
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১: ১২
লক্ষ্মীপুরে সংবাদকর্মী তানভীর আহমেদ রিমনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ বাজারে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সাদ্দাম এ হামলা চালায়।
রিমন লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক নতুন চাঁদ’ পত্রিকার স্টাফ রিপোর্টার। তার চন্দ্রগঞ্জ বাজারে ফলের ব্যবসা রয়েছে।
রিমন জানান, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঘটনার সময় চন্দ্রগঞ্জ বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলকালে সংবাদ সংগ্রহ করার সময় হঠাৎ যুবদল নেতা সাদ্দাম তার ওপর হামলা করে। পরে বিএনপি নেতাকর্মীরাই তাকে উদ্ধার করেন।
রিমনের ভাষ্যমতে, তিনি বাজারে ব্যবসা করেন। বিভিন্ন সময় দোকানে এসে যুবদল নেতা সাদ্দাম চাঁদা দাবি ও হুমকি দিতেন। বিষয়টি নিয়ে তিনি দলের স্থানীয় ও জেলা নেতাদের কাছে অভিযোগ করেন। এতে তিনি ক্ষিপ্ত হন। এর জের ধরেই মিছিল চলাকালে ‘আওয়ামী লীগ’ বলে তার ওপর হামলা করে।
বক্তব্য জানতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সাদ্দামের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি শুনেছি। বিএনপির সিনিয়র নেতারা বিষয়টি বসে সমাধান করবেন বলে দায়িত্ব নিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন