• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

নতুন চুক্তি বা নবায়ন কোনোটিই হচ্ছে না

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮: ৪৩

এক মাসও বাকি নেই। আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বহুল আলোচিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি। পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সম্প্রতি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন একটি চুক্তি হবে। তবে তার সে প্রত্যাশা পূরণ হচ্ছে না। গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি বা বিদ্যমান চুক্তির নবায়নÑকোনোটিই হচ্ছে না।

পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় দুটির একাধিক কর্মকর্তা জানান, গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চিত। চুক্তির বিষয়ে আলোচনার জন্য পানিসম্পদমন্ত্রীর নেতৃত্বে গত এপ্রিল মাসে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করা হয়। গত জুন মাস থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার বিষয়টি ভারত সরকারকে অবহিত করার পাশাপাশি আলোচনার জন্য অনুরূপ কমিটি গঠনের জন্য অনুরোধ জানানো হয়। সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত ঢাকার অনুরোধে কোনো ধরনের সাড়া দেয়নি দিল্লি।

কর্মকর্তারা আরো জানান, কোনো একটি পর্যায়ে ভারত আনুষ্ঠানিক আলোচনায় রাজি হলেও চূড়ান্ত চুক্তির জন্য বেশ সময় লাগবে। গঙ্গার পানিবণ্টন নিয়ে নেগোসিয়েশন বা আলোচনাই চলবে ছয় মাস থেকে এক বছর। সব মিলিয়ে এই মুহূর্তে গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন কোনো চুক্তি স্বাক্ষর অথবা বিদ্যমান চুক্তির নবায়ন এক প্রকার অসম্ভব।

গত ৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, চুক্তির শর্তাবলি নিয়ে কাজ করার জন্য একটি কাঠামোগত ব্যবস্থা রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) আছে, যেখানে উভয় দেশে প্রবাহিত নদী নিয়ে আলোচনার কাঠামোগত ব্যবস্থা রয়েছে। তিনি জানান, গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে নতুন কোনো তথ্য নেই।

বিশ্লেষকরা মনে করছেন, গঙ্গা পানিবণ্টন চুক্তির বিষয়টি জটিল পরিস্থিতি ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। বিষয়টি বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় ইস্যু হলেও এটি এখন অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভূরাজনীতির গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে, যা ঢাকা-দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশ্লেষকরা বলছেন, গঙ্গার পানিবণ্টন ইস্যুটি বাংলাদেশের রাজনীতির জন্য সংবেদনশীল হলেও বাংলাদেশ চাইছে নতুন একটি চুক্তির মাধ্যমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হোক। অন্যদিকে ভারত ইস্যুটিকে বাংলাদেশের সঙ্গে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার পাশাপাশি ভূরাজনৈতিক সমীকরণকে বিবেচনায় নিচ্ছে।

ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ গ্যারান্টি ক্লজসহ একটি দীর্ঘমেয়াদি চুক্তি চাইছে। দিল্লির পক্ষে এটা মানা সম্ভব নয়। ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে চলমান টানাপোড়েন, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি, সর্বোপরি চীনের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ঘনিষ্ঠতা গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ আরো জটিল করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন তারা।

গঙ্গার পানিবণ্টন নিয়ে উদ্ভূত এই জটিল পরিস্থিতি সম্পর্কে দিল্লির কূটনৈতিক সূত্র এবং ভারতে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক এক হাইকমিশনার আমার দেশকে বলেন, ইস্যুটিকে ভারত ঝুলিয়ে রেখে বাংলাদেশের ওপর নানাভাবে চাপ বাড়াবে। কোনোকিছুই তারা স্পষ্ট করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভবিষ্যৎ দিল্লি সফরে এ ব্যাপারে ভারত সরকারের বার্তা পাওয়া যেতে পারে। এখন ঢাকাকে চাপে রাখার কৌশল নিয়েছে দিল্লি।

তারা বলেন, গঙ্গার পানিবণ্টন ইস্যুটি ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় বিষয়। এখানে বিহার ও পশ্চিমবঙ্গকে দুটি পক্ষ হিসেবে হাজির করা হচ্ছে। মোদি সরকারের ঘনিষ্ঠ মিত্র জনতা দল (ইউনাইটেড) প্রকাশ্যে গঙ্গাচুক্তির বিরোধিতা করছে। দলটির সভাপতি সঞ্জয় কুমার ঝা বিহারের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি গঙ্গা পানিচুক্তি নিয়ে সম্পূর্ণ নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে পানি নিয়ে যেকোনো আলোচনায় বিহারের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে।

সব মিলিয়ে গঙ্গা পানিচুক্তি নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই ঢাকাকে চাপে রাখতে চাইছে দিল্লি।

ভারতের সঙ্গে পানি নিয়ে বিরোধ শুরু সেই পাকিস্তান আমল থেকে। ১৯৬০-এর দশকে ফারাক্কা ব্যারাজকে কেন্দ্র করে যে বিরোধের সূত্রপাত হয়েছিল, পরবর্তীকালে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়। ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সরকারের প্রবল বিরোধিতার মুখে সীমান্তের ১৮ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের কাজ শুরু হয় এবং ১৯৭৫ সালে এর নির্মাণকাজ শেষ হয়। ভারত ফারাক্কা ব্যারাজের মাধ্যমে গঙ্গার পানির একটি অংশ হুগলি নদীতে সরিয়ে নেয়। ফলে শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ কমে যায় এবং এর বিরূপ প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের পদ্মা নদীর ওপর।

১৯৭৫ সালের পটপরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় এলে ফারাক্কার বিরূপ প্রতিক্রিয়া নিয়ে সোচ্চার হয় বাংলাদেশ। ১৯৭৬ সালে মওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করায় তীব্র প্রতিবাদ জানানো হয়।

এছাড়া পানিবণ্টনের ইস্যুটি জিয়াউর রহমান সরকারের পক্ষ থেকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তোলা হয়। তখন জাতিসংঘের পক্ষ থেকে পানিবণ্টনের বিষয়ে একটি বিবৃতিও দেওয়া হয়েছিল। ১৯৭৭ সালে ভারত গঙ্গার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি চুক্তিতে সম্মত হয়। ওই চুক্তিতে বাংলাদেশের প্রাপ্যতা নিশ্চিতে একটি গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়। তাতে বলা হয়, গঙ্গায় পানির প্রবাহ যাই হোক না কেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশের যে পরিমাণ পানি পাওয়ার কথা, তার ৮০ শতাংশ পানি বাংলাদেশকে দিতেই হবে।

১৯৮২ সালে স্বৈরাচার জেনারেল এরশাদ ক্ষমতায় আসার পর ভারতের অনুরোধে একটি সমঝোতা স্মারকের আওতায় ১৯৭৭ সালের চুক্তির গ্যারান্টি ক্লজ তুলে নিতে সম্মত হয় বাংলাদেশ, যা ছিল একটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত। পরে এরশাদ আমলে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষ থেকে আর তেমন কোনো তৎপরতা ছিল না।

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর গঙ্গার পানি ইস্যুতে আবার সোচ্চার হয় বাংলাদেশ। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন ও ফারাক্কা বাঁধের বিষয়টি একাধিকবার তুলে ধরেন। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর ওপর দেশটির আইনগত ও ন্যায্য অধিকারের কথা জোরালোভাবে তুলে ধরেন।

তিনি অভিযোগ করেন, শুষ্ক মৌসুমে ভারত ফারাক্কা বাঁধের উজানে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় বাংলাদেশে তীব্র খরা দেখা দেয় এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছাড়ায় ভয়াবহ বন্যা হয়। একই বছরের অক্টোবর মাসে কমনওয়েলথ শীর্ষ বৈঠকেও তিনি গঙ্গার পানি সমস্যার বিষয়টি উত্থাপন করেন এবং এটিকে বাংলাদেশের মানুষের জন্য ‘জীবন-মরণের প্রশ্ন’ হিসেবে বর্ণনা করেন। ১৯৯৫ সালের ২৩ অক্টোবর জাতিসংঘের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও তিনি ফারাক্কা সমস্যার কথা পুনর্ব্যক্ত করেন এবং এই সংকট সমাধানে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে গঙ্গার পানিবণ্টন নিয়ে কোনো চুক্তিতে স্বাক্ষর করতে ভারত তখন সম্মত হয়নি।

১৯৯৬ সালের নির্বাচনে দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসায় গঙ্গার পানিবণ্টন নিয়ে চুক্তিতে সম্মত হয় দিল্লি। তখন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন নিয়ে চুক্তিতে সমর্থন জানান।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষর করেন। ৩০ বছর মেয়াদি ওই চুক্তিটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নযোগ্য। এতে শুষ্ক মৌসুমে (১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত) ফারাক্কায় গঙ্গার পানিবণ্টনের নিয়ম নির্ধারণ করা হয়।

ফারাক্কা ব্যারাজে ১০ দিনের গড় প্রবাহের ওপর ভিত্তি করে নির্ধারিত হয় কে কতটুকু পানি পাবে। যদি পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হয়, তবে ভারত ও বাংলাদেশ ৫০ শতাংশ করে পানি পাবে। যদি প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে হয়, তবে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং বাকি অংশ পাবে ভারত। আর যদি প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হয়, তবে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং বাকি অংশ পাবে বাংলাদেশ।

শুষ্ক মৌসুমের সবচেয়ে সংকটপূর্ণ সময়ের জন্য একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়। ১১ মার্চ থেকে ১০ মে’র মধ্যবর্তী সময়ে তিনটি পর্যায়ক্রমিক ১০ দিনের মেয়াদে ভারত ও বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার নিশ্চয়তা পায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তিতে বাংলাদেশের জন্য কোনো নির্দিষ্ট ন্যূনতম বার্ষিক প্রবাহের কথা উল্লেখ নেই। চুক্তিতে কোনো গ্যারান্টি ক্লজও ছিল না।

এছাড়া চুক্তিতে সালিশিসংক্রান্ত ধারার (Arbitration Clause) অনুপস্থিতি পরবর্তীকালে বড় সমস্যা তৈরি করে। ভারত সে সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা বাংলাদেশের ভূখণ্ডে পদ্মা নদীর ওপর একটি ব্যারাজ নির্মাণ করবে। চুক্তিতে সালিশিসংক্রান্ত ধারা অন্তর্ভুক্ত না করার বিনিময়েই ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ভারত সে প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং বাংলাদেশ কখনোই চুক্তিমতো পানি পায়নি। গঙ্গার পানিবণ্টন চুক্তিটি এমন একটি সময়ে শেষ হচ্ছে, যখন ভারত পানি ইস্যুকে তার ভূরাজনৈতিক স্বার্থে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু পানিচুক্তি’ (Indus Waters Treaty) স্থগিত করে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সালিশি প্যানেল রায় দিয়েছে, ভারতকে অবশ্যই ওই চুক্তির শর্তাবলি মেনে চলতে হবে। তবে নয়াদিল্লি এ রায় প্রত্যাখ্যান করে বলেছে, প্যানেলটির এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই।

সিন্ধু নদের ঘটনাটি প্রতিবেশীদের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে এসেছে। ভারত প্রতিবেশীদের চাপে রাখতে আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতাকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। সিন্ধু পানিচুক্তির বিষয়ে ভারতের বেআইনি পদক্ষেপ বাংলাদেশের জন্যও এক ধরনের বার্তা হতে পারে।

বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন ইস্যুতে ভারত সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে তেমন কোনো বক্তব্য-বিবৃতি না এলেও ভারতীয় বিশ্লেষক এবং বিভিন্ন থিংকট্যাংক ব্যাপক সোচ্চার। তারা গঙ্গাচুক্তির ভবিষ্যৎ নিয়ে বহুমুখী বিশ্লেষণ করছে, যেখানে ভারত সরকারের মতামতই প্রতিফলিত হচ্ছে।

ভারতীয় থিংকট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ভাইস প্রেসিডেন্ট নীলাঞ্জন ঘোষ ‘গঙ্গাচুক্তির ৩০ বছর : কেন কেবল পানিবণ্টনই যথেষ্ট নয়’ শিরোনামে এক নিবন্ধে লিখেছেন, ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং পরবর্তীকালে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তা ভূরাজনৈতিক পরিবেশকে বদলে দিয়েছে। ফারাক্কার বিষয়ে বিএনপির ঐতিহাসিক সমালোচনা এবং শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিশ্চিত করার ওপর তাদের জোর দেওয়ার বিষয়টি গঙ্গার পানিবণ্টন আলোচনাকে রাজনৈতিকভাবে সংবেদনশীল করে তুলতে পারে।

তিনি বলেন, ভারতে শেখ হাসিনার উপস্থিতি, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত দ্বিপক্ষীয় উত্তেজনা এ বিষয়ে চুক্তি স্বাক্ষরকে আরো জটিল করে তুলতে পারে। এছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা বিষয়টিতে নতুন একটি কৌশলগত মাত্রা যোগ করেছে। তবে প্রতিবেশী অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ভারতের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন এই বিশ্লেষক।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ’-এর রিসার্চ ফেলো ড. অমিত রঞ্জন ‘গঙ্গা পানিচুক্তি : নবায়নের অনিশ্চিত সম্ভাবনা’ শিরোনামে এক নিবন্ধে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা পানিচুক্তি ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি চায়, যাতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অন্যতম প্রধান মিত্র দল ‘জনতা দল (ইউনাইটেড)’ এই চুক্তি নবায়নের বিরোধিতা করেছে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে নেওয়া যেকোনো সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে একটি বড় নিয়ামক হয়ে উঠতে পারে। তবে বিভিন্ন পক্ষের পরস্পরবিরোধী দাবিগুলোর মধ্যে সমন্বয় সাধন করাই এখন বড় চ্যালেঞ্জ।

এদিকে, গঙ্গার পানিবণ্টন ইস্যুতে নেগোসিয়েশনের ব্যাপারে সরকারকে সতর্ক করে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেছেন, গঙ্গাচুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। বিষয়টি নিয়ে সরকার কতটা সিরিয়াস, আমি জানি না। ভারতের মতো একটি দেশের সঙ্গে আমাদের নেগোসিয়েট করতে হবে, যারা আন্তর্জাতিক আইন বা রীতিনীতি কোনোকিছুই মানতে চায় না।

তিনি বলেন, এ ব্যাপারে সরকারের জোরালো কোনো পদক্ষেপ দেখছি না। গঙ্গার পানিবণ্টন নিয়ে তেমন কোনো আলোচনাই তো হচ্ছে না। জানি না এই চুক্তির ভবিষ্যৎ কী। আলোচনার মাধ্যমে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। গঙ্গার পানিবণ্টনসহ ভারতের সঙ্গে যেসব ইস্যু রয়েছে, সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে যদি ঐকমত্য না হয়, তাহলে দেশ হিসেবে আমাদের বড় ধরনের মূল্য দিতে হতে পারে।

গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সরকার দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সোচ্চার বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গত ১০ নভেম্বর জাতীয় সংসদে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরব ভূমিকা পালন করছে। গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তি স্বাক্ষরের জন্য সরকার ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করে ভারতকে আলোচনার আহ্বান জানিয়েছে।

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন-সংক্রান্ত বর্তমান চুক্তিগুলো পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনসহ ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে একটি সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!