
উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৫: ৫৫
বিদেশ থেকে আমদানি করা সরকারি গম মোংলা বন্দরে পৌঁছানোর আগেই অন্য জাহাজে খালাস করে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশের যৌথ আভিযানিক দল। এ সময় ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে পাঁচজন আটক রয়েছেন। তবে জাহাজের মাস্টার পলাতক রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফরাজি ঘাটে এ অভিযান চালানো হয়। এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও নৌ পুলিশ অভয়নগর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সমুদ্রপথে বিদেশ থেকে আমদানি করা গমের একটি চালান মোংলা বন্দরের উদ্দেশে আসছিল। বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় অবস্থান করার সময় একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম বাংলাদেশের একটি লাইটার জাহাজে খালাস করে। পরে গমবোঝাই লাইটার জাহাজটি যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাটে নিয়ে অবস্থান করে।
এ তথ্যের ভিত্তিতে যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন গম ও লাইটার জাহাজটি জব্দ করে। এ সময় ছয়জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়। তবে জাহাজের মাস্টার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকারী এসআরবি-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য যাচাই করে এসআরবি-৬ ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫০ টন গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিদের পাশাপাশি জব্দ করা গম ও জাহাজ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে এসআরবি-৬ ও নৌ পুলিশের সদস্যদের পাশাপাশি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।
অভিযান শেষে আটক পাঁচজন এবং জব্দ করা গম ও লাইটার জাহাজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশ অভয়নগরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমদানি করা সরকারি গম কীভাবে বিদেশি জাহাজ থেকে অন্য জাহাজে খালাস করা হলো, এর সঙ্গে কারা জড়িত এবং গমের চালানটি কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল—এসব বিষয় তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন