
উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২: ৫২ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২: ৫৩
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রিন সিটিতে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই রুশ নাগরিকের দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বাথরুমে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন