• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

যে ইতিহাস এড়িয়ে গেছেন সোনিয়া গান্ধী

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৮: ৪১

সোনিয়া গান্ধীর লেখা স্মৃতিকথা ‘বিলংগিং : অ্যা জার্নি অফ লাভ’ (Belonging : A Journey of Love) সম্প্রতি প্রকাশিত হয়েছে। সম্ভবত এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা ছিল এটি। কারণ, তিনি এমন একজন মানুষ, যিনি প্রায় ছয় দশক ধরে দিল্লির ক্ষমতার অলিন্দে কাটিয়েছেন। অথচ তার বিষয়ে এবং তিনি যে জগতে বাস করতেন, সে সম্পর্কে খুব কম তথ্যই জানে মানুষ।

দুজন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীকে একই বাড়িতে থেকে খুব কাছ থেকে দেখেছেন এবং তাদের ব্যক্তিগত জীবনের অংশীদার হয়েছেন সোনিয়া। এছাড়া কংগ্রেসদলীয় সাবেক দুই প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও এবং মনমোহন সিংয়ের মতো নেতাদেরও তিনি দেখেছেন সুবিধাজনক অবস্থান থেকে। একবিংশ শতাব্দীর প্রথম ১৫ বছর তিনি সম্ভবত ভারতের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিবিদ ছিলেন, যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে না বসেও ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন।

কিন্তু তারপরও সোনিয়া সবার কাছে এক রহস্যময় ব্যক্তিত্বই রয়ে গেলেন। তিনি খুব কম কথা বলতেন এবং কঠিন প্রশ্নের মুখোমুখি হতে চাইতেন না। মানুষ তাকে এমন শ্রদ্ধা করত, যা প্রায় ভক্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। অনেকেই আশা করেছিলেন, তার এই স্মৃতিকথা হয়তো সেই রহস্যের পর্দা উন্মোচন করবে। কিন্তু শেষ পর্যন্ত মানুষের সেই প্রত্যাশা পূরণ হয়নি। সেদিক থেকে বিচার করলে ‘বিলংগিং’ এক বিশাল হতাশার নাম। এর কারণ এটা নয়, সোনিয়ার কাছে জানানোর মতো কোনো তথ্য নেই, বরং তিনি সম্ভবত সচেতনভাবেই এমন কিছু প্রকাশ করতে চাননি, যাতে নেহরু-গান্ধী পরিবারের ইমেজের ক্ষতি হয়। আর এ কারণেই বইটি শেষ পর্যন্ত শুধু নিজের ইমেজ রক্ষার এক সুপরিকল্পিত প্রচেষ্টায় পরিণত হয়েছে। অথচ এটি একটি অসাধারণ রাজনৈতিক স্মৃতিকথা হতে পারত।

অবশ্য বইটির শুরুতেই সোনিয়া জানিয়েছেন, ক্যামব্রিজে প্রথম দেখাতেই তিনি রাজীব গান্ধীর প্রেমে পড়েছিলেন। এরই ধারাবাহিকতায় ১৯৬৫ সালের জুন মাসে তিনি রাজীবের মা ইন্দিরা গান্ধীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথা এবং কীভাবে তিনি রাজীবের সঙ্গে সম্পর্কের বিষয়ে তার বাবাকে রাজি করিয়েছিলেন, তার বর্ণনা দিয়েছেন।

কিন্তু বর্ণনার ধারা যত বেশি রাজনৈতিক ক্ষমতার দিকে এগিয়েছে, সোনিয়া ততই সতর্ক হয়ে উঠেছেন। এ সম্পর্কে ১৯৭৫ সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির বিষয়ে তার বয়ান এখানে উল্লেখ করা যেতে পারে। সে সময়ে ইন্দিরার সরকারের বাড়াবাড়ি করার নানা ঘটনায় ছোট ছেলে সঞ্জয় গান্ধীর ভূমিকা নিয়ে সোনিয়া লিখেছেন, এলাহাবাদ হাইকোর্টের রায়ের পর ইন্দিরা যখন জরুরি অবস্থা জারির কথা ভাবছিলেন, তখন রাজীব তাকে বারবার নিষেধ করেন। রাজীবের যুক্তি ছিল, জরুরি অবস্থা জারি না করে বরং পদত্যাগ করলে দীর্ঘ মেয়াদে ইন্দিরার অবস্থান আরো শক্তিশালী হবে। কিন্তু সঞ্জয় এর বিরোধিতা করে বলেন, বিরোধীরা ‘মা (ইন্দিরা) এবং দলকে (কংগ্রেস) ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে’। ইন্দিরা শেষ পর্যন্ত সঞ্জয়ের পক্ষ নিয়ে জরুরি অবস্থা জারি করেন।

১৯৭৭ সালের নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর রাজীব নাকি সঞ্জয়কে বলেছিলেন, ‘আমি তোমাকে ক্ষমা করতে পারব না সঞ্জয়, তুমি মাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছ।’ ইন্দিরাও সম্ভবত একই মত পোষণ করেছিলেন এবং তিনি সঞ্জয়কে এই মর্মে অভিযুক্ত করেছিলেন, তার অগোচরেই সঞ্জয় নানা নির্দেশ জারি করতেন। সমালোচকরা সোনিয়ার এই বর্ণনাকে ‘সুবিধাবাদী রাজনীতি’ বলে অভিহিত করতে পারেন। কারণ অনেক আগে মারা যাওয়া সঞ্জয় এখানে সব দোষে দোষী, অন্যদিকে রাজীব হয়ে উঠেছেন গণতান্ত্রিক প্রজ্ঞার কণ্ঠস্বর। ভারতীয় গণতন্ত্রের ওপর অন্যতম ভয়াবহ আঘাতটিকে সোনিয়ার বর্ণনায় নিছক একটি পারিবারিক মতপার্থক্যের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, যেখানে সোনিয়ার স্বামী ইতিহাসের ‘সঠিক পক্ষে’ অবস্থান করছেন।

সঞ্জয়ের স্ত্রী মেনকা গান্ধীর বিষয়ে সোনিয়ার অভিযোগÑমেনকা সাংবাদিকদের মাধ্যমে নানা বিদ্বেষপূর্ণ গল্প ছড়িয়েছিলেন, যার মধ্যে একটি ছিলÑ১৯৭৭ সালের নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর রাজীব ও সোনিয়া ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পরিবারের সঙ্গে মেনকার দূরত্ব তৈরির ক্ষেত্রে সোনিয়ার ভূমিকা কী ছিল, তা এই স্মৃতিকথায় নেই। কিন্তু ইন্দিরা গান্ধীর জীবনীকার পুপুল জয়াকর এ সম্পর্কে তার ‘ইন্দিরা গান্ধী’ গ্রন্থে লিখেছেন, বিমান দুর্ঘটনায় সঞ্জয়ের মৃত্যুর পর ইন্দিরা তরুণী বিধবা মেনকাকে কাজে ব্যস্ত রাখার জন্য নিজের সচিব করতে প্রস্তাব চেয়েছিলেন। কিন্তু বিষয়টি সোনিয়াকে ক্ষুব্ধ করে। সোনিয়া ও ইন্দিরার মধ্যে এ নিয়ে চিঠি চালাচালিও হয়। শেষ পর্যন্ত ইন্দিরা মেনকাকে সচিব করার প্রস্তাব প্রত্যাহার করেন।

অন্যদিকে, রশিদ কিদওয়াই তার ‘সোনিয়া : অ্যা বায়োগ্রাফি’ গ্রন্থে লিখেছেনÑ‘সোনিয়া হয়তো রাজনীতিতে মেনকার প্রবেশ আটকে দিয়েছিলেন, আবার সঞ্জয়ের শূন্যস্থান পূরণ করতে রাজীব রাজনীতিতে আসুক, সেটিও চাননি। একপর্যায়ে তিনি এই বলে হুমকি দিয়েছিলেন যে, রাজীব রাজনীতিতে যোগ দিলে তিনি তার জীবন থেকে চিরতরে চলে যাবেন।’ রাজীবের রাজনীতিতে আসার বিরোধিতা করাটা সোনিয়ার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক।

ইন্দিরার হত্যাকাণ্ডের পর রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন সোনিয়া। তিনি স্মৃতিচারণ করে বলেছেন, আমি কান্নায় ভেঙে পড়েছিলাম, হাতজোড় করে বলেছিলামÑ‘ওরা তোমাকে মেরে ফেলবে, ওরা তোমাকে মেরে ফেলবে!’ উত্তরে তিনি বলেছিলেন, ‘ওরা তো এমনিতেই আমাকে মেরে ফেলবে।’ এই মর্মস্পর্শী কথোপকথনের সাত বছর পর রাজীব গান্ধী হত্যাকাণ্ডের শিকার হন।

কিন্তু পুরো বইয়ে সোনিয়া তার নিজের জীবন ঘিরে থাকা বড় প্রশ্নগুলোকে সযত্নে এড়িয়ে গেছেন। উদাহরণস্বরূপ, এখানে তার ভারতীয় নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করা যায়। ১৯৬৮ সালে রাজীবকে বিয়ে করার ১৫ বছর পর ১৯৮৩ সালের ৩০ এপ্রিল তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। কেন এই বিলম্ব সে বিষয়ে স্মৃতিকথায় সোনিয়া বলেছেন, তিনি তার ইতালীয় পাসপোর্টটি রেখে দিয়েছিলেন। কারণ, ‘এটি ছিল আমার সত্তার এমন একটি অংশ, যা আমি ভারতে নিয়ে এসেছিলাম ইতালি থেকে, যে দেশের জন্য আমার বাবা লড়াই করেছিলেন।’ পরে, রাজীব যখন ‘রাজনীতিতে সক্রিয় হন, তখন মনে হলো বিষয়টিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার এটাই উপযুক্ত সময়।’

তার এই ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে অমীমাংসিতই রেখে দেয়, যিনি তখনো ভারতীয় নাগরিকত্ব পাননি, তিনি কীভাবে এত দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বসবাস করলেন? নিজের জন্মভূমির প্রতি টান ভারতীয় নাগরিকত্ব অর্জনে দীর্ঘ বিলম্বের অজুহাত হতে পারে না, বিশেষ করে এমন একজনের ক্ষেত্রে যিনি ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

এর চেয়েও বিস্ময়কর বিষয় হলো, বইটিতে বহুল আলোচিত বোফর্স কেলেঙ্কারি ইস্যুটি জায়গা পেয়েছে মাত্র সোয়া এক পৃষ্ঠায় এবং এতে এই বিমান কেনার সঙ্গে সংশ্লিষ্ট ইতালীয় ব্যবসায়ী ওত্তাভিও কোত্রোচ্চির কোনো উল্লেখ নেই। বইয়ে বোফর্স প্রসঙ্গে বলা হয়েছে, এটি ছিল ‘গণমাধ্যমের পরিচালিত এক বিচার… যা রাজীবকে ক্ষমতাচ্যুত করতে বদ্ধপরিকর কিছু মানুষ তার দিকে ছুড়ে দিয়েছিল।’ প্রশ্ন হলোÑরাজীব গান্ধী ও নিজেকে নিয়ে লেখা এই স্মৃতিকথায় কীভাবে সেই কেলেঙ্কারিকে এড়িয়ে যাওয়া সম্ভব, যা তাদের জীবনকে তছনছ করে দিয়েছিল এবং রাজীবের সরকারের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করেছিল?

১৯৮৪ সালের শিখ গণহত্যার বিষয়ে সোনিয়ার দৃষ্টিভঙ্গিও প্রশ্নবিদ্ধ। এই হত্যাকাণ্ডকে তিনি ‘আমাদের জাতির ইতিহাসের এক মর্মান্তিক ও লজ্জাজনক অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাজীব কোনোভাবেই নিরপরাধ পুরুষ, নারী ও শিশুদের হত্যাকাণ্ডের অনুমোদন দিতে পারেন না। কিন্তু সেই সহিংসতার সঙ্গে জড়িত কংগ্রেস নেতাদের কী হবে? জাতীয় রাজধানীতে হাজার হাজার শিখকে যে নৃশংসভাবে হত্যা করা হলো তার দায় কার?

সোনিয়া এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি বরং তিনি এর জন্য আরএসএসকে দায়ী করে লিখেছেন, ‘আরএসএসের যেসব সদস্য হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছিল।’ তিনি এই ট্র্যাজেডিকে স্বীকার করে নিয়েছেন, রাজীবকে দায়মুক্ত করেছেন এবং একই সঙ্গে নতুন খলনায়ক খুঁজে বের করার চেষ্টা করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের ক্ষেত্রেও একই পরিচিত ধারা লক্ষ করা যায়। সোনিয়া তাকে একজন ‘বিশ্বস্ত সহকর্মী’ হিসেবে বর্ণনা করে তাদের মধ্যে দীর্ঘস্থায়ী বৈরী সম্পর্ক থাকার কথা নাকচ করেছেন। তার দাবি, তাদের মধ্যে একমাত্র বড় সংঘাতটি ছিল রাজীব গান্ধী হত্যাকাণ্ডের তদন্তের ‘ধীরগতি’ নিয়ে। সত্যিই কি তাই? তাহলে ২০০৪ সালের ডিসেম্বরে নরসিমা রাওয়ের মৃত্যুর পর তার লাশ নিয়ে যে আচরণ করা হয়েছিল, এর ব্যাখ্যা কী?

বিনয় সীতাপতির লেখা ‘হাফ লায়ন’ বইয়ে এ সম্পর্কে বলা হয়েছে, রাওয়ের পরিবার চেয়েছিল তার শেষকৃত্য দিল্লিতেই সম্পন্ন করতে। কিন্তু তা না করে তার লাশ হায়দরাবাদে নিয়ে যাওয়ার দলীয় সিদ্ধান্ত দেওয়া হয়। পরদিন রাওয়ের লাশ যখন দিল্লির কংগ্রেস সদর দপ্তরের সামনে পৌঁছে, তখন সেখানকার সব গেট বন্ধ ছিল। একজন সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতির লাশ দলের অফিসে ঢুকতে দেওয়া হয়নি। শোনা যায়, সোনিয়া গেট খোলার নির্দেশ আটকে দিয়েছিলেন। কিন্তু নিজের স্মৃতিকথায় তিনি এ বিষয়ে কিছুই বলেননি।

১৯৯৮ সালের মার্চ মাসে কংগ্রেস সভাপতির পদ থেকে সীতারাম কেশরীকে সরিয়ে দেওয়ার ঘটনাটিও সোনিয়ার বর্ণনায় যেন শুধু নিজের সুবিধামতো কিছু বিষয় মনে রাখার একটি প্রয়াস। তিনি লিখেছেন, ‘কংগ্রেস সভাপতি সীতারাম কেশরীকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং ১৯৯৮ সালের ১৪ মার্চ তার জায়গায় আমি সভাপতি নির্বাচিত হই। এ সময় আমি দলের বৈঠক থেকে এক আবেগতাড়িত মুহূর্তে সরাসরি তার বাড়িতে যাই এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করি। আমার আকস্মিক উপস্থিতিতে তিনি হতবাক হন এবং অশ্রুসিক্ত চোখে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন।’

অথচ রশিদ কিদওয়াই তার বইয়ে এ ঘটনার কদর্য রূপ তুলে ধরে লিখেছেন, কেশরীর সঙ্গে দলীয় কর্মীরা রূঢ় আচরণ করেছিল। কিদওয়াইয়ের ভাষায়, ‘সভাপতি হিসেবে কেশরীর নামফলক দ্রুত সরিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এবং সোনিয়া দলীয় সদর দপ্তরে পৌঁছার অনেক আগেই তার নাম লেখা ফলক কংগ্রেস সভাপতির অফিসের বাইরে লাগিয়ে দেওয়া হয়।’ অথচ রাজনৈতিক ক্ষমতা দখলের একটি নির্মম ঘটনা সোনিয়ার বয়ানে উঠে এসেছে ভিন্নভাবে।

২০০৪ সালের মে মাসে যখন সোনিয়া প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করে মনমোহন সিংকে মনোনীত করেন, সেই ঘটনাপ্রবাহও স্মৃতিকথায় আছে। কীভাবে তিনি সেই সিদ্ধান্তে পৌঁছালেন, সে সম্পর্কে পাঠকদের নিজের মনের অন্দরে উঁকি দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি। কিন্তু তার কাছ থেকে এ বিষয়ে আরো গভীর বিশ্লেষণের প্রত্যাশা ছিল পাঠকদের, যা পূরণ হয়নি। বিষয়টি তিনি এড়িয়ে গেছেন।

শেষ কথা হচ্ছে, নিজের স্মৃতিকথা ‘বিলংগিং’-এ সোনিয়া কী প্রকাশ করেছেন, তার চেয়ে বরং কী গোপন করেছেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যে রাজনৈতিক বংশধারাকে তিনি টিকিয়ে রাখতে সাহায্য করেছেন, তার পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ বয়ান এই বইয়ে উঠে আসা উচিত ছিল, কিন্তু তা আসেনি।

ফার্স্টপোস্ট অবলম্বনে মোতালেব জামালী

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!