• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

আরেকটি স্বপ্নের রাতের অপেক্ষায় বাংলাদেশ

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৫: ৫৬

সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ম্যাচ রয়েছে আজ। বেলা ৩টায় ভারত-ভুটান আর রাত সাড়ে ৮টায় বাংলাদেশ-পাকিস্তান ফাইনালে ওঠার লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে। দুটি ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই দুই ম্যাচকে ঘিরেই বাড়তি আগ্রহ ফুটবলপ্রেমীদের মধ্যে। বিশেষ করে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিকে ঘিরে সবচেয়ে বেশি উন্মাদনা তৈরি হয়েছে। এ ম্যাচের টিকিটের চাহিদা বেড়ে গেছে বহুগুণে। গত ম্যাচে হামজা চৌধুরী আর ফারহান আলী ওয়াহিদরা যে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন, মূলত সেটিই বাড়তি দর্শক টানছে মাঠে। ছন্দ ধরে রেখে আজ দর্শক-প্রত্যাশা পূরণের জন্য পাকিস্তানের বিপক্ষে আরেকটি স্বপ্নের রাত উপহার দিতে চায় বাংলাদেশও।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮২তম) চেয়ে পিছিয়ে পাকিস্তান (১৯৭তম)। অতীত পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে পিছিয়ে তারা। বাংলাদেশের সামনে চতুর্থবার সাফের ফাইনালে ওঠার হাতছানি। আগে তিনবার সাফের ফাইনালে খেলে একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ (২০০৩ সালে)। অন্যদিকে পাকিস্তান এখনো সাফের সেমিফাইনালের বাধাই পেরুতে পারেনি। শুধু তাই নয়, দুদলের মুখোমুখিতেও বাংলাদেশ এগিয়ে। এ পর্যন্ত দুদল ১৭টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি। আর পাকিস্তান জিতেছে ৫টি ম্যাচে। বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে। তা ছাড়া চলমান সাফে হট ফেভারিট বাংলাদেশ। সেখানে পাকিস্তানকে নিয়ে তেমন আলোচনা নেই। তবে এই পাকিস্তানই বাংলাদেশের সামনে শক্ত বাধা হয়ে দাঁড়াতে পারে। গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হার দিয়ে সাফের মিশন শুরু তাদের। তবে ওই ম্যাচের শেষ দিকে কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল করে পাকিস্তান যে ঝলক দেখায়, সেটি চিন্তার বিষয়। পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে তারা। এবার ফিফা উইন্ডোতে পাকিস্তান দলে যোগ দিলেন নতুন পাঁচ বংশোদ্ভূত ফুটবলার। সব মিলে আরো শক্তিশালী হয়ে ওঠা পাকিস্তান দলটি বাংলাদেশের বড় পরীক্ষা নিতে পারে।

পাকিস্তান ম্যাচের আগে বেশ সতর্ক বাংলাদেশ কোচ থমাস ডুলি। তিনি বলেন, ‘তাদের দলে চার-পাঁচজন নতুন খেলোয়াড় এসেছে। আমি শুরু থেকেই বলে আসছি, প্রতিটি দলই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক। এখন পাকিস্তানের বিপক্ষে খেলা হয়তো কঠিন হবে। তারা খুব শক্তিশালী। আপনারা জানেন, তারা এশিয়ান কাপে ফিলিপাইন এবং ভিয়েতনামের বিপক্ষে নিজেদের প্রমাণ করেছে। দারুণ ফল ছিল, দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। তাই তাদের আমরা হালকাভাবে নেব না। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। আমি দল নিয়ে খুশি। তবে আমাদের লড়তে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা দর্শকদের দেখাতে চাইব যে, আমরা ফুটবল খেলতে পারি, আমরা লড়তে পারি। পাকিস্তানকে হারানো সহজ হবে না। তবে তাদের আমাদের হারাতে হবে। তাদের সমীহ করি। অবশ্য সহজভাবে নেব না।’

সাফে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন পাকিস্তানের ১৯ বছর বয়সি স্ট্রাইকার নাজিব উল্লাহ খান। দুই ম্যাচে তিন গোল তার। তাকে নিয়ে বাড়তি কোনো ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ ডুলি জানান, পাকিস্তানের প্রত্যেককে নিয়েই সতর্ক বাংলাদেশ। স্বাগতিক শক্ত রক্ষণভাগ পাকিস্তানের আক্রমণ ব্যর্থ করতে পারে। টুর্নামেন্টে এখনো বাংলাদেশ কোনো গোল হজম করেনি। প্রতি ম্যাচেই ভালো করছে বাংলাদেশের রক্ষণভাগ। তাই রক্ষণভাগের খেলোয়াড়দের প্রতি আস্থা রয়েছে ডুলির। প্রবাসী ফুটবলাররা যোগ দেওয়ায় পাকিস্তান দল শক্তিশালী হলেও সেমিফাইনাল ম্যাচটিকে ফাইনাল মনে করেই খেলবে বাংলাদেশ। এমন বার্তা দিয়ে কোচ ডুলি বলেন, ‘আপনারা জানেন যে, এ ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। পাকিস্তান অন্যতম সেরা দল। ফাইনালে উঠতে হলে তাদের হারাতে হবে আমাদের। আর টুর্নামেন্ট জিততে হলে আমাদের প্রত্যেককে হারাতে হবে। এটিই আমাদের লক্ষ্য। আমরা শারীরিক ও মানসিকভাবে সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। ৪-০ গোলে ম্যাচ জিতলেও স্কোরলাইন আরো বড় হতে পারত। গত ম্যাচের ছন্দে এবার পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখতে চায় স্বাগতিকরা। কোচ ডুলি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, পাকিস্তান ম্যাচেও একই পারফরম্যান্স দেখাতে চায় তার দল। খেলোয়াড়রা জানেন, এজন্য কী করতে হবে তাদের। তারা বেশ ফুরফুরে মেজাজেই আছেন। বর্তমান দল যে শক্তি দেখাচ্ছে, ২৩ বছর পর আবারও সাফের শিরোপা জিততে পারে বলে মনে করেন ডুলি। গত ম্যাচে জাদুকরি এক গোল উপহার দিয়েছেন ফারহান। তার প্রশংসায় পঞ্চমুখ ডুলি। তার মতে, পেনাল্টি বক্সে ফারহানের ড্রিবলিং ও গতি প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করছে। গত ম্যাচে বদলি হিসেবে নেমে সুখি দুর্দান্ত খেলেছেন। আক্রমণভাগ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে কোচের। মাঠের দর্শকরা দলকে অনুপ্রেরণা জোগাবেন বলে জানান ডুলি। এদিকে ইনজুরির কারণে সাদ উদ্দিনকে ছাড়া খেলবে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই একাদশে পরিবর্তন আসবে। অনুশীলনে ফিরলেও একাদশে তপুকে চিন্তাভাবনা করে রাখতে চান কোচ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!