• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শিল্পাঞ্চলে সহিংসতা ও নাশকতা চলছেই কুমিল্লায় আ.লীগের কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে আ/গু/ন সাত নম্বর জার্সিতে ফর্বসের জয়সূচক গোলে জিতল পর্তুগাল সংসদে এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের সিইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ওয়ানডে রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ রাণীশংকৈলে একই জমিতে শিম-আদা চাষে ঝুঁকছেন কৃষকরা

শিল্পাঞ্চলে সহিংসতা ও নাশকতা চলছেই

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১০: ০৮

সরকারের নানা উদ্যোগ, মজুরি বোর্ড গঠন এবং শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও ধারাবাহিক নাশকতা থামছে না। কয়েক দিন পরিস্থিতি কিছুটা শান্ত থাকার পর গতকাল মঙ্গলবার ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে আবার বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরেও শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে সেখানে কয়েক ঘণ্টা পণ্য ওঠানামা বন্ধ ছিল।

এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা শ্রমিক আন্দোলনকে উসকে দেওয়ার পাশাপাশি আগামীকালের কথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে। আগুন দেওয়া হচ্ছে বাস, ট্রেনসহ বিভিন্ন পরিবহনে। সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন ও ককটেল এবং পেট্রোলবোমা নিক্ষেপ করা হচ্ছে। গোয়েন্দা সূত্র বলছে, আওয়ামী সন্ত্রাসী বাহিনী রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে ঢাকার আশপাশের জেলায় প্রশিক্ষিত ক্যাডার বাহিনী নিয়োগ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপালগঞ্জ, ঢাকার সাভার ও আশুলিয়া এবং গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অন্তত ৪২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছেন এসআরবি ও এপিবিএন সদস্যরাও। জোরদার করা হয়েছে টহল ও তল্লাশি।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে সরকারি স্থাপনায় হামলা এবং সহিংসতা ছড়ানোর পরিকল্পনা করছেন। শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টাও করছেন তারা। গোপালগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব কর্মকাণ্ডে ইন্ধনদাতা, নির্দেশদাতা, অর্থায়নকারী ও সংগঠকদের শনাক্ত করতে কাজ করছেন গোয়েন্দারা। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিয়মিত অভিযান, টহল ও তল্লাশির পাশাপাশি সহিংসতায় জড়িতদের শনাক্তে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হচ্ছে।

গতকাল রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তার করা আসামিদের ছিনিয়ে নেয় আওয়ামী লীগকর্মীরা। তারা পুলিশের গাড়িও পুড়িয়ে দেয়। লুট করা হয় পুলিশের অস্ত্র। প্রাণভয়ে পুলিশ সদস্যরা থানা ছেড়ে কিছু সময়ের জন্য নিরাপদে চলে যেতে বাধ্য হন। সেখানে আওয়ামী সন্ত্রাসীরা জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাড়িতে আগুন দেয়। রাজধানীর মিরপুর, পল্লবী, বাড্ডা, মহাখালীসহ কয়েকটি স্থানে বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ ও যাত্রাবাড়ীসহ কয়েকটি স্থানে রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। অপরদিকে রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও পলাতক আওয়ামী লীগ নেতা মোজ্জাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে সন্ধ্যা থেকে রাজধানীসহ সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দাবি, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা অঞ্চলভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে নাশকতার নির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি অডিও বার্তায় আগামীকাল প্রতিটি ইউনিয়নে দুই থেকে তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো অডিওতে বিএনপি নেতাদের পিটিয়ে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিতে শোনা যায়।

পুলিশের দাবি, এসব কর্মকাণ্ডের সমন্বয়ে রয়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। গত কয়েক দিনে নানকের কয়েকটি অডিও-ভিডিও বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে নাশকতার নির্দেশ দিতে শোনা যায়।

গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, কেন্দ্রীয় সমন্বয়কদের পাশাপাশি আওয়ামী লীগের প্রায় এক ডজন পলাতক নেতা অঞ্চলভিত্তিক নাশকতার নির্দেশনা দিচ্ছেন। তাদের মধ্যে আছেন—ময়মনসিংহ জেলা সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম বাবু, মাইনুল হোসেন খান নিখিল ও মির্জা আজম। তালিকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নামও রয়েছে।

এছাড়া সাবেক চিফ হুইপ নূরে আলম ওরফে লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু ও নিজাম উদ্দিন হাজারী, শেখ নওশাদ সরোয়ার পিন্টু, জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালীর নামও এসেছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।

নাশকতার অর্থায়নের ক্ষেত্রেও অঞ্চলভিত্তিক কয়েকজনের নাম পাওয়া গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। ঢাকা মহানগর এলাকায় অর্থদাতা ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত হিসেবে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক ও জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জে শামীম ওসমান ও ইমন মিয়া, চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিকের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ রয়েছে।

এদিকে ডিএমপি জানিয়েছে, ঢাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে মশাল, ককটেল, লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।

নাশকতার বিষয়ে ডিএমপির উপকমিশনার আকতার হোসেন আমার দেশকে বলেন, বিভিন্ন সময় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নাশকতা ও সহিংসতায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন স্থাপনার নিরাপত্তা, টহল ও তল্লাশিও জোরদার করা হয়েছে।

ঢাকা বিচ্ছিন্ন করার ভয়ানক পরিকল্পনা

আগামীকাল বৃহস্পতিবারের কথিত লকডাউন ঘিরে অন্তত ২৯টি জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামতে পারে বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুরের টঙ্গী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। তারা ১৯ নভেম্বর ও আগামী ডিসেম্বরে মাঠে নামার পরিকল্পনা নিয়েছে। এছাড়া গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসির মোড়লের নেতৃত্বে ১৯ নভেম্বরকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের বাইরে বড় ধরনের কর্মসূচির পরিকল্পনা রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রীপুরের কয়েকটি এলাকায় দায়িত্ব বণ্টনের কথা জানা গেছে।

এসব কর্মকাণ্ডে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনার বিষয়েও অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকাকেও সম্ভাব্য রাজনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর অনুসারীদের মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বাবুর ব্যক্তিগত সহকারী ওয়ালীউল্লাহ গ্রেপ্তার হওয়ার পর তার স্থানে আড়াইহাজারের আলী হোসেন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রূপগঞ্জও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। রাজধানীর প্রবেশপথ এবং বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় সম্ভাব্য অবরোধ, বিশৃঙ্খলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেখানে বিশেষ নজরদারি রাখা হয়েছে। কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের ক্যাডার বাহিনী ও নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় শামীম ওসমানের বাহিনী মাঠে নামার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এসব এলাকায় সশস্ত্র ক্যাডারদের নেতৃত্বে আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে।

এছাড়া গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম জেলা ও মহানগর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, পিরোজপুর, বাগেরহাট ও মোংলা এবং খুলনা সদর, বরিশাল, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ ২৯ জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

এদিকে পুলিশ সদর দপ্তর জানায়, গত ১০ দিনে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।

মিরপুরে সড়ক অবরোধ, টঙ্গীতে কারখানায় ছুটি

গতকাল রাজধানীর পল্লবী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নেওয়ায় মিরপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাইকিং করে তাদের সরে যাওয়ার আহ্বান জানায়। একপর্যায়ে মিরপুর-১০ ও ১৩ নম্বর এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে অনেক শ্রমিক বাড়ি ফিরে যান। তবে তাদের একাংশ পল্লবী-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মিরপুর-১০ ও ১ নম্বরের দিকে চলে যান। প্রায় দুই সপ্তাহ ধরে মিরপুর এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে।

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা, সাতাইশ, খরতৈল ও রাজনগর এলাকায়ও গতকাল উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে শ্রমিক নামধারী কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা ও এরশাদনগর এলাকায় অবরোধ করেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। পরিস্থিতি এড়াতে এসব এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে, গতকালও রাজধানীর উত্তরায় পাসপোর্ট অফিসে অগ্নিসংযোগ করা হয়। মিরপুর থানার সামনে ও শাহজাদপুরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

‎সাভার-আশুলিয়ায় সংঘর্ষ, গাজীপুরে যানজট

সাভার ও আশুলিয়ায় গতকাল সকাল থেকেই শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি কারখানার শ্রমিক একত্রিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া ও উলাইল এলাকায় অবরোধ করেন। উলাইল এলাকার শ্রমিকরা একপর্যায়ে সরে গেলেও রাজফুলবাড়িয়ায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে তারা আরো মারমুখী হয়ে হামলা চালান।

এর আগে রাজফুলবাড়িয়া এলাকায় ডেলিকেট নামের একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা। তারা কারখানার দরজা-জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি ভেতরে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে প্রতিষ্ঠানটি বন্ধ রাখার জন্য চাপ দেন। পরে কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করে।

শ্রমিক বিক্ষোভের কারণে সাভার ও আশুলিয়ায় ২৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে আটটি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখা হয়েছে এবং ১৫টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশের এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অর্ধশতাধিক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে।

সরকারের উদ্যোগের পরও থামছে না অসন্তোষ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পুলিশ সূত্র জানায়, তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। গত ১ নভেম্বর ছয় সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি রাখা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণ এবং জানুয়ারি থেকে তা কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে নীতিগত ঐকমত্য হয়েছে।

গতকাল ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, আগামী ২৩ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে। তবে যখনই মজুরি ঘোষণা করা হোক, তা ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা ওই মাস থেকেই নতুন বেতন পাবেন।

শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করেছে সরকার। বিজিএমইএ, বিকেএমইএ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলোচনা হয়েছে। সহিংসতায় নিহত দুই শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

শিল্পাঞ্চলে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি মোতায়েনের পাশাপাশি ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড।

এর আগে শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া নাশকতায় জড়িত সন্দেহে আরো অন্তত ১২৩ জনকে শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তৈরি পোশাক রপ্তানিকারকদের দাবি, চলমান শ্রমিক বিক্ষোভের কারণে ১২১টি কারখানা বন্ধ রয়েছে। ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৫২৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এতে অন্তত ৯ লাখ ৮৭ হাজার ১৯০ শ্রমিককে কর্মস্থল ছাড়তে হয়েছে। তাদের আশঙ্কা, এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে শিল্প খাতের সংকট আরো গভীর হবে।

সংশ্লিষ্টরা দাবি করছেন, পোশাকশ্রমিকদের বিষয়ে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠনসহ যেসব উদ্যোগ নিয়েছে, তাতে শ্রমিক আন্দোলন বন্ধ হওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগের পলাতক নেতারা সেটা বন্ধ হতে দিচ্ছে না; বরং তারা সেটা উসকে দিচ্ছে। এজন্য তারা বিপুল অর্থ ব্যয় করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!