• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী ১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক এবার বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু

বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক পৌঁছেই দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনতালিয়ায় অনুষ্ঠিত বৈঠকটি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার তুরস্কের রাষ্ট্রপতির অস্থায়ী কার্যালয় ম্যাক্স রয়্যাল হোটেলে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় কৌশলগত ও সামরিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু গুরুত্ব পায়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্য কর্মকর্তারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সামরিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের সামরিক শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এছাড়া ট্যুরিজমসহ অন্যান্য ক্ষেত্রেও বিনিয়োগেও তারা আগ্রহ দেখিয়েছে। দু’দেশ ব্যবসা বাণিজ্যে উন্নয়নেও আগ্রহ প্রকাশ করেছে। রোহিঙ্গা ইস্যু নিয়েও দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বের সহযোগিতা জোরদার নিয়েও দু’দেশের মধ্যে কথা হয়েছে। সর্বোপরি দু’দেশ তাদের সম্পর্ককে স্ট্যাটিজিক পার্টনার পর্যায়ে নিয়ে যেতে সম্মত হয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তুরস্কের রাষ্ট্রপতির সাথে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। কর্মকর্তারা জানান, বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয়, শিক্ষা ও অবকাঠামো খাতে মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক দ্বিপক্ষীয় সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর ও শীর্ষপর্যায়ের যোগাযোগে ঢাকা-আঙ্কারা সম্পর্কে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এ বৈঠক তারই ধারাবাহিকতা।গত ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার গঠনের পর থেকে দুদেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বেড়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করেন উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনজি।তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক। গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে দুই নেতার প্রথম বৈঠকটি হয়। ওই বৈঠকে এরদোয়ান দুদেশের সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানোর আহ্বান জানান। তিনি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন।গত জুনের শুরুরদিকে ঢাকায় এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের শেষদিন তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় তিনি বলেছিলেন, তার সফর দুদেশের সম্পর্ককে কৌশলগত স্তরে নেওয়ার প্রথম ধাপ।ওই সাক্ষাতের পর দুদেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয় দুপক্ষ।ঢাকা সফরকালে হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনের জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানিয়েছিলেন।যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি কৌশলগত স্তরে দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ।তিনি বলেন, উভয়পক্ষই একমত পোষণ করেছে, এ সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো গতিশীল করতে বাংলাদেশ ও তুরস্ক একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বলেও জানান তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশকে তাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন।ফিদান বলেন, বেশ কয়েকটি খাতে, বিশেষ করে প্রতিরক্ষাশিল্প, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে তিনি বলেন, উভয়পক্ষই আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতামত ব্যক্ত করেছে এবং এর অনেকগুলোতেই অভিন্ন ঐকমত্যে পৌঁছেছে।ফিদান বলেন, তুরস্ক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। তিনি বন্ধুভাবাপন্ন এই দুদেশের যৌথ আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আঙ্কারার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।গত কয়েক বছর ধরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে যোগাযোগ বেড়েছে। গত জুলাইয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর করেন। সেনাপ্রধানের পাঁচ দিনের ওই সরকারি সফরকালে হওয়া বৈঠকগুলোয় দুদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।উভয়পক্ষই ভবিষ্যতে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। সফরের অংশ হিসেবে সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষাশিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন।জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তিন দিনের সফরে গতকাল মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছান। এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তানবুল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে প্রধানমন্ত্রীকে ইস্তানবুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম ইলকার হাকতানকাচমাজ। ইস্তানবুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আনতালিয়া পৌঁছান প্রধানমন্ত্রী।বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!