল হয়ে গিয়েছিল। পরিবারের তাঁবুতে বৃষ্টির পানি ঢুকে যাওয়ার পর প্রচণ্ড ঠান্ডায় শিশুটির মৃত্যু হয়।

ফিলিস্তিনভিত্তিক স্বেচ্ছাসেবী সহায়তা সংগঠন ‘সামির প্রজেক্ট’-এর প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির দাদি জানান, শিশুটিকে উষ্ণ রাখতে এবং কম্বল দিয়ে মুড়িয়ে রাখতে পরিবারের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে আসেনি।

সংগঠনটি পরিবারটিকে একটি গম্বুজ আকৃতির তাঁবু সরবরাহ করেছিল। তবে সংস্থাটির কর্মী হালা সাব্বাহ বলেন, শিশুটির মৃত্যুর ঘটনাটি নিয়ে তেমন আলোচনা না হওয়ায় তিনি হতাশ হয়েছেন।

গাজায় শীতের কারণে অস্থায়ী তাঁবুতে থাকা শিশুদের মৃত্যুর ঘটনা এখন প্রায় প্রতিবছরের বাস্তবতায় পরিণত হয়েছে। টানা চতুর্থ শীতেও বৃষ্টি ও ঝড়ের মুখে পড়েছে উপত্যকাটি। অথচ মানুষের আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ অত্যন্ত অপ্রতুল।

গাজার বাইরে গুদামে পড়ে আছে দেড় লাখ তাঁবু

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গাজার বাইরে প্রায় দেড় লাখ তাঁবু সরবরাহের অপেক্ষায় রয়েছে। এগুলো গাজায় প্রবেশের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর গাজা পরিচালক শন জোনস বলেন, হাজার হাজার তাঁবু, শীতের পোশাক, কম্বল এবং বিপুল পরিমাণ আশ্রয় সামগ্রী বিভিন্ন গুদামে পড়ে রয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে স্বাভাবিক অনুমোদন না পাওয়ায় এসব সামগ্রী গাজায় নেওয়া যাচ্ছে না।

তার অভিযোগ, ত্রাণ প্রবেশের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পরিকল্পিতভাবে বিলম্ব করা হচ্ছে।

আবহাওয়ার বিরূপ পরিস্থিতি মোকাবিলায় গাজায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় প্রায় ৬৫ শতাংশ মানুষ, অর্থাৎ ১৪ লাখের মতো ফিলিস্তিনি, অস্থায়ী তাঁবু, জরাজীর্ণ আশ্রয়কেন্দ্র কিংবা ধসে পড়ার ঝুঁকিতে থাকা ভবনে বসবাস করছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে এসব আশ্রয়স্থলের অনেকগুলো পানিতে তলিয়ে গেছে। এল নিনো পরিস্থিতি শক্তিশালী হওয়ায় আবহাওয়ায় বিরূপ প্রভাব পড়লেও ত্রাণের ঘাটতিকে সম্পূর্ণ মানবসৃষ্ট সংকট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইসরাইল দীর্ঘদিন ধরেই গাজায় আশ্রয় নির্মাণ ও অবকাঠামো পুনর্গঠনের সামগ্রী প্রবেশে বিধিনিষেধ আরোপ করে আসছে। তাঁবুর খুঁটি ও মোবাইল বাড়ির মতো জরুরি সামগ্রীকেও ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ বেসামরিক কাজে ব্যবহারের পাশাপাশি সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে—এমন যুক্তিতে এসব পণ্যের প্রবেশ সীমিত করা হচ্ছে।

এক মাসে ত্রাণবাহী ট্রাকের সংখ্যা কমেছে ব্যাপকভাবে

গাজায় আশ্রয় ও গৃহস্থালি সামগ্রী সরবরাহের পরিস্থিতি সাম্প্রতিক মাসগুলোতে আরো খারাপ হয়েছে। ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে আশ্রয় ও গৃহস্থালি সামগ্রীবাহী ৯০৮টি ট্রাক গাজায় প্রবেশ করেছিল। ২০২৬ সালের জানুয়ারিতে এ সংখ্যা কমে দাঁড়ায় ৪০৯টিতে। আর চলতি বছরের অক্টোবর মাসে গাজায় প্রবেশ করা মোট ত্রাণবাহী ট্রাকের মাত্র ৯ শতাংশে আশ্রয়-সংক্রান্ত সামগ্রী ছিল।

গত মে মাসে রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে কেরেম শালোম সীমান্তপথই গাজায় ত্রাণ প্রবেশের একমাত্র কার্যকর পথ হিসেবে রয়েছে। এ পথে খুব অল্পসংখ্যক ট্রাক প্রবেশ করছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) অক্টোবরের শুরুর দিকের এক প্রতিবেদনে বলা হয়, ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ পণ্য বহনকারী মাত্র ১৫টি ট্রাককে সপ্তাহের এক দিন গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সংস্থাটির আশঙ্কা, এভাবে চলতে থাকলে গাজার বাইরে গুদামে থাকা শীতকালীন সহায়তা উপত্যকায় পৌঁছাতে সবচেয়ে ভালো পরিস্থিতিতেও সাত মাসের বেশি সময় লাগবে।

ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের আগস্ট মাসের এক মূল্যায়নে দেখা যায়, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৯৪ শতাংশ, আশ্রয়সংকটের গুরুতর, সংকটাপন্ন কিংবা বিপর্যয়কর পর্যায়ে রয়েছেন। জরিপের আগের মাসে মাত্র ১০ শতাংশ মানুষ আশ্রয়-সংক্রান্ত সহায়তা পেয়েছিলেন।

এনআরসির ফিলিস্তিনবিষয়ক যোগাযোগ উপদেষ্টা শাইনা লো বলেন, ইসরাইলের এই বিধিনিষেধের ফলে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রয়োজনীয় সহায়তা দিতে পারছে না। তার অভিযোগ, ফিলিস্তিনিদের প্রয়োজনীয় ত্রাণ পৌঁছাতে বাধা দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যত গাজা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কার্যক্রমেও বাধা

গাজায় আন্তর্জাতিক মানবিক সহায়তা আরো সীমিত হয়ে পড়েছে ইসরাইলের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে। গত বছরের ডিসেম্বরে ইসরাইল এনআরসি, ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এবং অক্সফামসহ ৩৭টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে। পরে সাময়িক নিষেধাজ্ঞা জারি হলেও এসব সংস্থার গাজায় ত্রাণ ও আন্তর্জাতিক কর্মী পাঠানোর কার্যক্রম বাধাগ্রস্ত রয়েছে। এ ছাড়া গাজায় আশ্রয়-সহায়তা কার্যক্রমের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ইউএনআরডব্লিউএর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সরাসরি ত্রাণ সরবরাহের সুযোগ কমে গেছে।

বর্তমানে মিসর, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সরকারের পরিচালিত কমিটির মাধ্যমে দ্বিপক্ষীয়ভাবে অধিকাংশ আশ্রয়-সহায়তা গাজায় পৌঁছাচ্ছে। এনআরসির কর্মকর্তা শাইনা লো জানান, গাজার ভেতরে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর মজুত প্রায় শেষের দিকে। ফলে ছোট ছোট স্থানীয় সংগঠন ও সরকারি কমিটির ওপর নির্ভরতা বাড়ছে।

তাঁবুর দাম বেড়েছে ৫২ শতাংশ

আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন ছোট ছোট স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এসব সংগঠন স্থানীয় বাজার থেকে তাঁবু কিনে বাস্তুচ্যুত মানুষের মধ্যে বিতরণ করছে। কিন্তু সরবরাহ সংকটের কারণে বাজারে তাঁবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের তথ্য অনুযায়ী, গাজায় একটি তাঁবুর দাম ৫২ শতাংশ বেড়ে ৬৫৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে জরুরি আশ্রয়কেন্দ্র তৈরির কিটের দাম বেড়েছে ১ হাজার ২৩৩ শতাংশ। বর্তমানে এসব কিট কিনতে খরচ হচ্ছে প্রায় ৪ হাজার ডলার।

সামির প্রজেক্টের কর্মী হালা সাব্বাহ অভিযোগ করেন, গাজায় প্রবেশ করা অনেক তাঁবু চুরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। আবার ইসরাইলি কর্তৃপক্ষের অনুমোদিত তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই তাঁবু বিতরণ করা হচ্ছে। ফলে সহায়তা বিতরণ ব্যবস্থায় নানা ধরনের অনিয়ম ও বৈষম্য তৈরি হয়েছে।

শুধু তাই নয়, গাজায় প্রবেশ করা তাঁবুর মানও আগের তুলনায় খারাপ। পুরোনো ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তাঁবু তৈরি করায় সেগুলো বৃষ্টি ও ঝড় মোকাবিলায় যথেষ্ট কার্যকর হচ্ছে না।

ফিলিস্তিন শেল্টার ক্লাস্টারের আগস্টের মূল্যায়নে দেখা গেছে, তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনিদের অর্ধেকের বেশি মানুষ নিম্নমানের কিংবা অত্যন্ত জরাজীর্ণ তাঁবুতে রয়েছেন। তাঁদের মধ্যে ৫৪ শতাংশ অন্তত এক বছর ধরে একই তাঁবু বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

এনআরসির কর্মকর্তা শাইনা লো বলেন, এসব তাঁবু সাধারণত কয়েক মাস ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়। কিন্তু গাজার প্রতিকূল আবহাওয়ায় সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। পর্যাপ্ত নতুন সামগ্রী না থাকায় মানুষকে দীর্ঘদিন ধরে একই জরাজীর্ণ আশ্রয়ে থাকতে হচ্ছে।

তিনি আরো জানান, গাজায় প্রবেশ করা সব তাঁবু বৃষ্টির পানি প্রতিরোধ করতে পারে না। ফলে সেগুলো ব্যবহারযোগ্য করতে অতিরিক্ত ত্রিপল সরবরাহের প্রয়োজন হচ্ছে।

গণহত্যার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত শীতের দুর্ভোগ

গাজায় ইসরাইলি হামলায় বিপুলসংখ্যক ভবন ও অবকাঠামো ধ্বংস হওয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জায়গাও ক্রমেই সংকুচিত হচ্ছে। আগে যেখানে তাঁবু স্থাপনের সুযোগ ছিল, এখন সেসব জায়গার অনেকগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ফরেনসিক আর্কিটেকচারের এক স্থানিক বিশ্লেষণে দেখা গেছে, গাজায় বাস্তুচ্যুত মানুষের বড় অংশকে ক্রমেই উপকূলীয় নিচু এলাকায় আশ্রয় নিতে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে ইসরাইলের সম্প্রসারিত ‘ইয়েলো লাইন’ আরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ায় বাস্তুচ্যুত মানুষের চলাচল ও আশ্রয়ের সুযোগ সীমিত হয়ে পড়েছে।

ফরেনসিক আর্কিটেকচারের যোগাযোগ বিভাগের প্রধান নিকোলা ব্যাংকস বলেন, বৃষ্টিতে যেসব তাঁবু এলাকা প্লাবিত হচ্ছে, সেগুলো কোনো আকস্মিক পরিস্থিতির ফল নয়। বরং ফিলিস্তিনিদের এমন সব নিচু এলাকায় জড়ো করা হয়েছে, যেখানে স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই।

তার মতে, বন্যা ও জলাবদ্ধতার মধ্য দিয়ে গাজার অবকাঠামো ধ্বংস এবং ফিলিস্তিনিদের জীবনধারণের উপকরণ কেড়ে নেওয়ার বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে। চলমান গণহত্যার বাস্তবতা থেকে এসব পরিস্থিতিকে আলাদা করে দেখার সুযোগ নেই।

সামির প্রজেক্টের কর্মী হালা সাব্বাহ বলেন, গাজায় কাজ করা তাদের সহকর্মীরা টানা তিনটি শীতের দুর্ভোগ সামলাতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। আগের তুলনায় অনেক বেশি কর্মী অসুস্থতার কারণে ছুটিতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘২০২৬ সালজুড়েই ধীরগতির গণহত্যা চলেছে। তবে গত তিন থেকে চার মাসে এর গতি আরও বেড়েছে। আমার মনে হয়, এটিও তাদের কৌশলের অংশ।’

সাব্বাহর অভিযোগ, আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এড়াতে ইসরাইল একবারে বড় কোনো পদক্ষেপ না নিয়ে ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপ করছে। তার ভাষায়, ‘এটি ধীরগতির গণহত্যা, যার গতি এখন আরো বাড়ানো হয়েছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!