• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]

মিয়ানমারের বিরুদ্ধে বৈশ্বিক অ/স্ত্র নিষেধাজ্ঞা ও আইসিসিতে বিচারের দাবি অ্যামনেস্টির

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১১: ১৪

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়া, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এ ঐতিহাসিক রায়ে ৯-৬ ভোটে আদালত বলেন, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল।

রায়ের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তি, তাদের পরিবার ও বেঁচে যাওয়া মানুষের জন্য বিরল ন্যায়বিচারের মুহূর্ত হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি বলেছে, দীর্ঘদিনের অস্বীকার, দায়মুক্তি ও সত্য গোপনের পর আদালতের এ সিদ্ধান্ত রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার ঐতিহাসিক ও কর্তৃত্বপূর্ণ স্বীকৃতি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারের সরকার ও সামরিক কর্তৃপক্ষ রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করেছে। তাদের জন্য প্রাতিষ্ঠানিক বৈষম্য, বিচ্ছিন্নতা ও নিপীড়নের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ বর্ণবৈষম্যের (অ্যাপার্টহাইড) পর্যায়ে পড়ে।

তিনি বলেন, রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে আটকে রাখা, বাড়িঘর ও গ্রাম পুড়িয়ে দেওয়া, ব্যাপক হত্যাকাণ্ড এবং যৌন সহিংসতার মতো অপরাধ দীর্ঘদিন ধরে চালানো হয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযানেও এসব নৃশংসতার ব্যাপকতা দেখা গেছে।

ক্যালামার্ডের মতে, আন্তর্জাতিক বিচার আদালতের এ চূড়ান্ত রায় মিয়ানমারের ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা। স্বাধীন তদন্তকারী ও আন্তর্জাতিক আদালতের অনুসন্ধান উপেক্ষা করার সুযোগ নেই। গাম্বিয়া উদ্যোগ না নিলে ন্যায়বিচারের এ প্রক্রিয়া শুরু হতো না বলেও উল্লেখ করেন তিনি।

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ

আদালতের রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তাদের চলমান লঙ্ঘন বন্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণহত্যায় জড়িত থাকার যৌক্তিক সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজন হলে বিচার ও শাস্তির ব্যবস্থা করতে বলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে, সে নিশ্চয়তা দেওয়ার নির্দেশও রয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থাও করতে হবে।

তবে ক্ষতিপূরণের পরিমাণ ও অন্যান্য প্রতিকার কীভাবে কার্যকর হবে, তা পরবর্তী পর্যায়ের শুনানিতে নির্ধারণ করা হবে। এ বিষয়ে আদালতকে দুই বছরের মধ্যে গৃহীত পদক্ষেপ ও ক্ষতিপূরণের পরিমাণ সম্পর্কে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালত আরো বলেছে, মিয়ানমার গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে, অপরাধীদের শাস্তি দেয়নি এবং গণহত্যার অভিযোগসংক্রান্ত প্রমাণ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেয়নি।

মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি অ্যামনেস্টির

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের নেতৃত্ব দেওয়া সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং বর্তমানে মিয়ানমারের প্রেসিডেন্ট। বিতর্কিত নির্বাচনের পর তিনি এ পদে বসেছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে তাঁকে স্বাগত জানানো উচিত নয় বলে মনে করে সংস্থাটি। কারণ, দেশটিতে এখনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে।

এ অবস্থায় মিয়ানমারে সব ধরনের অস্ত্র, নিরাপত্তা ও নজরদারি সরঞ্জাম এবং সামরিক সহায়তা সরবরাহ বন্ধ করতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির সামগ্রিক পরিস্থিতি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর দাবি জানিয়েছে।

সংস্থাটি আরও বলেছে, মিয়ানমারকে অবিলম্বে আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলতে হবে। আসিয়ানভুক্ত দেশসহ অন্যান্য রাষ্ট্রেরও গণহত্যা সনদ ও আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব পালন করা প্রয়োজন। গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে তাদের সাধ্যের মধ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

অ্যামনেস্টির মতে, এ রায়কে কার্যকর করতে ব্যর্থ হলে মিয়ানমারের সামরিক বাহিনী আন্তর্জাতিক আইন অমান্য করার ক্ষেত্রে আরও উৎসাহিত হবে এবং দীর্ঘদিনের দায়মুক্তির সংস্কৃতি অব্যাহত থাকবে।

গাজায় ইসরাইলের বিরুদ্ধে মামলায়ও তাৎপর্যপূর্ণ হতে পারে রায়

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের এ সিদ্ধান্ত গাজায় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গণহত্যার উদ্দেশ্যের পাশাপাশি সামরিক লক্ষ্যও থাকতে পারে—আন্তর্জাতিক বিচার আদালতের এই ব্যাখ্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলায়ও এ বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।

২০২৩ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ওই মামলার চূড়ান্ত রায় এখনো আসেনি। তবে মিয়ানমারের মামলায় গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ এবং সামরিক অভিযানের নামে সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ডের মূল্যায়নে আদালতের পর্যবেক্ষণ ভবিষ্যৎ বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে।

রোহিঙ্গাদের লড়াই শেষ হয়নি

অ্যামনেস্টি বলেছে, আন্তর্জাতিক আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের সংগ্রামের শেষ নয়। বরং এটি দীর্ঘদিনের জবাবদিহি প্রতিষ্ঠার প্রক্রিয়ার সূচনা হওয়া উচিত। গণহত্যার শিকার ব্যক্তি ও তাদের স্বজনেরা পূর্ণাঙ্গ ও কার্যকর ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। পাশাপাশি তাদের জন্য অব্যাহত মানবিক সহায়তা, অন্য দেশে পুনর্বাসনের সুযোগ এবং আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক ও আর্থিক সমর্থন প্রয়োজন।

অ্যামনেস্টি আরও জানিয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে অতীতে ও বর্তমানে সংঘটিত সব ধরনের আন্তর্জাতিক অপরাধ—যুদ্ধাপরাধ, বর্ণবৈষম্য এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের কার্যকর তদন্ত করতে হবে। এসব অপরাধে জড়িত থাকার সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আনুমানিক ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। তাঁদের অনেকের বাড়িঘর ও গ্রাম রাখাইন রাজ্যে ধ্বংস হয়ে গেছে। ২০১৬ সাল থেকে মিয়ানমারের সহিংসতার কারণে আট লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। শুধু ২০১৭ সালের সামরিক অভিযানের সময়ই কয়েক সপ্তাহের মধ্যে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

রাষ্ট্রের দায় নির্ধারণ, ব্যক্তির বিচার আলাদা

আন্তর্জাতিক বিচার আদালতের এ মামলাটি দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালে ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে দেশটি মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে দায়ের করা এ মামলায় রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করেছে। এটি কোনো ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার নয়। ব্যক্তিগত অপরাধের দায় নির্ধারণের বিষয়টি আলাদা বিচারপ্রক্রিয়ার আওতাভুক্ত।

অ্যামনেস্টি জানিয়েছে, ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্বাসন ও নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। তবে ওই আবেদনের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সংস্থাটির মতে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে বিভিন্ন দেশের আদালতে সর্বজনীন বিচারব্যবস্থার আওতায়ও পৃথক মামলা চলছে।

আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে শুধু রায় ঘোষণাই যথেষ্ট নয়; ক্ষতিপূরণ, নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক বিচার আদালত ও দ্য নিউইয়র্ক টাইমস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!