
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০: ২০ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০: ২০
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ফের বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার নাগপুরে ‘গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও’ শীর্ষক প্রতিবাদ ও জনসভার আয়োজন করেছে সংগঠনটি। স্থানীয় সময় বিকেল ৪টায় নাগপুরের সংবিধান চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ এবং দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা যোগ দেবেন বলে জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা-আহ্বায়ক অভিজিৎ দীপকে।
বুধবার এক সংবাদ সম্মেলনে দীপকে অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে এবং নির্বাচনে কারচুপির মাধ্যমে জনগণের রায়কে প্রভাবিত করা হচ্ছে। তার দাবি, নির্বাচন এখন নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, দেশ পরিচালিত হতে হবে ড. বি আর আম্বেদকরের প্রণীত সংবিধান অনুযায়ী।
এদিকে, খরাপীড়িত বিদর্ভ ও মারাঠওয়াড়া অঞ্চলের কৃষকদের দুর্দশা ও সমস্যার কথা তুলে ধরতে ছয় দিনের ‘ক্যা বলতি পাবলিক’ প্রচারাভিযান শুরু করবে সিজেপি। দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা জানান, বিদর্ভ ও মারাঠওয়াড়ায় কৃষকদের সঙ্গে কথা বলবেন দলের সদস্যরা।
মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লি, কেরল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থানেও এই প্রচারাভিযান চালানো হবে। তরুণ, কৃষক, শ্রমিক ও নারীদের নিজেদের সমস্যা ও দাবি তুলে ধরার মঞ্চ করে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন