• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে ছয় মাসের মধ্যে সরকারের পতন হবে: আল মামুন

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২৩: ১৪

সরকার জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে ব্যর্থ হলে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে আগামী ছয় মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক আল মামুন।

তিনি বলেন, সারের সিন্ডিকেটের কারণে সাধারণ কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষকদের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। কৃষকদের কাছে সার পৌঁছে দিতে ব্যর্থ হলে কৃষিমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার রাতে বদরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ড, উৎখাতের দাবি এবং ককটেল ও বোমা হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ও মশাল মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এর আগে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আল মামুন বলেন, সারা দেশের পাশাপাশি বদরগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি ঘটেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন সময় টাকা-পয়সা নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে বালু উত্তোলনের টাকা ভাগ-বাটোয়ারা করছেন। এসব অনিয়মের জবাব প্রশাসনকে দিতে হবে। বালু উত্তোলনের টাকা কোথায় যাচ্ছে, তার হিসাব বদরগঞ্জবাসীকে দিতে হবে। অবিলম্বে এসব সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত এবং বালু সিন্ডিকেটের মাধ্যমে যারা চাঁদাবাজি করছেন, তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। পুলিশ চাঁদাবাজদের গ্রেপ্তার না করলে থানার ওসিকেও সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আল মামুন বলেন, পলাতক শেখ হাসিনা দিল্লির সঙ্গে যোগসাজশ করে বাংলাদেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্বহীন একটি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন। বাংলাদেশের স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে দেশকে দিল্লির প্রভাবাধীন একটি প্রদেশে পরিণত করার অপচেষ্টা চালিয়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিল্লির আধিপত্য আরও শক্তিশালী করা।

মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, জিয়াউল আহসান একাই শতাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছেন। হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হতো। মানুষের মাথার মগজ থেকে রক্ত বের হলে তিনি আনন্দ বোধ করতেন বলেও অভিযোগ করেন আল মামুন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সরকার তারেক রহমানকে লন্ডন থেকে দেশে এনে প্রধানমন্ত্রী করেছে। অথচ যাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, তিনি দেশের মাটিতে ছিলেন না; ছিলেন শিলংয়ের একটি হোটেলে। সেখানে পালিয়ে থাকা ব্যক্তিকে দেশে এনে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা এনসিপির সদস্য সচিব আবু রেজা, যুগ্ম সদস্য সচিব মোহসীন আলী বকসি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজ, উপজেলা এনসিপির আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব সেতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক, পৌর এনসিপির আহ্বায়ক মনোয়ারা বেগম ও সদস্য সচিব মোস্তাফিজার রহমান প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!