• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস ভারতের মধ্যপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো ৬৩৬ বছরের পুরোনো মসজিদ নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আ/গু/ন দেওয়ার ঘটনা ঘটেনি: এমপি মোশাররফ পটিয়ায় পুলিশ পরিচয়ে লাখ টাকা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে মারধর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি আরো জোরদার করেছে ইরান দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন চার চাপে পোশাকশিল্প ফ্যাসিস্ট আ.লীগের গোপন বৈঠক, নেতাকর্মীদের পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা নয়ন আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় যুবদলের মিছিল খেলোয়াড়ি অধ্যায় পেরিয়ে কোচিংয়ে কেইন উইলিয়ামসন

বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০২: ০৩

চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে এসব দেশ বৈশ্বিক বাজারে অন্যায্য সুবিধা নিচ্ছে—এমন অভিযোগ তুলে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে।

বুধবার ঘোষিত প্রস্তাবিত শুল্কের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়ন।

নতুন শুল্কের মধ্যে সবচেয়ে বেশি চাপ পড়বে চীনের ওপর। দেশটির পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনা পণ্যের ওপর প্রায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

তবে চীনের প্রায় ৩০ বিলিয়ন ডলারের পণ্যকে প্রস্তাবিত নতুন শুল্কের বাইরে রাখা হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্যব্যবস্থা ‘বোর্ড অব ট্রেড’-এর আওতায় এসব পণ্যের শুল্ক কমানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন নিজস্ব শিল্প খাতে ভর্তুকি দিয়ে ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ পণ্যের মতো বিভিন্ন পণ্য অতিরিক্ত পরিমাণে উৎপাদন করছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য সরবরাহ করে অন্য দেশগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তবে বেইজিং বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ কোনো বাস্তব সমস্যা নয়। রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে ব্যবহার করার বিরোধিতা করে চীন। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানান তিনি।

ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক পরিকল্পনার বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেন, সেকশন ৩০১-এর তদন্তের প্রাথমিক ফলাফল তারা পর্যালোচনা করবেন। তবে ইউরোপকে অতিরিক্ত উৎপাদনের উৎস হিসেবে বিবেচনা করার ভিত্তি প্রত্যাখ্যান করেছে ইইউ। বরং অতিরিক্ত উৎপাদনের কারণে ইউরোপ নিজেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি বলে মন্তব্য করেন তিনি।

সুইজারল্যান্ড সরকারও তদন্তের মাধ্যমে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, নরওয়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেন, নরওয়ের এমন কোনো নীতি নেই, যা অতিরিক্ত উৎপাদনে ভূমিকা রাখে। দেশটির প্রতিষ্ঠানগুলো বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে।

সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ ফেলো র‍্যাচেল জিয়েম্বা বলেন, ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ঠিক আগে এ ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সম্মেলনে শুল্ক নিয়ে আলোচনার সুযোগ তৈরি হলেও ২০২৭ সালে মূল্যস্ফীতির চাপ ও সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকি বাড়তে পারে। এতে জ্বালানির দাম কমার ফলে অর্থনীতিতে যে ইতিবাচক প্রভাব পড়ার কথা, তা-ও কিছুটা কমে যেতে পারে।

ধস যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে

নতুন শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। বুধবার দিনের শুরুতে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৩ দশমিক ৯ শতাংশ কমে যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচকের পতন হয় ২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক কমে ১ দশমিক ৪ শতাংশ।

অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দামও ৩ শতাংশের বেশি কমেছে। গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এ ধাতুর দাম।

তবে স্বর্ণের দাম কমার পেছনে শুধু শুল্ক ঘোষণাই দায়ী নয়। বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতিসংক্রান্ত তথ্যও এতে প্রভাব ফেলেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচকে ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। মূল্যস্ফীতি বাড়লে সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হয়, যা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারি বন্ডের মুনাফার হারও কমেছে। ইউরোজোনের মানদণ্ড হিসেবে বিবেচিত জার্মানির ১০ বছর মেয়াদি বন্ডের মুনাফার হার ৪ দশমিক ৫ বেসিস পয়েন্ট কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফার হার ৬ দশমিক ৮ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৮৩৪ শতাংশে নেমেছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এ বন্ডের মুনাফার হার কমেছে।

বিশ্লেষকদের মতে, নতুন শুল্ক পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ ও বাজারের অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!