• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য সার্বিয়ায় সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে ব্যাংকার, বাস্কেটবল তারকা, চিকিৎসক ও অধ্যাপক ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে আলভারেজ–কাণ্ডে ৮৩ হাজার টাকা জরিমানা বার্সেলোনার, তবু আপিল করবে ক্লাবটি গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে ব্রাজিলের ফুটবলাররা কেন ব্যালন ডি’অর জিততে পারছেন না ধানখেত পাহারায় গিয়েছিলেন কৃষক, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হয় সড়কে বাংলাদেশ কি প্রবৃদ্ধির ফাঁদ থেকে বের হতে পারবে

স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

স্তন ক্যানসার মানেই মৃত্যু নয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এমনকি অনেক ক্ষেত্রে স্তন অপসারণ করারও প্রয়োজন হয় না।

স্তন ক্যানসারের চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা শুরু করার গুরুত্ব বোঝাতে কথাগুলো বলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম। তিনি প্রথম আলো ডটকমের আয়োজনে ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন। গত শনিবার অনুষ্ঠানটি প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়।

অধ্যাপক ডা. সাগরিকা শারমীনের উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম।

‘পিংক অক্টোবর’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে স্তন ক্যানসারের পরিস্থিতি, রোগের ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, স্ক্রিনিং ও রোগনির্ণয়, স্তন অপসারণ না করে অস্ত্রোপচার, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং চিকিৎসায় সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে স্তন ক্যানসার সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো জরুরি বিষয়ও।

.

স্তন ক্যানসারের প্রকোপ বেশি

বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যানসারের প্রকোপের বিষয়ে অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম বলেন, অতীতে নারীদের মধ্যে জরায়ুমুখের ক্যানসার বেশি দেখা গেলেও বর্তমানে স্তন ক্যানসার অন্যতম প্রধান ক্যানসার হিসেবে উঠে এসেছে। দেশে প্রতি ১ লাখ নারীর মধ্যে আনুমানিক ২০ থেকে ২২ জন স্তন ক্যানসারে আক্রান্ত হন।

ডা. মোহাম্মদ মাসুদ করিম আরও বলেন, আগে অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত হতো না। বর্তমানে সচেতনতা বাড়ার জন্য রোগনির্ণয় ও চিকিৎসার সুযোগ তৈরি হচ্ছে। বংশগত বা জিনগত প্রবণতার পাশাপাশি বিভিন্ন শারীরিক ও প্রজননসংক্রান্ত বিষয় এ রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

.

স্তনে পিণ্ড দেখলে অপেক্ষা নয়

স্তন ক্যানসারের লক্ষণ সম্পর্কে ডা. মাসুদ করিম বলেন, স্তনে চাকা বা দলা, নিপল দিয়ে রক্তপাত, ত্বক দেবে যাওয়া বা কমলার খোসার মতো পরিবর্তন, ক্ষত কিংবা বগলে চাকা দেখা দিতে পারে। স্তনে ব্যথা না থাকলেও ক্যানসারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

লজ্জা, ভয় ও কুসংস্কারের কারণে অনেক নারী চিকিৎসা নিতে দেরি করেন। কেউ কেউ বিকল্প চিকিৎসার আশ্রয়ও নেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এতে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি হতে পারে। তাই স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অপেক্ষা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

.

রোগনির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা

স্তন ক্যানসার শনাক্ত করার প্রক্রিয়া সম্পর্কে ডা. মাসুদ করিম বলেন, রোগীর পূর্ববর্তী মেডিক্যাল রিপোর্ট নেওয়া, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনীয় ইমেজিং ও টিস্যু পরীক্ষার সমন্বয়ে রোগনির্ণয় করা হয়। এ ক্ষেত্রে দুই স্তন ও বগল পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। আলট্রাসনোগ্রাফি ও ম্যামোগ্রাফির পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে এমআরআই করা হতে পারে।

ডা. মোহাম্মদ মাসুদ করিম বলেন, কোর নিডল বায়োপসির মাধ্যমে টিস্যু পরীক্ষা করে ক্যানসারের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়। প্রয়োজন অনুযায়ী রিসেপ্টর পরীক্ষাও করা হয়। এসব পরীক্ষার ফলের ভিত্তিতে রোগীর জন্য উপযুক্ত চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করা হয়।

.

স্তন অপসারণ নয়

স্তন ক্যানসার শনাক্ত হওয়ার পর অনেক নারীর মধ্যে স্তন হারানোর ভয় থাকে। এ প্রসঙ্গে ডা. মাসুদ করিম বলেন, রোগের পর্যায় ও রোগীর অবস্থা বিবেচনায় অনেক ক্ষেত্রে স্তন রেখে অস্ত্রোপচার করা সম্ভব। এ পদ্ধতিতে আক্রান্ত অংশটুকু অপসারণ করে স্তনের বাকি অংশ সংরক্ষণ করা হয়।

এই অস্ত্রোপচারের পর সাধারণত রেডিওথেরাপির প্রয়োজন হয় বলে জানান ডা. মাসুদ করিম। তিনি বলেন, কিছু রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচারের আগে কেমোথেরাপি দিয়ে টিউমারের আকার কমানো হয়। কোন পদ্ধতি উপযুক্ত, তা নির্ধারণে বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেওয়া জরুরি।

.

দেশেই রয়েছে আধুনিক চিকিৎসার সুযোগ

বাংলাদেশে স্তন ক্যানসারের চিকিৎসাসুবিধা সম্পর্কে ডা. মাসুদ করিম বলেন, রোগের ধরন ও পর্যায় অনুযায়ী অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপির মতো চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়। আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকা অনুসরণ করে রোগীর শারীরিক অবস্থা ও আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।

ডা. মোহাম্মদ মাসুদ করিম বলেন, সার্জন, রেডিওলজিস্ট, মেডিক্যাল অনকোলজিস্ট, রেডিওথেরাপি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে রোগীর চিকিৎসা পরিকল্পনা করা হয়। বাংলাদেশেও আধুনিক রোগনির্ণয় ও চিকিৎসার সুযোগ রয়েছে। তাই বিদেশে চিকিৎসার সুযোগ খুঁজতে গিয়ে দেশে চিকিৎসা শুরু করতে অযথা দেরি করা উচিত নয়।

.

কারা কখন স্ক্রিনিং করবেন

স্তন ক্যানসার শনাক্তে স্ক্রিনিংয়ের গুরুত্ব সম্পর্কে ডা. মাসুদ করিম বলেন, রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই পরীক্ষা করে রোগ শনাক্ত করার প্রক্রিয়াকে স্ক্রিনিং বলা হয়। এর মধ্যে নিজে স্তন পরীক্ষা করা, চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ইমেজিং পরীক্ষা অন্তর্ভুক্ত।

বিভিন্ন দেশের নির্দেশিকা অনুযায়ী সাধারণত ৪০ বছর বয়সের পর স্ক্রিনিংয়ের পরামর্শ দেওয়া হয় উল্লেখ করে মাসুদ করিম বলেন, পারিবারিক ইতিহাস বা অন্য কারণে ঝুঁকি বেশি থাকলে আরও কম বয়সে স্ক্রিনিংয়ের প্রয়োজন হতে পারে। ঝুঁকি ও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ম্যামোগ্রাফি বা এমআরআই করা যেতে পারে। দুই স্তরেরই প্রয়োজনীয় পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।

.

সচেতনতা বাড়াতে প্রয়োজন সবার অংশগ্রহণ

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর দায়িত্ব শুধু সরকারের নয়। হাসপাতাল, চিকিৎসক সংগঠন, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরও ভূমিকা রাখা জরুরি। গ্রাম ও মফস্‌সলের মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, সভা, সেমিনার ও কর্মশালাকে কাজে লাগানো প্রয়োজন।

এ প্রসঙ্গে ডা. মাসুদ করিম বলেন, শুধু অক্টোবর মাসে নয়, সারা বছরই স্তন ক্যানসার নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। স্তনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে কোথায় যেতে হবে এবং কার পরামর্শ নিতে হবে, সে বিষয়েও মানুষকে স্পষ্ট ধারণা দিতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি বলেন, স্তন ক্যানসার মোকাবিলায় সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া, প্রয়োজনীয় পরীক্ষা করানো এবং সময়মতো যথাযথ চিকিৎসা নেওয়ার মাধ্যমে এ রোগের চিকিৎসায় ভালো ফল পাওয়া সম্ভব।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!