
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২১: ২২
কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার প্রত্যয় জানিয়েছে ভারত। তবে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানান।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও কনস্যুলার সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বিভিন্ন বিষয়ে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।
তিনি জানান, বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বৈঠক ও আলোচনা হয়েছে। পরবর্তী কনস্যুলার সংলাপের তারিখ উভয় দেশের সুবিধা বিবেচনা করে নির্ধারণ করা হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় কারিগরি পর্যায়সহ বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে ভারত।
উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পঞ্চম দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে করা আবেদনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সংলাপ আয়োজনের ওপরও।
এ ছাড়া শেখ হাসিনার দিল্লিতে অবস্থান এবং সেখান থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্য ঘিরেও দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করে ঢাকা।
তবে ওই আয়োজনে ভারতের কোনো ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকেও নয়াদিল্লি সমর্থন করে না বলে জানিয়েছিল দেশটির সরকার।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন