
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২: ২৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৬৮ জন। একই সময়ে তীব্র শীতের কারণে প্রাণ হারিয়েছে ৯ মাস বয়সী এক শিশু। এতে গাজায় প্রচণ্ড ঠান্ডাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ হাজার ৯৬৪ জন। এ ছাড়া একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের তালিকা যাচাই-বাছাই শেষে নতুন করে আরো ২১ জনের নাম মোট মৃত্যুর পরিসংখ্যানে যুক্ত করা হয়েছে। গত ৭ নভেম্বরের পর এবারই প্রথম মৃত্যুর সংখ্যা হালনাগাদ করা হলো।
এ নিয়ে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৯৫ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরো বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি শীতের তীব্রতা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষের জন্য ঠান্ডা মোকাবিলা কঠিন হয়ে পড়েছে। তীব্র শীতে এবার ৯ মাসের শিশুর মৃত্যুর ঘটনাও সেই মানবিক সংকটের ভয়াবহতা তুলে ধরেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন