
দুই দশকের মধ্যে প্রথমবারের মতো পুরো গাজা ভূখন্ডে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলের মন্ত্রিসভা। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির জন্য চাপ বাড়লেও, ইসরায়েলি নেতৃত্ব ক্রমশ কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন গাজা উপত্যকার পুরোটা দখলের দিকে ঝুঁকছেন। হামাসের সঙ্গে দীর্ঘ ২২ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় এই সিদ্ধান্ত নিচ্ছে তার ডানপন্থী জোট সরকার।
এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘গাজা দখলের মধ্য দিয়ে ২০০৫ সালের বিতর্কিত একপাক্ষিক ‘প্রত্যাহার’ নীতিও কার্যত বাতিল হতে পারে।’
এদিকে ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ২২ মাসে ইসরায়েলের এই অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ৬০,০০০ মানুষ। এছাড়াও গৃহহীন হয়েছেন ২০ লাখের বেশি মানুষ, অর্থাৎ পুরো জনসংখ্যার প্রায় সবাই।
মঙ্গলবার (৫ আগস্ট) দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহতে ইসরায়েলি হামলায় আরও ১৩ জন নিহত হয়েছেন। এদের অধিকাংশই ছিলেন ত্রাণের জন্য অপেক্ষারত মানুষ। অন্যদিকে ইসরায়েলি সেনা ট্যাংক গাজার কেন্দ্রভাগে ঢুকে পড়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।