• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২৩: ৫১

‘সার্ভে স্কুল হতে বুয়েট, গৌরবের ১৫০ বছর (১৮৭৬-২০২৬)’ প্রতিপাদ্য এবং ‘উই আর প্রাউড অফ আওয়ার ১৫০ ইয়ার্স হেরিটেজ’ স্লোগানকে সামনে রেখে আগামী ৬ থেকে ১৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে সপ্তাহব্যাপী ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই বর্ণাঢ্য উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা উপলক্ষে মঙ্গলবার বুয়েটের কাউন্সিল ভবনের সেমিনার রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮৭৬ সালে সার্ভে স্কুল হিসেবে যাত্রা শুরু করা বুয়েট দীর্ঘ পথপরিক্রমায় দেশের প্রকৌশল ও প্রযুক্তি খাতে অনন্য ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক এবং বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মোতালেব। তিনি এই মহাপুনর্মিলনীর মাধ্যমে অ্যালামনিদের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী আতিকুর রহমান ভূঁইয়া পিনু সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং উৎসব সফল করতে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন। এ ছাড়া ১৪তম মহাপুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য-সচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান সপ্তাহব্যাপী উৎসবের বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেন। উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুর রউফ আয়োজনের সার্বিক প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, এই উৎসব বুয়েটের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।

প্রধান অতিথির বক্তব্যে বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক এই আয়োজনকে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ও জাতীয় উন্নয়নের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন।

সভাপতির বক্তব্যে বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি প্রফেসর ড. আইনুন নিশাত বলেন, নলগোলা থেকে পলাশী—বুয়েটের দেড়শ বছরের এই দীর্ঘ পথচলা সবার জন্য অত্যন্ত গর্বের।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব ও অডিওভিজ্যুয়াল প্রদর্শনী শেষে উৎসবের আনুষ্ঠানিক লঞ্চিং করা হয়।

সপ্তাহব্যাপী উৎসবের কর্মসূচি

প্রথম দিন: ৬ জানুয়ারি ২০২৭, বুধবার

সকাল ৮টা থেকে বুয়েটের ৯টি হলে অনুষ্ঠিত হবে ‘হল-ডে প্রোগ্রাম’। এ ছাড়া থাকবে আনন্দ র‌্যালি ও শহীদ মিনারে জমায়েত। ৬৩টি স্টল নিয়ে ইঞ্জিনিয়ারিং প্রডাক্ট ইনোভেশন ফেয়ার, জব ফেয়ার ও বুক ফেয়ারের উদ্বোধন করা হবে। বিকেলে অনুষ্ঠিত হবে ড. জামিলুর রেজা চৌধুরী ৫ম স্মারক বক্তৃতা। সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ৬ ও ৭ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেজিস্ট্রেশন সামগ্রী বিতরণ ও জব ফেয়ার চলবে। পাশাপাশি ৬ থেকে ৯ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলাগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

দ্বিতীয় দিন: ৭ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার

এদিন ১৫০ বছর পূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন এবং বুয়েটের ইতিহাস ও অবদানবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। বিকেলে থাকবে উন্মুক্ত আলোচনা। সন্ধ্যায় অ্যালামনাই পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।

তৃতীয় দিন: ৮ জানুয়ারি ২০২৭, শুক্রবার

তৃতীয় দিন অনুষ্ঠিত হবে ১৪তম মহাপুনর্মিলনী। এদিন প্রামাণ্য ভিডিও প্রদর্শন, ১৫০ জন কৃতিমান অ্যালামনাইকে নিয়ে আলোচনা, খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে গ্র্যান্ড ডিনার।

চতুর্থ দিন: ৯ জানুয়ারি ২০২৭, শনিবার

চতুর্থ দিনে থাকবে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কর্মশালা ও সফল উদ্যোক্তাদের গল্প। বিকেলে বুয়েটের ৫০ ও ৩০ বছর পূর্তি উপলক্ষে গ্র্যাজুয়েটদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাতে উদ্যোক্তা ও স্পনসরদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।

পঞ্চম থেকে অষ্টম দিন: ১০-১৩ জানুয়ারি ২০২৭

উৎসবের শেষ চার দিনে অ্যালামনিদের জন্য থাকছে তিনটি ঐচ্ছিক ভ্রমণের সুযোগ। এগুলো হলো—

১. সুন্দরবন ভ্রমণ: ১০ থেকে ১৩ জানুয়ারি।

২. পদ্মা নদী ডে ক্রুজ: ১০ জানুয়ারি।

৩. গাজীপুরের সারাহ রিসোর্টে ডে ট্রিপ: ১০ জানুয়ারি।

আগামী ১৩ জানুয়ারি ভোর ৬টায় সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি ঘটবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!