• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৫: ০৬

বদলে যাচ্ছে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার চিরচেনা দৃশ্যপট। খাঁচায় বন্দিদশার বদলে প্রাণীদের উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে বিচরণ এবং দর্শনার্থীদের বিশ্বমানের বিনোদন সুবিধা দিতে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে থাকবে প্রাণীদের শ্রেণিভেদে আলাদা জোন, হাঁটার রাস্তা, শিশু ও পর্যটকদের জন্য আধুনিক ট্রাম, কাচের বেষ্টনীসহ নানা সুযোগ-সুবিধা।

একইসঙ্গে রংপুর চিড়িয়াখানাকেও আধুনিক ও আন্তর্জাতিক মানে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ৩৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ও রংপুর চিড়িয়াখানার সামগ্রিক উন্নয়নে প্রাথমিকভাবে ১,২৬৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। তবে সরকারের অর্থ সংস্থানের সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে প্রস্তাবিত ব্যয় কমিয়ে ১,২৩৩ কোটি টাকা নির্ধারণ করা হয়। পুরো মহাপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের প্রথম পর্যায়ে ৩৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অবশিষ্ট কাজ পরবর্তী ধাপগুলোতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি প্রকল্পটি মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য অপেক্ষমাণ রয়েছে। পিইসির মূল্যায়ন ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের প্রধান এই বিনোদনকেন্দ্রে প্রাণীদের আবাস ব্যবস্থা, দর্শনার্থীদের অভিজ্ঞতা এবং সামগ্রিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নের মাধ্যমে দেশের চিড়িয়াখানা ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগ বাস্তব রূপ পাবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক ড. বজলুর রহমান আমার দেশকে বলেন, প্রাথমিক পর্যায়ে চিড়িয়াখানার একটি খালি জায়গার উন্নয়নের কাজ করা হবে, যাতে বিদ্যমান কার্যক্রম ও প্রাণীদের আবাসস্থলে কোনো বিঘ্ন না ঘটে।

তিনি জানান, ঢাকা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার একটি প্রকল্প প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মাস্টারপ্ল্যান অনুযায়ী চিড়িয়াখানা দুটির অবকাঠামোগত উন্নয়ন, প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি, আধুনিক বেষ্টনী নির্মাণ এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি। পুরো প্রকল্পটিই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, আধুনিক চিড়িয়াখানাগুলোতে যেভাবে প্রাণীদের রাখা হয়, ঢাকা ও রংপুর চিড়িয়াখানাতেও সে আদলে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে ১০২ প্রজাতির দেশি প্রাণীকে এ প্রকল্পের আওতায় আরো উন্নত ও আধুনিক পরিবেশে রাখা হবে।

এছাড়া বাঘের সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সেখানে বাঘকে ছোট খাঁচায় বন্দি রাখার বদলে বনের মতো বিস্তৃত পরিবেশে রাখা হবে। দর্শকদের নিরাপত্তার জন্য বাঘের বেষ্টনীর চার পাশে প্রায় আট মিটার গভীর খাল খনন করা হবে। যাতে বাঘ সহজেই লাফিয়ে পার হতে না পারে।

অতিরিক্ত নিরাপত্তার জন্য থাকবে বিশেষ কাচের সুরক্ষা। এছাড়া দর্শনার্থীরা হেঁটে চলাচলের পাশাপাশি বিশেষ ট্রামে চড়ে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে পারবেন।

এ প্রসঙ্গে বজলুর রহমান বলেন, প্রকল্পটির অন্যতম লক্ষ্য প্রাণীদের কল্যাণ নিশ্চিত করা এবং বাঘের মতো বড় প্রাণীকে ছোট পরিসরে আটকে না রেখে তার স্বাভাবিক আবাসস্থলের অনুকূল পরিবেশ দেওয়ার পরিকল্পনা।

মাস্টারপ্ল্যান অনুযায়ী ঢাকা জাতীয় চিড়িয়াখানাকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে উত্তর পাশের খালি জায়গাকে কাজে লাগিয়ে শুধু ‘বাংলাদেশ হ্যাবিটেট’ নিয়ে কাজ শুরু হবে। যাতে দেশি প্রজাতিগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। শিশুদের বিনোদনের জন্য থাকবে একটি আলাদা অ্যাক্টিভ জোন।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে এ চিড়িয়াখানায় দুটি গেট রাখা হবে। একটি মূল গেট এবং দ্বিতীয় গেটটি ইস্টার্ন হাউজিংয়ের পেছনের দিকে স্থাপন করা হবে। এছাড়া পুরো চত্বরে সার্ভিস রুট ও হাঁটার পথ থাকবে।

বর্জ্য ব্যবস্থাপনার জন্য থাকবে আধুনিক ‘ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম’, মাস্টার ড্রেনেজ ও সৌরবিদ্যুতের ব্যবস্থা। দর্শনার্থীদের সুবিধার্থে নতুন করে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।

ঢাকা জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. শাহিনুর আলম আমার দেশকে বলেন, নিরাপত্তা বেষ্টনী না থাকায় বহিরাগত অপরাধী ও হকারদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এছাড়া আশপাশের মানুষের ফেলা ময়লা-আবর্জনা চিড়িয়াখানার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পটি পাস হলে চিড়িয়াখানা সুরক্ষায় ২৫ ফুট উঁচু সীমানা প্রাচীর নির্মাণ করা হবে এবং তার পাশ দিয়ে একটি নতুন হাঁটার রাস্তা তৈরি করা হবে।

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী চিড়িয়াখানাকে আফ্রিকান, সাভানা, নকটার্নাল ও বাংলাদেশ হ্যাবিটেটসহ বিভিন্ন অঞ্চলে ভাগ করা হবে। প্রথম ধাপে ‘বাংলাদেশ হ্যাবিটেট’-এর কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে খাঁচাবন্দি প্রথা থেকে বেরিয়ে প্রাণীদের জন্য মুক্ত ও প্রজাতিবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের সফল বাস্তবায়ন ঘটলে চিড়িয়াখানার পশুপাখির জন্য কাঙ্ক্ষিত ‘এনিমেল ওয়েলফেয়ার’ নিশ্চিত হবে। পাশাপাশি দর্শনার্থীরা একটি খাঁচামুক্ত প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে বন্যপ্রাণী মনিটরিং, সুন্দরবনের বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল হাসান খান আমার দেশকে বলেন, উদ্যোগটি সামগ্রিকভাবে ইতিবাচক। তবে এটি যে বন্দি জীবন থেকে সম্পূর্ণ মুক্ত জীবন—বিষয়টি ঠিক তেমন নয়। এটি মূলত আধুনিক চিড়িয়াখানার একটি ধারণা। সেখানে দৃশ্যত পরিবেশটি উন্মুক্ত মনে হলেও বাস্তবে পুরোপুরি উন্মুক্ত নয়।

তিনি বলেন, প্রাণীগুলো একটি নির্দিষ্ট বড় সীমানার মধ্যে থাকবে; তবে চারপাশে গিরিখাদ বা কাচের দেয়ালের মতো ব্যবস্থা রাখা হয়। ফলে মানুষের সঙ্গে প্রাণীর সরাসরি স্পর্শের সুযোগ থাকে না; আবার দৃষ্টিকটু কোনো লোহার বেড়াও দেখতে হয় না।

এ ধরনের উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা অত্যন্ত জরুরি মন্তব্য করে ড. মনিরুল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা ও আর্থিক সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে সরকারের বরাদ্দ প্রতিটি টাকার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। সব ধরনের নিয়ম-কানুন মেনে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে এ অর্থ যেন কেবল চিড়িয়াখানার প্রকৃত উন্নয়নেই কাজে লাগানো হয়, সেদিকে কঠোর নজর দেওয়া প্রয়োজন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!