• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

সিলেটে ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দুই সাংবাদিক। তাঁদের দাবি, রোগীর স্বজনদের মারধরের দৃশ্য ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় দুই রোগীর স্বজনদেরও মারধর করা হয়।

গতকাল বুধবার রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অস্ত্রোপচার কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

.

অভিযোগকারী দুই সাংবাদিক হলেন সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার ও শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল। তাঁদের অভিযোগ, হামলার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কর্মবিরতির অজুহাতে তাঁদের ভর্তি নেওয়া হয়নি। পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসা নিয়েছেন।

রেজা রুবেলের ভাষ্য, হাসপাতালের রোগীর স্বজনদের মারধরের ঘটনার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। এ সময় আরও কয়েকজন সহকর্মী সেখানে উপস্থিত হন। একপর্যায়ে ছবি তুলতে গেলে তাঁদের ওপর হামলা করা হয়। এ সময় স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাঁদের মাথায় আঘাত করা হয়। হামলার সময় ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীরা তাঁদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। পরে অন্য সহকর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

.

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকিন হান্না বলেন, গতকাল হাসপাতালে রোগীর চাপ বেশি ছিল। অস্ত্রোপচারের জন্য প্রায় ৬০ জন রোগী ছিলেন। সেখানে ভিড় থাকায় সিরিয়াল নিয়ে ঝামেলা হয়। একপর্যায়ে রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালান। এ ঘটনায় দুই চিকিৎসক আহত হন। সেখানে রোগীর স্বজনদের মধ্যে একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছিলেন। এ সময় এমবিবিএস ও বিডিএসের শিক্ষার্থীরা হাত তোলেন। পরবর্তী সময়ে এ নিয়ে ঝামেলা হয়। যাঁরা সেখানে ছিলেন, তাঁদের পুলিশ নিয়ে গেছে।

দুই সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে রাকিন হান্না বলেন, ‘দুজনের কথা জানি না, একজনকে জানি। তবে তিনি আদৌ সাংবাদিক কি না। এখন মারার পর সব সাংবাদিক হয়ে যায়।’

হাসপাতালের উপপরিচালক হুমায়ুন কবিরকে গতকাল রাতে ও আজ বৃহস্পতিবার সকালে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, হাসপাতালের পরিস্থিতি শান্ত আছে।

.

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গতকাল রাত সাড়ে ১২টার দিকে নগরের চৌহাট্টা মোড়ে অবস্থান নেন সাংবাদিকেরা। তাঁরা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া, হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পরীক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতারা বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ বলেন, ‘এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!