
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭: ৪৫
আগামী মাসেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পতন ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ।
একই বিবৃতিতে ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। পাশাপাশি গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি জানান। এই হামলার ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন ডাকসু ভিপি।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।
সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি তার বক্তব্যে আরো বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে এবং চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে। তবে দেশের জনগণ আগামী ডিসেম্বরেই এই অপশক্তির রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন