• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৭: ৪২

রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেল পৌনে ৫টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আসলামকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার নেপথ্যের ইন্ধনদাতাদের চিহ্নিত করা, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন খন্দকার নাইম আহমেদ টিটন। পরদিন এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকার বাসিন্দা টিটন দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পান এবং রাজধানীর হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় বসবাস শুরু করেন। তিনি নতুন করে ব্যবসা শুরুর উদ্যোগ নিয়েছিলেন এবং একটি গরুর হাটের ইজারা নেওয়ার চেষ্টা করছিলেন। এই ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাজাহান ও রনিসহ কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়।

মামলার বিবরণ অনুযায়ী, বিরোধ মীমাংসার কথা বলে প্রতিপক্ষ তাঁকে ডেকে নিলে ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীসহ বেশ কয়েকজন তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও গোয়েন্দা তথ্যমতে, নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতে আলোচিত ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় তার পৈতৃক নিবাস হলেও তিনি বেড়ে ওঠেন রাজধানীর ইন্দিরা রোডে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!