
উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৭: ০৬
একসময় আলু চাষ ছিল কৃষকদের স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। সেই আলুই এখন কৃষকদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন, হিমাগারে সংরক্ষণ ও পরিবহনসহ প্রতি কেজি আলুতে খরচ পড়ছে প্রায় ২২ টাকা। অথচ বর্তমানে সেই আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ৯ থেকে ১০ টাকা কেজি দরে। এতে কেজিপ্রতি ১২ থেকে ১৩ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।
রংপুরের পীরগঞ্জ উপজেলার শাহ ইসমাইল গাজী স্টোরেজ, তোসির উদ্দিন স্টোরেজ ও সান্তনা স্টোরেজ ঘুরে দেখা গেছে, হিমাগার থেকে আলু উত্তোলনের সংখ্যা খুবই কম। দীর্ঘদিন ধরে হিমাগারে পড়ে রয়েছে বিপুল পরিমাণ আলু। বাজারে দাম কম থাকায় অনেক কৃষক ও ব্যবসায়ী আলু উত্তোলন করে বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছেন না।
ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতে প্রতি কেজি আলু ১৫ থেকে ১৬ টাকা দরে কিনতে হয়েছে। এর সঙ্গে হিমাগারের ভাড়া, বস্তা ও পরিবহন খরচ যুক্ত হয়ে প্রতি কেজিতে মোট খরচ দাঁড়িয়েছে প্রায় ২২ টাকা। কিন্তু বর্তমানে বাজারে আলুর দাম ৯ থেকে ১০ টাকা। ফলে আলু বিক্রি করলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের।
কৃষক আতিয়ার রহমান বলেন, ‘আমাদের আলু উৎপাদন করতেই কেজিপ্রতি প্রায় ১৫ টাকা খরচ হয়েছে। হিমাগারে রাখা ও অন্যান্য খরচসহ প্রতি কেজিতে মোট খরচ পড়েছে প্রায় ২২ টাকা। অথচ এখন সেই আলু ৯ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এতে আমরা ব্যাপক লোকসানের মধ্যে পড়েছি।’
আলু ব্যবসায়ী মঞ্জুর হোসেন বলেন, ‘এবার ১২ লাখ ৫৯ হাজার টাকার আলু কিনেছি। তখন প্রতি কেজি ১৫ থেকে ১৬ টাকা দরে কিনেছিলাম। কিন্তু এখন বাজারে দাম মাত্র ৯ টাকা। বর্তমান বাজারদর অনুযায়ী আমার প্রায় ৯ লাখ টাকা লোকসান হতে পারে।’
শাহ ইসমাইল গাজী স্টোরেজের ম্যানেজার মাহাবুর রহমান বলেন, ‘আমাদের হিমাগারে এখনো প্রায় অর্ধেক আলু জমা রয়েছে। এত দিনে সাধারণত চার ভাগের তিন ভাগ আলু উত্তোলন হয়ে যাওয়ার কথা। কিন্তু বাজারে আলুর দাম কম থাকায় ব্যবসায়ীরা আলু তুলছেন না।’
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, ‘আমাদের উপজেলায় আলুর যে চাহিদা রয়েছে, তার চেয়ে প্রায় ১ লাখ ৬ হাজার মেট্রিক টন আলু অতিরিক্ত উৎপাদিত হয়। এই অতিরিক্ত আলু বিদেশে রপ্তানি করা না গেলে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা কঠিন। কীভাবে আলু বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।’
এ বিষয়ে সহকারী পরিচালক ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাকিল আকতার জানান, বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের এই দুরবস্থা বিবেচনায় তাঁদের প্রণোদনার আওতায় আনা যায় কি না, সে বিষয়েও চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন