• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান হাসিনা

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০: ১৪ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০: ১৬

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র।

শেখ হাসিনার দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানানোর ঘটনা এটাই প্রথম। বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে এ দিন বাংলাদেশের বিজয় অর্জিত হয়।

শেখ হাসিনার এই ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার পর দেশে সহিংসতাও বেড়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য একইভাবে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

তবে গত রোববার রয়টার্সকে বাংলাদেশের একজন মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। ওই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

জাতিসংঘের হিসাবে, ওই আন্দোলন ও সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগেই শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!