• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০: ০৯

বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হাসিনার পক্ষে তার আইনি পরামর্শকদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ। তবে ভারত এ বিষয়ে বরাবরই আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারসংক্রান্ত। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, প্রত্যর্পণ চুক্তিতেই স্পষ্ট করা হয়েছে, কোন পরিস্থিতিতে কাউকে প্রত্যর্পণ করা যাবে আর কোন পরিস্থিতিতে যাবে না।

তার ভাষ্য, বাংলাদেশ সরকার যখন হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির কথা বলছে, তখন চুক্তির শর্তগুলোও বিবেচনায় নিতে হবে।

প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী বলা আছে? কোন অপরাধের ক্ষেত্রে কাউকে ফেরত পাঠানো যায়, রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে কী বিধান রয়েছে এবং কোন পরিস্থিতিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব?

মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুবাইয়ে আটক হওয়ার পর জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি প্রত্যর্পণ প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।’

মূলত পলাতক অপরাধীদের ফেরত আনার বিষয়ে বাংলাদেশে ‘বন্দি প্রত্যর্পণ আইন-১৯৭৪’ নামে একটি আইন রয়েছে। এই আইনের আওতায় পলাতক অপরাধীদের ফিরিয়ে আনতে অন্য দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করা হয়।

বাংলাদেশের সঙ্গে বর্তমানে দুটি দেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। দেশ দুটি হলো ভারত ও থাইল্যান্ড। হাসিনাকে ফেরানোর ক্ষেত্রেও বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কথা বলছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে। এই চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের কাছে থাকা অনুপ চেটিয়াকে ফেরত পেয়েছিল। অন্যদিকে ভারত বাংলাদেশের কাছ থেকে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে ফেরত নেয়।

২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়। এর ফলে কোনো অভিযুক্তকে ফেরত চাওয়ার সময় অনুরোধকারী দেশকে অভিযোগের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা দিতে হয় না। সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জমা দিলেই সেটিকে বৈধ প্রত্যর্পণ অনুরোধ হিসেবে বিবেচনা করা যায়।

শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বললেও ভারত সরকার বিষয়টিকে আইনি প্রক্রিয়ার মধ্যে রেখেছে। তার ভাষ্য, চুক্তির শর্তগুলোই নির্ধারণ করবে, ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব কি না।

তিনি বলেন, সব দিক বিবেচনায় ভারতের পক্ষে হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব হবে না বলেই তার মনে হয়। তবে হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তির একটি অনুলিপি প্রকাশ করা হয়েছে। চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে কোন কোন অপরাধকে প্রত্যর্পণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে, তা উল্লেখ রয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কর্মকাণ্ডকে বোঝাবে, যা উভয় দেশের আইনেই অন্তত এক বছর কারাদণ্ডযোগ্য। অর্থাৎ, কোনো ব্যক্তি এমন অপরাধ করলে, যার শাস্তি বাংলাদেশ ও ভারত—দুই দেশের আইনেই কমপক্ষে এক বছরের কারাদণ্ড, সে ক্ষেত্রে তাকে প্রত্যর্পণের অনুরোধ করা যাবে।

কোনো অপরাধ কর বা রাজস্বসংক্রান্ত হলেও তা প্রত্যর্পণযোগ্য হতে পারে। এমনকি অপরাধটি পুরোপুরি আর্থিক বা রাজস্বগত প্রকৃতির হলেও এই বিধান প্রযোজ্য হবে।

এ ক্ষেত্রে দুই দেশের আইনে অপরাধটির নাম বা শ্রেণিবিভাগ একই হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অপরাধ সংঘটনের জন্য কোনো কাজ করা হয়েছে, নাকি কোনো কাজ করা থেকে বিরত থাকা হয়েছে, সেটিও বিবেচ্য নয়। মূল বিষয় হলো, সংশ্লিষ্ট কাজটি উভয় দেশের আইনেই শাস্তিযোগ্য কি না।

এ ছাড়া কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা, অপরাধে সহায়তা, প্ররোচনা, উসকানি কিংবা সহযোগী হিসেবে অংশ নেওয়ার ক্ষেত্রেও প্রত্যর্পণ করা যাবে।

চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়ে বিধান রয়েছে। এতে বলা হয়েছে, কোনো অপরাধের অংশবিশেষ বা পুরো কার্যক্রম অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও প্রত্যর্পণ মঞ্জুর করা যেতে পারে।

তবে শর্ত হলো, সংশ্লিষ্ট কাজ ও এর ফলাফল অথবা প্রত্যাশিত ফলাফল সামগ্রিকভাবে বিবেচনা করলে অনুরোধকারী রাষ্ট্রের আইন অনুযায়ী সেটি প্রত্যর্পণযোগ্য অপরাধ হতে হবে।

রাজনৈতিক চরিত্রের অপরাধ হলে কী হবে

হাসিনার সমর্থকদের অনেকে প্রত্যর্পণ চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদকে সামনে আনছেন। তাদের দাবি, এই অনুচ্ছেদের কারণে হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত পাঠানোর আইনি সুযোগ নেই।

চুক্তির এই অনুচ্ছেদের শিরোনাম ‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’। এতে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের হলে সংশ্লিষ্ট রাষ্ট্র প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।

অর্থাৎ, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রকৃতির বলে বিবেচিত হলে তাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে।

তবে চুক্তিতে কিছু অপরাধের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেগুলো রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে গণ্য হবে না। এর মধ্যে রয়েছে, দুই দেশের স্বাক্ষর করা বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তির অধীনে যেসব কাজ বা কাজ থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

এ ছাড়া হত্যা, অনিচ্ছাকৃত হত্যা ও অপরাধমূলক নরহত্যাও এই তালিকায় রয়েছে।

তালিকায় আরো রয়েছে, মানুষের জীবন বিপন্ন করতে পারে বা সম্পত্তির গুরুতর ক্ষতি করতে পারে—এমন বিস্ফোরণ ঘটানো। মানুষের জীবন বিপন্ন করা কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে বিস্ফোরক তৈরি বা নিজের দখলে রাখাও এর অন্তর্ভুক্ত।

নিজের বা অন্য কারো মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ নিজের দখলে রাখা এবং কাউকে গ্রেপ্তার বা আটক করা ঠেকাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করাও এ ধরনের অপরাধের মধ্যে পড়বে।

এ ছাড়া জনসাধারণের সেবায় ব্যবহৃত হয় বা অন্য কোনো কাজে ব্যবহৃত হয়—এমন সম্পত্তির ক্ষতিসাধন, যদি তার উদ্দেশ্য মানুষের জীবন বিপন্ন করা হয়, সেটিও এই তালিকায় রয়েছে। অন্য কারো জীবন বিপন্ন হতে পারে জেনেও বেপরোয়াভাবে এমন কাজ করাও এর অন্তর্ভুক্ত।

অপহরণ, বলপূর্বক তুলে নেওয়া, বেআইনিভাবে আটক রাখা, স্বাধীনতাবঞ্চিত করা এবং কাউকে জিম্মি করার মতো অপরাধও রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে বিবেচিত হবে না। হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়াসহ আরো কিছু অপরাধ এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

কোন পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যাবে

প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগও রাখা হয়েছে। চুক্তির অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিভিন্ন ভিত্তি উল্লেখ করা হয়েছে।

এ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে, তাহলে তার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

এ ছাড়া যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে বা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেটি খুবই তুচ্ছ বা লঘু প্রকৃতির হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।

অপরাধ সংঘটনের পর কিংবা বেআইনিভাবে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিষয়টি বিবেচনায় নেওয়া যাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি বলে প্রতীয়মান হলেও প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানান তিনি।

ওই রায়ের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সময়ে বিএনপি সরকারের পক্ষ থেকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

সম্প্রতি হাসিনার পক্ষে তার আইনি পরামর্শকেরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ফলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন ধারা এবং সেগুলোর আইনি প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!